ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এবার দলীয় পদ হারালেন ‘ছোবল মারা’ বাঘের ভয় দেখানো জসিম


এবার দলীয় পদ হারালেন ‘ছোবল মারা’ বাঘের ভয় দেখানো জসিম

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বিতা করা মো. আ. জসিম উদ্দিন, যিনি গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক, তার সদস্য পদ স্থগিত করা হয়েছে। গণঅধিকার পরিষদ একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত নোটিশে এই তথ্য প্রকাশ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে বা জবাব সন্তোষজনক না হলে, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়া, উল্লেখ্য যে, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. আ. জসিম উদ্দিন। ওই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

নির্বাচনে হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আ. জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।

এদিকে, সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "কেউ ঘুমন্ত বাঘকে জাগাবেন না। যদি জাগান তবে সে সামনে যাকে পাবে তাকেই ছোবল দেবে।" পরে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। অনেকেই তার কাছে ছোবল মারা বাঘের সন্ধান জানতে চেয়ে মন্তব্য করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি, দুই লিফট অচল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


জবি আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি, দুই লিফট অচল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের জন্য একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের চারটি লিফটের মধ্যে দুটি দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় রয়েছে। সচল থাকা দুটি লিফটের ক্ষেত্রেও রয়েছে ঝাঁকুনি, অস্বাভাবিক শব্দ এবং মাঝপথে আটকে যাওয়ার অভিযোগ। এই কারণে হলের প্রায় ১ হাজার ২০০ আবাসিক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন।

১৬ তলা ভবনটির সচল দুটি লিফটের একটি জোড় তলায় এবং অন্যটি বিজোড় তলায় চলাচল করে। ফলে অনেক সময় শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে লিফট পরিবর্তন করতে হয়। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ক্লাসের সময় এবং পরীক্ষার আগে লিফটের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। এতে শিক্ষার্থীরা সময়মতো ক্লাস ও পরীক্ষায় পৌঁছাতে সমস্যায় পড়ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সচল থাকা লিফট দুটিতেও প্রায়ই তীব্র ঝাঁকুনি ও অস্বাভাবিক শব্দ শোনা যায়। কখনো কখনো চলন্ত অবস্থায় লিফট বন্ধ হয়ে শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়েছেন। লিফটের ভেতরের ফ্যানও অনেক সময় কাজ করে না বলে তারা জানান।

হলের ১৬তম ব্যাচের শিক্ষার্থী রোমানা আক্তার বলেন, "দুটি লিফট বন্ধ থাকায় ক্লাস ও পরীক্ষার সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে অনেক সময় ক্লাসে দেরি হয়। অসুস্থ ও শারীরিকভাবে অসুবিধায় থাকা শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি।"

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী নাবিলা আক্তার বলেন, "লিফট চলার সময় হঠাৎ ঝাঁকুনি ও অস্বাভাবিক শব্দ হয়। কয়েকবার শিক্ষার্থীরা লিফটের ভেতরে আটকে পড়েছেন। নিয়মিত কারিগরি পরীক্ষা ছাড়া এভাবে লিফট চালানো নিয়ে উদ্বেগ রয়েছে।"

হল সংসদের ভিপি জান্নাতুল উম্মি তারিন বলেন, "প্রায় তিন মাস ধরে লিফটের সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গত ৪ অক্টোবর উপাচার্য ও প্রধান প্রকৌশলী হলে এলে তাদের কাছে বিষয়টি জানানো হয়। সম্প্রতি এক শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি লিফটই বন্ধ ছিল। চুক্তি নবায়ন ও কারিগরি জটিলতার কারণে সমস্যাটি দীর্ঘ হচ্ছে বলে দাবি করেন তিনি।"

এর আগে আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা লিফটের সমস্যার জন্য শিক্ষার্থীদের অসচেতনতাকেও দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, "লিফটের সামনে শিক্ষার্থীরা মাছের কাঁটা, পানি ও অন্যান্য ময়লা ফেলেন। এসব ময়লা লিফটের বিভিন্ন অংশে জমে সমস্যার সৃষ্টি করে এবং কয়েক দিন পরপরই লিফটে ত্রুটি দেখা দেয়।" তবে বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. বুশরা জাহান বলেন, "ভবনের ধারণক্ষমতার তুলনায় শিক্ষার্থী বেশি হওয়ায় লিফটের ওপর অতিরিক্ত চাপ পড়ে। লিফটের দরজার সেন্সরে ময়লা জমা বা দীর্ঘ সময় ব্যবহারের কারণেও সমস্যা হতে পারে। ত্রুটি দেখা দিলে হল প্রশাসন ও স্টাফরা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।"

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, "হলের লিফট রক্ষণাবেক্ষণের জন্য নতুন একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে বন্ধ থাকা দুটি লিফটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

শিক্ষার্থীরা দ্রুত চারটি লিফট সচল করার পাশাপাশি মোটর, ব্রেক, কেবল, সেন্সর, দরজা ও কন্ট্রোল সিস্টেম পরীক্ষা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জরুরি ফোন, ইন্টারকম ও অ্যালার্ম ব্যবস্থা সচল রাখা এবং লিফটে কেউ আটকে পড়লে দ্রুত উদ্ধারের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দাবি তাদের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য মনোনীত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন কৃষি অনুষদের মোছাঃ অন্যনা খাতুন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর পাশাপাশি ২০২০ সালের জন্য মনোনীত একমাত্র শিক্ষার্থী হলেন ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।

এছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোঃ রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে.এম. তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক—২০১৯, ২০২০ এবং ২০২১ এর জন্য এবারে সারাদেশ থেকে ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার উদ্দেশ্যে এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রবর্তিত হয়েছে। ২০০৫ সালে ইউজিসি এটি চালু করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীরা এই পদক লাভ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে পূর্ব শত্রুতার কারণে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় আদালত তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া এবং রিপন মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া এবং আসাদুল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জনের উপর ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডে পরিণত হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ আসামির মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অপরজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

মামলার বিবরণে জানা যায়, নান্দাইল উপজেলার চর ভোলামরির হযরত আরীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে অভিযুক্তদের জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকায় একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সবিকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাদের উপস্থিতিতে এ রায় প্রদান করে।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে এ.কে.এম. আমানউল্লাহ বাদল মামলাটি পরিচালনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ওষুধ ও পোশাকের বাজার সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর জোর প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ইন্দোনেশিয়ায় ওষুধ ও পোশাকের বাজার সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর জোর প্রচেষ্টা

বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ বিষয়ে বাণিজ্য ঘাটতি কমানোর, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তারের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিপরীতে বাংলাদেশ দেশটিতে মাত্র প্রায় ৫৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে।" তিনি আরও বলেন, "এই বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের রপ্তানি বাড়ানো প্রয়োজন।"

তিনি উল্লেখ করেন, "যদি বাজারে প্রবেশের বাধা দূর করা যায়, তাহলে দুই দেশের বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি করা সম্ভব।"

বৈঠকে পিটিএ, সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ), জ্বালানি সহযোগিতা, হালাল সনদের পারস্পরিক স্বীকৃতি এবং বাংলাদেশি আলু, ওষুধ ও ভ্যাকসিনের ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশের বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদন হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের ১০০টির বেশি দেশে রপ্তানি করা হয়। বাণিজ্যমন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধনসহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান তিনি।

এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি ‘সোলো এক্সিবিশন’ আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

পিটিএ আলোচনা এগিয়ে নেওয়ার তাগিদ

দুই দেশের মধ্যে পিটিএ নিয়ে চার দফা আলোচনা হলেও তৈরি পোশাকের শুল্কমুক্ত বাজার সুবিধা নিয়ে মতপার্থক্যের কারণে ২০২৩ সাল থেকে আলোচনা থমকে আছে।

ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, "দুই দেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে প্রতিযোগিতা থাকলেও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।"

আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর সময় দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন তিনি। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ও একটি প্রতিনিধিদলকে ওই প্রদর্শনীতে অংশ নেওয়ার আমন্ত্রণও জানান তিনি।

জ্বালানি ও কৃষিপণ্য নিয়ে আলোচনা

বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি পারতামিনাকে বাংলাদেশের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) টার্মিনাল পরিচালনার প্রস্তাব অনুমোদনের বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়া বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশি আলু রপ্তানির ক্ষেত্রে পরীক্ষাগার ও নিবন্ধনসংক্রান্ত জটিলতা দূর করতে দুই দেশের পরীক্ষার ফলাফলের পারস্পরিক স্বীকৃতির প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হলেও এসব জটিলতার কারণে তা এগোয়নি।

বৈঠকে হালাল পণ্যের বাণিজ্য বাড়াতে হালাল সনদ ও মানের পারস্পরিক স্বীকৃতি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সরকার-টু-সরকার সহযোগিতা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও কথা হয়।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতিসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%