ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘ডেভিড ইমনের নতুন সংস্করণ’ ডেভিড জিহাদ আটক


‘ডেভিড ইমনের নতুন সংস্করণ’ ডেভিড জিহাদ আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ হিসেবে পরিচিত ডেভিড জিহাদকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয়ভাবে ডেভিড জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত। তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জানা গেছে, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ও শিক্ষক নাজিব স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে তারা বটতলী স্টেশনের ইনসাফ রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনায় জড়িত আয়ানকে আটক করেন। তবে আবদুল্লাহকে মারধরের সঙ্গে জড়িত অন্য কিশোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আয়ানকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আয়ানকে পুলিশের কাছে দেওয়ার পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মোবাইল ফোনে হুমকির একটি কল আসে বলে অভিযোগ করা হয়েছে। কলের রেকর্ডে হুমকিদাতাকে নিজেকে ‘ডেভিড জিহাদ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। এ ঘটনায় শিক্ষকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই একই ঘটনার জেরে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে নজরুল ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তাকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর আঘাত করা হয়। এ ঘটনায় ডেভিড জিহাদের নেতৃত্ব ছিল বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পরে নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গণমাধ্যমকে ডেভিড জিহাদকে আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ডেভিড জিহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় ৪৮ ঘণ্টায় ১৪ জন আটক, উদ্ধার হলো চুরি যাওয়া ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


পাইকগাছায় ৪৮ ঘণ্টায় ১৪ জন আটক, উদ্ধার হলো চুরি যাওয়া ট্রাক

খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘণ্টার মধ্যে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ চুরি হওয়া ট্রাক উদ্ধার করেছে এবং বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৪ জনকে আটক করেছে। পরে আটককৃতদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ছয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম ও কৃপাসিন্ধুসহ পুলিশের একটি দল যশোরে অভিযান চালিয়ে একটি চুরি হওয়া ট্রাক উদ্ধার করে। এ সময় ট্রাক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকার আরিফুল ইসলাম (২৮), জাহের হাসান (২৭), অনিক (৩৭) ও আরিফ হোসেন (২৭)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ট্রাকটির মালিক পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিঠুন সরকার। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৯৪-৯১। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলার বিরাশী এলাকা থেকে এসআই আজীমউদ্দীন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল রানা ডাকাতিসহ একাধিক মামলার আসামি হাসান শেখকে (৩২) গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ৯টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একটি মামলায় তার সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।

এ ছাড়া চাঁদখালীর সাহাপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাড়ুলী এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো. জলিল জোয়াদ্দারকে (৫০) আটক করা হয়েছে।

পুলিশের আরেক অভিযানে পৌরসভা এলাকা থেকে গড়ইখালীর ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, দেহব্যবসার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে সামারি ট্রায়ালে আদালত তাকে জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেন।

অন্যদিকে চাঁদখালীর দেবদুয়ার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ফারুক সানা (৫৫), মিজানুর গাজী (৫৪), শেখ কল্লোল (৫৫), সেলিম গাজী (৫৫), কেসমত (৪২) ও মিজানুর রহমান (৫৮)। পরে সামারি ট্রায়ালে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, উপজেলার বিভিন্ন এলাকা ও যশোরে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ প্রথমবার ভারত থেকে মিথানল কিনছে, আসাম থেকে রপ্তানি হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


বাংলাদেশ প্রথমবার ভারত থেকে মিথানল কিনছে, আসাম থেকে রপ্তানি হবে

স্বাধীনতার লাভের প্রায় ৮০ বছর পর, বাংলাদেশ প্রথমবারের মতো মিথানল ভারত থেকে কিনছে। জানা গেছে, আসাম থেকে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে বাংলাদেশে মিথানল রপ্তানি করা হবে। এই সিদ্ধান্তটি নিয়েছে ভারতের সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল)।

মিথানল পরিবহনের জন্য আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল। প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে জলপথে আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পাঠানোর কাজ শুরু করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান বিকুল ডেকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন, ব্রিটিশরা এ দেশ ছেড়ে যাওয়ার পর থেকে স্বাধীন ভারতে ব্রহ্মপুত্র নদ ব্যবহার করে ডিব্রুগড় থেকে জলপথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার খবর আমার জানা নেই।

তিনি আরও জানান, জলপরিবহন বিভাগের জন্য ইজারা নেওয়া দুটি জাহাজ প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে গুয়াহাটির পান্ডু ঘাটে জাহাজ দুটি মেরামত করা হয়, যাতে ডিব্রুগড়ে উৎপাদিত মিথানল নদীপথে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়।

এই পদক্ষেপের ফলে, দুটি প্রতিবেশী দেশের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য আমদানি ও রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন এপিএল চেয়ারম্যান।

এখন পর্যন্ত মিথানল পরিবহনের জন্য প্রস্তুত করা প্রথম কার্গো জাহাজ ‘ডিএলবি পাটকাই’ ডিব্রুগড়ের বগিবিল ঘাটে পৌঁছেছে।

তবে, ঠিক কোন তারিখে এই জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার পে-স্কেল নিয়ে সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


এবার পে-স্কেল নিয়ে সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সরকারি চাকরিজীবীদের পর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। তাদের জন্য শিগগিরই পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভার পর সাংবাদিকদের সামনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অর্থ মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে। এরপর বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নবম পে-স্কেলের আওতায় আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস প্রদান করে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য একটি পৃথক গেজেট জারি করা হবে। এই বিষয়ে মৌখিক আলোচনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে।

প্রধানমন্ত্রী এবং তার শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন থেকে দেশে ফেরার পর বিষয়টি গতি পেয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো প্রয়োজন। এরপর এমপিওভুক্ত জনবলকে নবম পে স্কেলের সুবিধা দিতে সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়া পর্যন্ত পৃথক গেজেট জারি করা সম্ভব হবে না।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিয়মকে এমপি নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’, তদন্ত চলমান...

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


মরিয়মকে এমপি নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’, তদন্ত চলমান...

মরিয়মের সঙ্গে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলের সখ্যতা গড়ে উঠেছিল বাড়িতে যাতায়াতের কারণে। এমপি নজরুল মৌখিকভাবে এই তরুণীকে বিয়ে করেছেন, এমন স্বীকারোক্তি আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে নেওয়া হয়, যেখানে দুই দফায় চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর নতুন করে আর রিমান্ডের আবেদন না করে তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই চলছে এবং আসামিকে জামিনে মুক্তি দিলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলে আটক রাখা প্রয়োজন।

নজরুলের পক্ষে জামিনের আবেদনও করা হয়েছিল, কিন্তু শুনানি শেষে বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নামঞ্জুর করে নজরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর দুই দফায় আট দিন রিমান্ড শেষে নজরুল বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে, গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নজরুল তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই মরিয়মকে বিয়ে করেন তিনি। তবে মরিয়মকে বিয়ে করার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এমন অভিযোগ উঠেছিল যে, ভিডিও প্রকাশের পর তিনি সাতক্ষীয়রা বিয়ের নিবন্ধন করিয়েছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, গত ১৭ জুন মরিয়মকে কালেমা পড়ে মৌখিকভাবে বিয়ে করেছেন বলে নজরুল জানিয়েছেন। বিয়ের নিবন্ধন পরে করা হয়। মরিয়মের পরিবারের সঙ্গে নজরুলের আত্মীয়তার সম্পর্কের বিষয়টি আগেই প্রকাশ হয়েছিল। মরিয়মের বাবা মাসুম বিল্লাহ সম্পর্কে নজরুলের ভাগ্নে হন এবং মরিয়মের মামা ওবায়দুর রহমান নজরুলের গাড়ি চালাতেন।

নজরুল বলেছেন, মরিয়মের পরিবারের সঙ্গে আত্মীয়তার সূত্রে ঢাকার মিরপুরে তাদের বাড়িতে যাতায়াতের কথা। আসামি ঢাকায় এলেই বাদীর বাসায় রাতযাপন করতেন এবং সংসদের কাজকর্ম পরিচালনা করতেন। এই সুবাদে মরিয়মের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন।

গত জুলাইয়ে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর নজরুল মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক এলাকার ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মকে নিয়ে থাকা শুরু করেন। গত ২০ সেপ্টেম্বর ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষে কিছু চিরকুটও পাওয়া যায়, যেখানে নজরুলের বিরুদ্ধে নানা অভিযোগের বয়ান ছিল, যেগুলো মরিয়মের লেখা বলে পুলিশের ধারণা।

মরিয়মের বাবা মাসুম বিল্লাহ সেদিনই শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নজরুলের পাশাপাশি তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকেও আসামি করা হয়। মাসুম নিজের শ্যালক ওবায়দুরকেও আসামি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, নজরুলের সঙ্গে মরিয়মের বিয়েতে ওবায়দুরই কলকাঠি নেড়েছিলেন। বিয়ের পর নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন মরিয়মের ওপর। মামলার আগেই পুলিশ নজরুল ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছিল এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়। ওবায়দুরকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

গত জুলাইয়ে ভিডিও প্রকাশ পাওয়ার পর ওবায়দুর নজরুলের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন, যেখানে তাকে হত্যার জন্য চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়। ওবায়দুরের দাবি, মেয়েকে সংসদ সদস্য নজরুলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন মরিয়মের বাবা-মা। তখন তিনি বাধা দিয়েছিলেন। দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর বিতর্ক ওঠায় নজরুলকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করে, তবে তার সংসদ সদস্য পদ এখনও টিকে আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%