০৮:৪৮ পি.এম
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সকলে মিলে মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলে থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের জন্য সহায়তা ও প্রয়োজনীয় আশ্বাস প্রদান অত্যন্ত জরুরি। অনেক সম্প্রদায়ের মানুষ জানেন না এটি একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সঠিক ও সময়োপযোগী চিকিৎসার মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তি সুস্থ জীবন যাপন করতে পারেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি রোগটির মোকাবিলা করতে সারা দেশে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য একটি নির্ভুল ডেটাবেজ (রেজিস্ট্রি) তৈরির প্রস্তাব দেন। ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশজুড়ে এসব রোগীদের জন্য একটি কেন্দ্রীয় তালিকা তৈরি করা প্রয়োজন। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করা সব সময় সম্ভব নয়, তবে তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য আন্তরিক সহমর্মিতা প্রদান ও সেবার হাত বাড়াতে হবে।
সচেতনতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন এবং বলেন, গর্ভকালীন পরীক্ষা বা যেকোনো বয়সে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এ রোগটি নির্ণয় করা সম্ভব। সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত থ্যালাসেমিয়া শনাক্তকরণ ও সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদের এই রোগের উপসর্গ ও চিকিৎসার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের গুরুত্ব দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি তাঁর কন্যা জাইমা রহমানের কথা উল্লেখ করে জানান, জাইমা একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা এবং তিনি এ পর্যন্ত সাতবার রক্তদান করেছেন।
অনুষ্ঠানটিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি প্রকৌশলী এম এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া বিশেষ আমন্ত্রণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন