ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও বৈষম্য রোধের আহ্বান রাষ্ট্রপতির


কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও বৈষম্য রোধের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাল্যবিবাহ, শিশু নির্যাতন এবং কন্যাশিশুর প্রতি সকল ধরনের বৈষম্য রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "প্রতিটি কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠার সমান সুযোগ, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য এবং নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ে রোধ করা নৈতিক ও সামাজিক দায়িত্ব।"

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষ্যে রাষ্ট্রপতি রোববার (১১ অক্টোবর) এক বাণী প্রদান করেন। দিবসটি সোমবার (১২ অক্টোবর) পালিত হবে। এবারের প্রতিপাদ্য হলো ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।

রাষ্ট্রপতি আরও বলেন, "আজকের কন্যাশিশু জাতির ভবিষ্যৎ। তারা আগামী দিনের মানবসম্পদ এবং অফুরন্ত সম্ভাবনাময় নাগরিক।" তিনি উল্লেখ করেন, সঠিক শিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রত্যেক কন্যাশিশু পরিবার, সমাজ ও দেশের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। তবে, কন্যাশিশুর প্রতি বৈষম্য, সহিংসতা, নিরাপত্তাহীনতা ও বাল্যবিবাহের কারণে তাদের অগ্রযাত্রা ব্যাহত হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বলেন, "দেশের প্রতিটি কন্যাশিশুসহ সব শিশুর নিরাপদে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা লাভ, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং নিজস্ব প্রতিভা বিকাশের সমান সুযোগ সৃষ্টি করতে হবে।" রাষ্ট্রপতি এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন।

রাষ্ট্রপতি জানান, সরকার নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, বাল্যবিবাহ বন্ধে বাল্যবিবাহ নিরোধ কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। পাশাপাশি, দেশব্যাপী কিশোর-কিশোরী ক্লাবের সংখ্যা বৃদ্ধি এবং এগুলোকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রপতি সরকারের উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, "বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।"

তিনি আরও বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান, সমতা ও সহমর্মিতার পরিবেশ তৈরিতে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিকল্প নেই। কন্যাশিশুর মতামতের গুরুত্ব দিতে হবে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর জন্য সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রতিটি কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, "প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করাই হোক রাষ্ট্র ও সমাজের সম্মিলিত অঙ্গীকার।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ অক্টোবর খুলে দেওয়া হবে ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


১৯ অক্টোবর খুলে দেওয়া হবে ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধী সমাবেশের সমাপ্তির পর আগামী ১৯ অক্টোবর ওসমানী উদ্যান সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। দীর্ঘ ১০ বছর পর এই উদ্যানটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে।

সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঐতিহাসিক উদ্যানটির আধুনিকায়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর সেখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন’ ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা শুরুর আগে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১০ বছর পর জনগণের জন্য উন্মুক্ত হচ্ছে পার্কটি। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে হাঁটার জন্য একটি সুন্দর পরিবেশ থাকবে। নতুনভাবে সাজানো এই উদ্যানে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার নির্দিষ্ট স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রয়েছে। সচিবালয়ের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ স্থানের সৌন্দর্য আরও বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই শহীদ ও জুলাই বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব ও শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করার সুযোগ করে দেবে।

রাজধানীর বিভিন্ন ফুটপাত থেকে হকার উচ্ছেদ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, মূলত হকারদের উচ্ছেদ করা হচ্ছে না, বরং সিটি করপোরেশনের নাগরিকদের জন্য ফুটপাত চলাচলের উপযোগী করতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশনের বাসিন্দাদের নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের জন্য এই কার্যক্রম চলমান রয়েছে। যতদিন পর্যন্ত ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হবে, ততদিন অভিযান চলবে। নতুন করে যেনো হকার না বসে, সেদিকেও লক্ষ্য রাখা হবে।

প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ৫৭৮.৪ মেট্রিক টন চাল বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ৫৭৮.৪ মেট্রিক টন চাল বরাদ্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ৯৬৪টি পূজামণ্ডপে মোট ৫৭৮.৪ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার।

জেলার ৯টি উপজেলা এবং খুলনা মেট্রোপলিটন এলাকার সকল মণ্ডপে এ ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম বর্তমানে চলছে।

মহাষষ্ঠী পূজার মাধ্যমে আগামী ১৬ অক্টোবর শুরু হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল করিম জানিয়েছেন, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় শাখাগুলোর সমন্বয়ে এ চাল বিতরণ করা হচ্ছে।

দুর্গোৎসব শুরুর পূর্বে যাতে প্রতিটি মণ্ডপে বরাদ্দকৃত চাল সঠিকভাবে পৌঁছায়, সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ বিতরণ প্রক্রিয়া শেষ হবে।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু সরকারের এই সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি মন্তব্য করেন, সরকারি এই বরাদ্দ সনাতন সম্প্রদায়ের মানুষদের উৎসব পালনে বড় ধরনের সহায়তা প্রদান করবে। একইসঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্যও তিনি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকার সংস্থাও সহযোগিতার হাত বাড়িয়েছে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নগরীর ৭৭টি পূজামণ্ডপের জন্য মোট ৭ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, শনিবার বিকেলে সিটি করপোরেশনের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। নগরীর প্রতিটি মণ্ডপে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব পালিত হতে পারে, সে বিষয়ে সিটি করপোরেশন সর্বদা পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে খুলনা অঞ্চলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’

মাঠে ছন্দহীনতার পাশাপাশি লাল কার্ডের ধাক্কা এবং ব্যক্তিগত জীবনে দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে। প্রেমিকা এবং ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে দ্বিতীয় দফার সম্পর্কের ইতি টেনেছেন তারা। বিচ্ছেদের পর জুলাইয়ে আবার কাছাকাছি এলেও, সেই সম্পর্ক মাত্র তিন মাস স্থায়ী হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা জানিয়েছেন যে, সম্পর্কের ইতি টানার পেছনে কোনো ঝগড়া কিংবা বিরোধের ঘটনা নেই। দুজনের পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছেন এই জুটি।

ভার্জিনিয়ার প্রতিনিধিদের বক্তব্য, ‘এই জুটি আর একসঙ্গে নেই। কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। তারা শুধু যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে ঘিরে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। যদিও সে সময় তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। ফলে মায়ামি সফরকেই বিচ্ছেদের কারণ হিসেবে দেখার মতো নিশ্চিত তথ্য নেই।

ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্কের শুরু ২০২৫ সালের অক্টোবরে। এরপর চলতি বছরের মে মাসে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে সেই দূরত্ব দীর্ঘস্থায়ী হয়নি। জুলাইয়ে ফের কাছাকাছি আসেন তারা। নতুন করে সম্পর্ক শুরুর পর ভক্তদের মধ্যে আশার সঞ্চার হলেও, তিন মাসের মাথায় আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন তারা।

এদিকে মাঠেও স্বস্তিতে নেই ভিনিসিয়ুস। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার পাশাপাশি লাল কার্ড দেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। এর জেরে সামনে একাধিক ম্যাচে নিষিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে তার। সব মিলিয়ে মাঠের অনিশ্চয়তা এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পত্তি হস্তান্তরে নতুন বিধান, দাতার ভোগদখল সংরক্ষণের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


সম্পত্তি হস্তান্তরে নতুন বিধান, দাতার ভোগদখল সংরক্ষণের সুযোগ

সরকার নতুন ব্যবস্থা যুক্ত করেছে, যেখানে প্রচলিত হেবা বা সম্পত্তি হস্তান্তরের বিধান অপরিবর্তিত থাকবে। নতুন বিধান অনুযায়ী, নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তর করার ক্ষেত্রে দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণ করা যাবে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।

রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে প্রকাশিত পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার অধীনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের বিধান যুক্ত হয়েছে।

এছাড়া, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। নতুন এই বিধানের ফলে নির্ধারিত পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দাতার ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%