ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মায়ের জন্য নতুন ঘরের স্বপ্ন নিয়ে ঢাকায় এসে লাশ হয়ে ফিরলেন মেহেদী হাসান


মায়ের জন্য নতুন ঘরের স্বপ্ন নিয়ে ঢাকায় এসে লাশ হয়ে ফিরলেন মেহেদী হাসান

"মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব"—এই প্রতিশ্রুতি নিয়ে ঢাকায় নির্মাণশ্রমিকের কাজে এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। তার লক্ষ্য ছিল পরিবারের অভাব দূর করা এবং জরাজীর্ণ ঘরটি সংস্কার করা। কিন্তু তার স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় একটি প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান এই তরুণ।

মেহেদী নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের হাজীপাড়া গ্রামের দিনমজুর এরশাদুল হকের ছেলে। তিনি ডোমার সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তিনি ইশারায় কথা বলতেন। পড়াশোনার পাশাপাশি নির্মাণশ্রমিকের কাজ করে পরিবারকে সহায়তা করতেন। অবসরে কাগজের ফুল তৈরি করে গ্রামীণ মেলা ও বিভিন্ন দোকানে বিক্রি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মেহেদী কয়েকজন নির্মাণশ্রমিকের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। ওই দিন বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে আসরের নামাজ শেষে ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মেহেদীর মা মিনু বেগম জানান, প্রচণ্ড গরমের কারণে এর আগে ছেলে ঢাকায় যেতে চাইলেও তাকে যেতে দেননি। পরে আবহাওয়া কিছুটা ঠান্ডা হলে সোমবার রাতে কাজে পাঠান। যাওয়ার সময় মেহেদী বলেছিলেন, ঢাকায় কাজ করে টাকা জমিয়ে ঈদের আগে বাড়ি ফিরবেন। সেই টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটি ঠিক করবেন।

মিনু বেগম বলেন, "আমার ছেলে ভালো করে কথা বলতে পারত না, কিন্তু সবকিছু বুঝত। ভেবেছিলাম ঢাকায় গিয়ে কিছু আয়-রোজগার করলে সংসারে সচ্ছলতা আসবে। বাড়ির ঘরটাও ঠিক করবে। কিন্তু যাওয়ার এক দিনের মাথায় আমার ছেলে লাশ হয়ে ফিরল।"

স্বজনরা জানান, মেহেদী এর আগেও নির্মাণশ্রমিকের কাজ করতে ঢাকায় আসতেন। নিজের খরচ বাদ দিয়ে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বাড়িতে পাঠাতেন। বাবার সামান্য আয় ও মেহেদীর উপার্জনেই চলত তাদের সংসার।

মেহেদী তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। বড় ভাই ও ছোট বোনের বিয়ে হয়েছে। তিনি বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। পরিবারের আর্থিক সংকটের পাশাপাশি পুরোনো ঘরটি সংস্কারের দায়িত্বও নিজের কাঁধে নিয়েছিলেন মেহেদী।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মেহেদীর বাবা এরশাদুল হক বলেন, "সোমবার রাতে আমি নিজে তাকে ঢাকার গাড়িতে তুলে দিলাম। আজ তার লাশ বাড়িতে এসেছে। এটা আমার বিশ্বাস হচ্ছে না। এভাবে আমার বাবাকে হারাব জানলে তাকে ঢাকায় যেতে দিতাম না। এখন আমার সব শেষ হয়ে গেল।"

মেহেদীর ফুফাতো ভাই সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, "তাদের ১০ শতক জমির ভিটেটুকুই সম্বল। বাবার দিনমজুরি ও মেহেদীর উপার্জনে চলত সংসার। বাক্‌প্রতিবন্ধী হলেও মেহেদীর মধ্যে অনেক প্রতিভা ছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসতেন।"

বুধবার দুপুরে মেহেদীর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। বাড়ির সামনে স্বজন ও প্রতিবেশীরা শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন। পরে বিকেলে হাজীপাড়া কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে গাড়ির চালকের আসনের দিক থেকে এক কিশোরকে বের হতে দেখা যায়। তবে প্রথম দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং মামলায় তার নামও ছিল না।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

মামলায় গাড়িটির মূল চালক হিসেবে আকাশ মারক নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তবে পরে তদন্তে চালকের আসনে থাকা কিশোরের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তার কিশোরের নাম আজান আলী শরীফ (১৭)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দুর্ঘটনার সময় গাড়িটি আসলে কে চালাচ্ছিল এবং প্রথমে আটক করার পর ওই কিশোরকে কেন মামলায় আসামি করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য, ভিডিও ফুটেজসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে শি জিনপিং ও ট্রাম্পের নজিরবিহীন আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


যুক্তরাষ্ট্রে শি জিনপিং ও ট্রাম্পের নজিরবিহীন আয়োজন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে চীনা প্রেসিডেন্টের বিমান থেকে নামার পর ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে অভ্যর্থনা জানান।

সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা বিদেশি রাষ্ট্রপ্রধানদের হোয়াইট হাউসে স্বাগত জানান, কিন্তু শির সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে ট্রাম্প ও মেলানিয়া ওয়াশিংটনের বাইরে মেরিল্যান্ডের ওই সামরিক ঘাঁটিতে যান। সেখানে শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিইউয়ানকে করমর্দনের মাধ্যমে স্বাগত জানান তারা।

শিকে স্বাগত জানাতে ছিল জমকালো রাষ্ট্রীয় আয়োজন। প্রায় ১০০ ফুট দীর্ঘ লালগালিচা, দুই দেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে উপস্থিত ছিলেন। এ সময় দুটি বি-১ বোমারু বিমান দিয়ে সামরিক ফ্লাইপাস্টও করা হয়।

এর আগে বুধবারই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও চীন সাময়িক বাণিজ্যিক সমঝোতা ‘বাসান চুক্তি’র মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে তিনি জানান, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এ চুক্তির মেয়াদ বাড়ানো হবে। এর আগে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

শি জিনপিংয়ের সফরকে ঘিরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের সাউথ লনে আনুষ্ঠানিক অভ্যর্থনা, মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে ব্যক্তিগত চা-চক্র এবং ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

দুই দিনের এই সফরে বাণিজ্যযুদ্ধের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন, তাইওয়ান ও জলবায়ু ইস্যু এবং বিভিন্ন ভূরাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শির সম্মানে বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এতে ওপেনএআই, অ্যাপল, এক্সএআই, মাইক্রোসফট, এনভিডিয়া ও মেটাসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে অভ্যর্থনা অনুষ্ঠানে একটি অস্বাভাবিক মুহূর্তও দেখা যায়। দুই দেশের জাতীয় সংগীত চলার সময় সামরিক বিমান উড়ে যাওয়ার শব্দে ট্রাম্পকে দৃশ্যত চমকে উঠতে দেখা যায়। বিপরীতে শি জিনপিং এবং দুই নেতার স্ত্রীদের নির্বিকার থাকতে দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনলাইনে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়। তবে পরে ট্রাম্পের সহযোগীদের প্রকাশিত অনুষ্ঠানের সম্পাদিত ভিডিওতে ওই দৃশ্যটি রাখা হয়নি।

যুক্তরাষ্ট্র ও চীন দীর্ঘদিন ধরেই অত্যাধুনিক প্রযুক্তি উন্নয়নে প্রতিযোগিতা করে আসছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় এ প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে। বিশেষ করে দ্রুতগতিতে এআই উন্নয়নের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহী সতর্ক করার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে।

তবে ট্রাম্প এআই উন্নয়নের ঝুঁকি নিয়ে উদ্বেগকে নাকচ করে প্রযুক্তিতে আরও বিনিয়োগের পক্ষে অবস্থান নিয়েছেন। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, এআই ও ডেটা সেন্টার নিয়ে একটি ‘অসুস্থ ষড়যন্ত্র’ চলছে এবং এতে চীনই লাভবান হচ্ছে। তাঁর ভাষ্য, এআই প্রযুক্তিতে যে দেশ এগিয়ে থাকবে, তারাই সামগ্রিকভাবে এগিয়ে থাকবে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও বলে আসছেন, এআই প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার বিষয়টি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি প্রতিযোগিতার গুরুত্ব আরও বেড়েছে।

শির সফরে আনুষ্ঠানিকতা ও রাষ্ট্রীয় মর্যাদার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প চীন সফর করার সময় যে ধরনের রাষ্ট্রীয় সম্মান পেয়েছিলেন, শির এবারের সফরেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউসের পরিবর্তে সরাসরি তার বিমানের কাছে গিয়ে অভ্যর্থনা জানানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে ট্রাম্প শিকে বিশেষ সম্মান দেখানোর বিষয়টি স্পষ্ট করেছেন। বুধবার সকালে ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প বলেন, শি যুক্তরাষ্ট্রের মাটিতে এসেছেন, তাই তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্বাগত জানানো উচিত। সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল আসক্তির জন্য বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


মোবাইল আসক্তির জন্য বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী

রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় বাবা-মায়ের বকাঝকার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করার পর তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই ছাত্রী পড়াশোনায় মনোযোগী ছিল না এবং মোবাইল ফোনের প্রতি তার অতিরিক্ত আসক্তি ছিল। এই কারণে বাবা-মা তাকে শাসন করেছিলেন। দুই দিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরদিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি করার পর পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশের তদন্তের মাধ্যমে ওই ছাত্রীকে তার এক বান্ধবীর বাসা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের বকাঝকার কারণে অভিমান করে সে বাসা ছেড়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিল।

ভাটারা থানার জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, "বিষয়টি জানার পর তদন্ত করে ওই ছাত্রীকে তার বান্ধবীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের বকাঝকা করায় অভিমান করে ওই শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না’—মন্ত্রী জাহিদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


‘কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না’—মন্ত্রী জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ শিশুরা কিংবা স্বাভাবিক শিশুরা, কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিকসহ সকল শ্রেণির মানুষকে একত্রে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের পক্ষ থেকে নৈতিক শিক্ষার চর্চা শুরু করা প্রয়োজন। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে। সেখানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, যেকোনো জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, সরকার কারো প্রতিপক্ষ নয়, বরং সরকার ও জনগণ একে অপরের পরিপূরক ও সম্পূরক।

এ সময় সংকীর্ণ সমালোচনা পরিহার করে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিক সেবাপ্রাপ্তির ক্ষেত্রে যেসব প্রশাসনিক জটিলতার সম্মুখীন হয়, তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানালে মন্ত্রী অত্যন্ত সহমর্মিতার সঙ্গে বিষয়গুলো শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর এবং সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও ১১ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই বিমানের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


আরও ১১ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই বিমানের

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে একটি সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে আরও ১১টি অত্যাধুনিক বোয়িং উড়োজাহাজ সংগ্রহের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।

এছাড়া অনুষ্ঠানে ছিলেন আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের ইউরেশিয়া, ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাণিজ্যিক বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন মন্তব্য করেন, “আজকের এই সম্পূরক চুক্তি বিমানের চলমান বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের বহর পরিকল্পনার সুনির্দিষ্ট প্রয়োজনীয়তার আলোকে এই ক্রয়াদেশ প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে বোয়িংয়ের সঙ্গে আমাদের যে কার্যকর ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, তা উড়োজাহাজ সরবরাহ ও পরবর্তী সহায়তা ব্যবস্থাপনার বিষয়ে আমাদের আস্থা জুগিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বাংলাদেশে বসবাসকারী জনগণ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের ক্রমবর্ধমান যোগাযোগের চাহিদা পূরণে বিমানের নেটওয়ার্ক ও সক্ষমতা উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছরগুলোতে দেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও শক্তিশালী করার জন্য একটি বিস্তৃত ও সুপরিকল্পিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি সম্পাদিত হয়েছে।”

নতুন এই চুক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। এটি বিমানের পরিচালন সক্ষমতা, পরিচালনাগত নমনীয়তা ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে প্রয়োজনীয় সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও এই চুক্তি সহায়ক হবে।

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে জাতীয় বিমান পরিবহন সক্ষমতা জোরদারের লক্ষ্যে একটি আধুনিক, দক্ষ ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় অগ্রাধিকার, প্রযোজ্য আইন ও বিধিবিধান এবং বৈশ্বিক বিমান পরিবহন খাতের ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও তার বহর ও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা নিয়মিতভাবে পর্যালোচনা করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%