১০:১৫ পি.এম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রধান আসামি মো. ফরহাদ ওরফে কোম্পানীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ভুক্তভোগীর বাবাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগও করা হয়েছে।
রোববার (১২ জুলাই) পুলিশ আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানিয়েছে। আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ জুলাই বালিয়াডাঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে জানানো হয়েছে, প্রধান আসামি কয়েক মাস ধরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। কিশোরী রাজি না হওয়ায় ২৫ জুন আসামি তার সহযোগীদের নিয়ে তাকে বিদ্যালয়ে যাওয়ার পথে জোর করে তুলে নিয়ে যায়। পরে তার থেকে বিভিন্ন কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় এবং ধর্ষণের অভিযোগ করা হয়। কিশোরী ঘটনাটি পরিবারের কাছে জানালে তারা প্রতিবাদ জানায়। এরপর আসামিরা জাল কাবিননামা তৈরির দাবি করে এবং মামলা করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এই ঘটনার কিছুদিন পর ভুক্তভোগীর বাবা আবুল কাসেমের ওপরও হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এজাহারে দাবি করা হয়েছে যে, অপহরণ, ধর্ষণ, হামলা এবং ধারাবাহিক হুমকির কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আবুল কাসেম ৫ জুলাই আত্মহত্যা করেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজার এলাকা থেকে র্যাব-১৩-এর সহযোগিতায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সমর্থনে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু বক্কর জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এই অবস্থায় আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন