০৫:০৯ পি.এম
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক দেশসেরা হয়েছেন। নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২১১.৫ শতাংশ কাজ করে দেশের শীর্ষে রয়েছে তার উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুলাই মাসে বরিশাল বিভাগ প্রথম স্থান অধিকার করেছে। নিবন্ধন কার্যক্রম লক্ষ্যমাত্রার ৭৭.৫ শতাংশ কাজ করে তারা এক নম্বরে চলে এসেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বরিশাল বিভাগের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ১৪৮৯৬টি ও ৫০৬৪টি; যার মধ্যে অর্জিত হয়েছে ৯৮৮৩ টি ও ৪৪৮৮টি। জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জনের হার ৭৭.৫ শতাংশ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এদিকে রংপুর বিভাগ দ্বিতীয় স্থান অর্জন করেছে, যার অর্জন ৬৫.৮ শতাংশ।
জেলা ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১১৩.৯ শতাংশ কাজ করে প্রথম হয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২৬৯২টি, তারা করেছে ২১৯৯টি। মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ৭৩০টি, তারা করেছে ১০৬৭টি। জন্ম-মৃত্যু নিবন্ধনে পটুয়াখালীর জেলার অর্জন ১১৩.৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। জন্ম-মৃত্যু নিবন্ধনে তাদের অর্জন ১০৩.৬ শতাংশ।
জুলাই মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয় ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, অর্জিত হয়েছিল ৩১৮টি। শতাংশের হিসাব বের করলে অর্জন ২৭৪ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২১১.৫ শতাংশ; যেটা ছিল সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে। উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান রয়েছে খুলনা জেলার দাকোপ উপজেলার। জন্ম-মৃত্যু নিবন্ধনে যাদের অর্জন শতকরা ১৩০ শতাংশ।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক সময় সংবাদকে বলেন, ‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।’
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব সময় সংবাদকে জানান, ‘জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশের মধ্যে বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা প্রথম হওয়া সত্যি সুখের খবর। জন্ম-মৃত্যু নিবন্ধনে এ অঞ্চলের মানুষের আগ্রহ কম। সেই জায়গা থেকে ডিসি, ইউএনও ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতায় আমরা এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।’
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সফলতা আনতে প্রতি মিটিংয়েই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে পরামর্শ দেয়া হয় বলেও জানান মো. আহসান হাবীব।
উল্লেখ্য, গত ২ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও হয়েছিলেন। জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল আর বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন