বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৯:৩৩ এম
ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, ফলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে উল্লেখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার কাফরুল এবং ভাসানটেক থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে নতুন নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে, দুই থানার বর্তমান অফিসার ইনচার্জদের ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এর স্বাক্ষরিত একটি কার্যালয় আদেশের মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ওই আদেশ অনুযায়ী, কাফরুল থানার বর্তমান অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে। অপরদিকে ভাষানটেক থানার বর্তমান অফিসার ইনচার্জ আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া, ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ভাষানটেক থানার নতুন ওসি হিসেবে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির কার্যালয় আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ১২টি গাঁজা গাছসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আয়েশা বেগম (৫০) একই এলাকার মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা-পুলিশের একটি দল ধরমন্ডল গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় আয়েশা বেগমের বাড়ি থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা বেগম জানিয়েছেন, তিনি বাড়িতেই গাঁজার গাছ লাগিয়ে সেগুলো থেকে গাঁজা সংগ্রহ করতেন। পরে ছোট ছোট পুরিয়ায় ভরে বিক্রি করতেন। তিনি নিজেও গাঁজা সেবন করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রতিটি মানুষের ব্যস্ত জীবনে সকল খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় এবং পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহও অন্যান্যদের মতোই বেশি। কোন খেলাটি কোথায় হচ্ছে, তা জানার জন্য সময় নষ্ট না করে দেখা উচিত এই শিডিউল। এরপর নির্ধারণ করুন, কখন কোন খেলায় আপনার চোখ রাখবেন।
আজ (বৃহস্পতিবার) কোন কোন স্যাটেলাইট চ্যানেলে কোন খেলা দেখানো হবে, সেটি একনজরে দেখে নিন।
ব্যাডমিন্টন:
ওয়ার্ল্ড ট্যুর:
সকাল ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২।
লঙ্কা প্রিমিয়ার লিগ:
কলম্বো-ক্যান্ডি:
বিকেল ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস।
গল-জাফনা:
রাত ৮টা, টি স্পোর্টস।
১ম টি-টুয়েন্টি:
ভারত-জিম্বাবুয়ে:
বিকেল ৫টা, ফ্যানকোড।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলন ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একাংশ উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, এমন ঘটনা আন্দোলনের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ সময় লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘোরানো হয়। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ