ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তি হওয়া শিক্ষার্থীরা যোগ দেবে


আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তি হওয়া শিক্ষার্থীরা যোগ দেবে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন ২ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলেছিল। এই ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।

মনোনীত শিক্ষার্থীদের ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম ধাপের ফল ১৬ সেপ্টেম্বর রাতে প্রকাশিত হয়। একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হয়।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার অনলাইন নম্বরপত্রের কপি, প্রবেশপত্র, সদ্য তোলা দুই থেকে চার কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর দিতে হয়েছে।

এবার প্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর ও বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি মাধ্যমে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। জেলা সদর এলাকায় বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৩ হাজার টাকা ও ইংরেজি মাধ্যমে ৪ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা মাধ্যমে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি মাধ্যমে ৩ হাজার টাকা নেওয়া যাবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, কলেজগুলোর মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এই কোটাপদ্ধতি শুধুমাত্র ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।

প্রথম ধাপে কোনো কলেজে মনোনয়ন না পাওয়া, আবেদন না করা, নির্বাচিত হয়েও নিশ্চায়ন না করা কিংবা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে। দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর শুরু হবে এবং চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপের ফল ১ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় দফা স্থানান্তরের ফল ৪ অক্টোবর রাত ৮টায় প্রকাশ হবে। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন ফি দিতে হবে না। তারা অনলাইনে প্রবেশ করে পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন অথবা নতুন কলেজ যুক্ত করতে পারবেন। এ ধাপে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন।

আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করতে হবে। সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

আজ (২৪ সেপ্টেম্বর) থেকে প্রথম ধাপে ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের কলেজে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পরবর্তী সময়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত, চ্যালেঞ্জ নিতেও অভ্যস্ত’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


‘আমি যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত, চ্যালেঞ্জ নিতেও অভ্যস্ত’

১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহের শান্তিডাঙ্গা-দুলালপুরে স্বাধীনতার পরবর্তী প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে মানসম্মত উচ্চশিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে জ্ঞান সঞ্চারণ ও নতুন জ্ঞানের উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা-গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করা হয়েছে। দ্রুত অগ্রসরমান বিশ্বের সঙ্গে পরিচিতি ঘটানো এবং জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নেতৃত্বদানের উপযোগী সৎ, নৈতিক মূল্যবোধসম্পন্ন, বিজ্ঞানমনস্ক, সৃজনশীল, অসাম্প্রদায়িক, উদারনৈতিক, মানবমুখী, দূরদর্শী ও প্রগতিশীল নাগরিক সৃষ্টি করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতির আলোকে উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে পাঠদান করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

‘গবেষণাধর্মী, বাস্তবানুগ উচ্চশিক্ষাই হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে ১৭৫ একর জুড়ে সবুজ ঘেরা বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য পূরণে নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, অ্যাকাডেমিক মানোন্নয়ন, গবেষণা, আসন্ন সমাবর্তন ও আন্তর্জাতিক সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আরটিভি’র ইবি সংবাদদাতা রবিউল আলমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

আরটিভি: আপনি দায়িত্ব নেওয়ার পরে কী কী দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেছেন?

উপাচার্য: আমি দায়িত্ব গ্রহণের পর ইউরোপ কান্ট্রি যথা ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেনে গিয়েছি। সেখানে চারটি ইউনিভার্সিটিতে কাজ করেছি। সফরের মূল উদ্দেশ্য ছিল— শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও কীভাবে গতিশীল করা যায় তা নিয়ে কাজ করা। ধারাবাহিকতায় ওখান থেকে ফিরে এসে আমি কিছু ইনিশিয়েটিভ নিয়েছি; তন্মধ্যে নতুন শিক্ষার্থীদের জন্য একটি বড় ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন, জাপানিজ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি, বিশেষ করে ২+২ প্রোগামের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর তৃতীয় ভাষা হিসেবে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালুকরণ অর্থাৎ কনফুসিয়াস সোসাইটি নামে তৃতীয় ভাষা চালুর ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ক্যারিয়ার সম্পর্কিত ব্র্যাকের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। যেখানে ‘ক্যারিয়ার হাব’ প্রতিষ্ঠা লাভ করবে। এটি একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। যেখানে শিক্ষার্থীরা দক্ষতা, কর্মস্পৃহা ও স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে। আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে যেটি আগামী মাসের ৩ তারিখ অনুষ্ঠিত হবে— ‘বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশান’। যেখানে মাননীয় অর্থ উপদেষ্টা উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রায় ২০টি সুনামধন্য কোম্পানি অংশ নেবেন। এতে তিনটি উদ্দেশ্য— প্রথমত কোম্পানির সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্ন সহজকরণ, দ্বিতীয়ত ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু কোর্সে কারিকুলাম অনুপ্রবেশ করানো এবং তৃতীয় কোম্পানিগুলো ডিমান্ড অনুযায়ী শিক্ষার্থীদের তৈরি করা। আগামী অ্যাকাডেমিক কাউন্সিলে এগুলো উত্থাপন করা হচ্ছে। ইন্টারনাল পজিটিভ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন- পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছু বৃক্ষরোপণও করেছি। আগামী ২৯ তারিখ ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরেকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরটিভি: দায়িত্ব গ্রহণের পর কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন?

উপাচার্য: আমি যোগদান গ্রহণের পর অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। প্রথম চ্যালেঞ্জ ছিল বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে দায়িত্ব নেওয়া। শুরুতে এতটাই খারাপ অবস্থা ছিল যে বেতনভাতা দেওয়ার মতো সামর্থ্য ছিল না। জাস্ট আমার আগের প্রশাসন কোনো কিছু যাচাই-বাছাই ছাড়া ডেইলি লেবার হিসেবে ১৬৭ জনকে নিয়োগ দেয়। এর আগেও থোক (চুক্তিভিত্তিক কর্মী)-এ নিয়োগ দিয়েছে। সব মিলে ৩৭০-৭৫ জন মতো। যাদের প্রতিমাসে বেতন দিতে হয় ২০ লাখ টাকা যা ইউজিসি আমাদেরকে অনুমোদন দেয়নি। আরেকটি সংকট হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী ও একজন শিক্ষিকা হত্যাকাণ্ড। এই ঘটনা মূলত শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষকের মৃত্যু যেরকম, তার সহপাঠীও সেইম। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে ঘটনাগুলো দ্রুত নিষ্পত্তি হয়। শিক্ষিকা হত্যাকাণ্ডটার ইন্টারনাল তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেটে আসলে আমরা উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে দিয়েছি। এটিও আমাদের কাছে চলে আসছে। আগামী সিন্ডিকেটে উঠবে। অলমোস্ট শেষ পর্যায়ে। শিক্ষিকার মৃত্যুর সঙ্গে পুলিশকেও তাগাদা দিয়েছি, যাতে দ্রুত চার্জশিট জমা দেয়। শিক্ষার্থী সাজিদ হত্যার বিষয়ও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। এগুলো আমার জন্য চ্যালেঞ্জ। যে-কোনো সংকট মোকাবিলায় প্রস্তুত, বরং আমি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত।

আরটিভি: শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও খাবারের মান বৃদ্ধি নিয়ে আপনার পরিকল্পনা কী?

উপাচার্য: এই মুহূর্তে আটটি বিদ্যমান হল রয়েছে। এর মধ্যে আরেকটি উদ্বোধন হবে আগামী মাসে। পাশাপাশি তিনটি হল নির্মাণাধীন (একটি ছাত্রী হল এবং দুটি ছাত্র হল)। আশা করি এই প্রকল্প আগামী ২৭ সালের জুনে মেয়াদ শেষ হচ্ছে। ভিজিলেন্স টিম নিয়মিত তদারকি করছে। আমাদের আবাসিক এলাকায় শিক্ষকরা বা কর্মকর্তারা বসবাস করছেন না, কারণ ক্যাম্পাসে যে পরিমাণে বাড়ি ভাড়া কর্তন করা হয় সরকারি রুলস অনুযায়ী, তারা হিসেব করে দেখে যে এর চেয়ে অর্ধেক টাকায় তারা কুষ্টিয়া ও ঝিনাইদহে বসবাস করতে পারে। ফলে এই ভবনগুলো ফাঁকা থাকে। আগামী সিন্ডিকেটে এই ইস্যুটা আমি তুলব। আমরা এই ভবনগুলো কোনো একটা কাজে ব্যবহার করতে চাই যাতে নিরাপত্তার ঝুঁকি থেকে আমরা রক্ষা পেতে পারি, ভবনগুলো যেন সুরক্ষায় থাকে। আবাসিক হল ঘোষণা করলে তো অনেকাংশ চাপ কমে যাবে।

এদিকে হলগুলোর প্রভোস্টদের সঙ্গে যোগাযোগ করে দুটি বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— হলের ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন এবং সিট বরাদ্দ। সিট বরাদ্দের ক্ষেত্রে সবসময় মেধাকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে বিভাগভিত্তিক মেধাক্রম অনুসরণ করে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা যাতে সিট বরাদ্দ পান, তা নিশ্চিত করতে হবে। আমরা ইতোমধ্যে নীতিমালা তৈরি করেছি।

আরটিভি: আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা উপস্থিত হতে পারবে কিনা, নিরাপত্তার ইস্যু নিয়ে কী ভাবছেন?

উপাচার্য: আমরা পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে ইতোমধ্যে একটা কমিটি গঠন করে দিয়েছি। সমাবর্তন শুধু ক্যাম্পাসের নিরাপত্তার ইস্যু না, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ও জড়িত। যেহেতু কমিটি গঠন করা হয়েছে, তারা একটা সুপারিশ করবে। আমরা রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করব। এখন তো বলা যাচ্ছে না, কমিটির সুপারিশ মোতাবেক পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি: বিদেশি শিক্ষার্থী শূন্যের কোটায়, আন্তর্জাতিক মান বাড়ানোর ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

উপাচার্য: বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। শাহ আজিজুর রহমান হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পৃথক ‘ইন্টারন্যাশনাল ব্লক’ রয়েছে। সেখানে যেন শুধু বিদেশি শিক্ষার্থীরাই সিট পান, সে বিষয়ে হল প্রভোস্টদের নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরটাকে শক্তিশালী করা হচ্ছে। কিছুটা সময় নিয়ে সব কিছু ঢেলে সাজানো হবে।

আরটিভি: অ্যাকাডেমিক মান উন্নয়নসহ সেশনজট নিরসনে কী কী পরিকল্পনা নিয়েছেন?

উপাচার্য: আগামী অ্যাকাডেমিক কাউন্সিলে পরীক্ষার খাতায় রোল নম্বরের পরিবর্তে কোডিং ব্যবস্থা চালুর বিষয়ে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায় বা নকল রোধে পরীক্ষা কেন্দ্রে কড়াভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার কক্ষে প্রবেশের সময় ডিভাইস নিয়ে যেতে পারবে না। চেক করে প্রবেশ করানো হবে। সেশনজট নিরসনে প্রতিটি বিভাগে অ্যাকাডেমিক ক্যালেন্ডার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ ক্লাস নেওয়া হচ্ছে কিনা তাও নজরদারিতে রাখা হবে।

আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে স্টুডেন্টদের সবচেয়ে বেশি অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে জব কর্নার, যেটি অলরেডি একটা স্পেস আমরা বৃদ্ধি করেছি। আমি প্ল্যান করেছি যে আমাদের এই দ্বিতীয় প্রশাসন ভবনে ফাইনালি যখন কাজ শুরু হবে। খুব শীঘ্রই আমরা লাইব্রেরির দ্বিতীয় তলায় আরও বড় জব কর্নার স্পেস করব। আর ডিজিটাল সিস্টেম গভর্নমেন্টের একটি পরিকল্পনা হচ্ছে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অটোমেশন সিস্টেম বা ইউনিক আইডি চালুর, আমরা সার্বক্ষণিকভাবে এ ব্যাপারে কানেক্টেড আছি।

আরটিভি: ইবির গবেষণাখাত কিছুটা নিম্নমানের, এনিয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা?

উপাচার্য: গবেষণা ক্ষেত্রে যে ফান্ড আসে, আমরা চাই যে গবেষণার কার্যক্রমটি প্রকৃত অর্থেই গবেষণামূলক কাজের সাথে ইনভলভ থাকুক এবং এটি যেন একটা স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে থাকে। গবেষণার শুধুমাত্র একটি পেপার সাবমিট করা নয়, এর মধ্য দিয়ে ইনোভেটিভ কিছু ক্রিয়েশন থাকবে। আর যেহেতু শিক্ষা খাতে ২% জিডিপি বরাদ্দ করা হচ্ছে, এটি অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে এর সৎ ব্যবহার, অর্থের যথোপযুক্ত প্রয়োগ এবং অর্থের অপপ্রয়োগ যাতে না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক থাকব। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে সামনে ৫ শতাংশে নিয়ে যাবে। যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে শিক্ষাখাত ব্যাপক পরিবর্তন ঘটবে।

আরটিভি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য পূরণে কী কী উদ্যোগ নিয়েছেন?

উপাচার্য: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেছেন। আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। আগামী অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে বড় ধরনের কিছু দৃশ্যমান পরিবর্তন আসতে যাচ্ছে। তবে ভালো কিছু আসছে সেটা বলতে পারি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ডের জন্য ৮ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ডের জন্য ৮ শর্ত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যাচেলর ডিগ্রিধারী বিদেশি পেশাজীবীদের জন্য কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। তবে, এই সুবিধা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা আবশ্যক। যুক্তরাষ্ট্রে থাকা যোগ্য আবেদনকারীরা, যারা কর্মসংস্থানভিত্তিক তৃতীয় পছন্দ বা ইবি-৩ শ্রেণির আওতায় পড়েন, তারা নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে অবস্থান পরিবর্তনের মাধ্যমে স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জনের জন্য আবেদন করতে পারেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার নির্দেশনা অনুসারে, গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে সঠিকভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা পরিবর্তনের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে অভিবাসন কর্মকর্তার মাধ্যমে পরিদর্শিত হয়ে যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের অনুমতি অথবা আইনি প্যারোলে প্রবেশের অনুমতি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের ভেতরে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে।

দ্বিতীয়ত, আবেদনকারীকে অভিবাসী ভিসা পাওয়ার জন্য যোগ্য হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় এবং অভিবাসন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের সময়—দুই সময়েই তার জন্য অভিবাসী ভিসা পাওয়ার সুযোগ অবিলম্বে থাকতে হবে।

তৃতীয়ত, যে নিয়োগকর্তা আবেদনকারীর জন্য কর্মসংস্থানভিত্তিক আবেদনপত্র জমা দিয়েছেন, তার দেওয়া চাকরির প্রস্তাব বহাল থাকতে হবে। স্থায়ী বাসিন্দার আবেদন অনুমোদিত হলে আবেদনকারীর ওই চাকরি গ্রহণ করার ইচ্ছাও থাকতে হবে।

চতুর্থত, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আইন অনুযায়ী গ্রহণযোগ্য হতে হবে। যদি তাকে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সংশ্লিষ্ট ছাড় বা আইনি সুবিধা পাওয়ার জন্য তাকে যোগ্য হতে হবে।

পঞ্চমত, আবেদনকারীর স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার ক্ষেত্রে আইনি বাধা থাকা যাবে না। সংশ্লিষ্ট অভিবাসন আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা তাকে পূরণ করতে হবে।

ষষ্ঠত, আবেদনকারীর জমা দেওয়া সব তথ্য ও নথি সঠিক হতে হবে। অভিবাসন কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এসব তথ্য যাচাই করতে পারে।

সপ্তমত, কর্মসংস্থানভিত্তিক আবেদনটির সঙ্গে যুক্ত চাকরির প্রস্তাব এবং নিয়োগকর্তার দেওয়া তথ্য আবেদনকারীর আবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

অষ্টমত, সব শর্ত পূরণ করার পরও আবেদন অনুমোদনের আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবাকে আবেদনকারীর পক্ষে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ করলেই স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড নিশ্চিত হয় না।

আই-১৪০ অনুমোদনের পর চাকরি পরিবর্তন করলেও আবেদনকারী সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে যান না। স্থায়ী বাসিন্দার মর্যাদা পরিবর্তনের আবেদনপত্র অন্তত ১৮০ দিন মুলতবি থাকার পর নির্দিষ্ট শর্ত পূরণ হলে নতুন চাকরিতে যাওয়ার সুযোগ থাকতে পারে।

তবে, নতুন চাকরিটি আগের চাকরির মতো বা একই ধরনের পেশাগত শ্রেণির হতে হবে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম ও প্রয়োজনীয় প্রক্রিয়াও অনুসরণ করতে হয়।

কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের ক্ষেত্রে চাকরির প্রস্তাব এবং সংশ্লিষ্ট আবেদনপত্রের শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, আবেদনকারীদের স্থায়ী বাসিন্দার মর্যাদা পরিবর্তনের আবেদনপত্র, কর্মসংস্থানভিত্তিক আবেদনপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথি সঠিকভাবে জমা দিতে হবে। পাশাপাশি নিজেদের পরিস্থিতি অনুযায়ী সব যোগ্যতা পূরণ হচ্ছে কি না, সেটিও যাচাই করা জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান ও হিমেশের নস্টালজিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান ও হিমেশের নস্টালজিয়া

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা মিলেছে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতিকে সামনে রেখে তারা নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নস্টালজিয়ার আলোচনা শুরু হয়েছে।

‘আশিক বানায়া আপনে’র সুর এবং ইমরান হাশমির পর্দার উপস্থিতি একসময় তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গানটিতে সেই পুরনো আবহের ছোঁয়া থাকায় দর্শকদের মধ্যে ফিরে এসেছে দুই দশক আগের স্মৃতি।

হিমেশ রেশমিয়ার লেখা ও সুরে তৈরি ‘আফসানা বানায়া আপনে’ গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা অসীস কৌর। গানটির মিউজিক ভিডিওতে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ।

গানটি সম্পর্কে ইমরান হাশমি মন্তব্য করেন, পুরনো সৃষ্টিকে হুবহু নকল করার কোনো চেষ্টা করা হয়নি। তার ভাষায়, গানটির সঙ্গে গভীর নস্টালজিয়া জড়িয়ে থাকলেও ‘আফসানা বানায়া আপনে’র নিজস্ব আবেগ রয়েছে, যা ‘গানমাস্টার জি৯’ সিনেমার পটভূমির সঙ্গে ভালোভাবে মিশে গেছে।

হিমেশ রেশমিয়াও জানিয়েছেন, সিনেমাটির অ্যালবাম তৈরিতে তারা প্রায় ৮-৯ মাস পরিশ্রম করেছেন। গল্পের আবহ বজায় রেখে নতুন প্রজন্মের শ্রোতাদের ভালো লাগার মতো সুর তৈরি করাই ছিল বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।

দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত ‘গানমাস্টার জি৯’ পরিচালনা করেছেন আদিত্য দত্ত। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক সিং।

আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গানমাস্টার জি৯’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে সরকারের প্রস্তুতি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে সরকারের প্রস্তুতি সম্পন্ন

সমাজসেবা অধিদপ্তর ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছে। প্রথম পর্যায়ে ৫ হাজার ট্যাব ব্যবহার করে দেশের ২০৮টি উপজেলার ২০৮টি ওয়ার্ডে পাইলটিং তথ্য সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এ নির্দেশনায় বিভাগীয় পরিচালক, জেলা উপপরিচালক, সহকারী পরিচালক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সদর দপ্তরের মাস্টার ট্রেইনারদের তাত্ত্বিক প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ট্যাব, ড্রেস, সিম সংযোগ ও অ্যাপ ইনস্টলেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষে তাদের এক দিনের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

এছাড়া, সদর দপ্তর থেকে ২০ জন অভিজ্ঞ প্রশিক্ষক দেশের ৩০ থেকে ৪০টি নির্ধারিত ভেন্যুতে প্রায় ১০০ জন মাস্টার ট্রেইনারকে দুই দিনের প্রশিক্ষণ দেবেন। বিভাগীয় পরিচালকদের ব্যবস্থাপনায় এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

পরবর্তী সময়ে, প্রায় ১০০ জন মাস্টার ট্রেইনার নিজ নিজ উপজেলায় পাঁচ থেকে ছয় দিনের মধ্যে প্রথমে সুপারভাইজারদের দুই দিনের এবং পরে তথ্য সংগ্রহকারীদের দুই দিনের প্রশিক্ষণ দেবেন।

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে যাওয়ার আগে প্রত্যেক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারকে অনলাইন মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।

সমাজসেবা কর্মকর্তার সংকট থাকলে স্থানীয় অন্যান্য দপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তাদেরও মাস্টার ট্রেইনার হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে।

সংশ্লিষ্ট উপজেলার নির্বাচিত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকেই তথ্য সংগ্রহ শুরু করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কাজ শুরু হবে, তা সংশ্লিষ্ট জেলা উপপরিচালক স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সভামতের ভিত্তিতে চূড়ান্ত করবেন।

সিটি করপোরেশন এলাকায় স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে যেকোনো একটি ওয়ার্ড নির্ধারণ করতে হবে।

এদিকে, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৮১৮ জন সুপারভাইজারের প্রোফাইল আইডি অবিলম্বে যাচাই ও অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন কর্মকর্তাদের নিজ নিজ আইডি থেকে এ অনুমোদন সম্পন্ন করতে হবে।

কোনো নির্বাচিত প্রার্থী কাজ করতে অনীহা প্রকাশ করলে তার কাছ থেকে লিখিত আবেদন নিতে হবে।

অনীহা প্রকাশকারী, অনুপস্থিত বা বৈধ কারণে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত ব্যক্তিদের উপজেলা বাস্তবায়ন/নিয়োগ কমিটির সিদ্ধান্ত ও রেজুলেশনের মাধ্যমে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে কোনো পৃথক কমিটি গঠনের প্রয়োজন নেই বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সরকারি গেজেটে প্রকাশিত বাস্তবায়ন নীতিমালার আওতাভুক্ত কমিটিই এ কার্যক্রম পরিচালনা করবে। নির্দেশিকায় বর্ণিত সুপারিশ নিয়োগ কমিটিও বহাল থাকবে।

পার্বত্য জেলাগুলোর ক্ষেত্রে গেজেটে নির্ধারিত বাস্তবায়ন ও সমন্বয় কমিটিই ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহসহ সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করবে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%