০৮:০৩ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সচিব ড. মোহাম্মদ জাকারিয়া। সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী।
উপাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাধ্যতামূলক করার পর ইতিহাস বিভাগই প্রথম এ কারিকুলাম প্রণয়ন করেছে।" তিনি আরও বলেন, বর্তমানে সব বিভাগে একই সময়ে ক্লাস শুরু হচ্ছে এবং সমন্বিত একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে।" ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। উপাচার্য ইংরেজি, তৃতীয় ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন।
প্রধান আলোচক ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, "শিক্ষার্থীদের শুধু পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।" তিনি শিক্ষার্থীদের নতুন প্রশ্ন উত্থাপন এবং সেসবের উত্তর অনুসন্ধানের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. নাছির আহমেদ ও অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বক্তব্য দেন। এ সময় কৃতী শিক্ষার্থীদের প্রথমবারের মতো একাডেমিক ‘রোল অব অনার’ প্রদান করা হয়। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্টও প্রদান করা হয়।
আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন