০৫:১৭ পি.এম
জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর রাতটি লিওনেল মেসির জন্য একটি স্মরণীয় ঘটনা হওয়ার কথা ছিল। সেই স্মরণীয় রাতেই মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ বেনিন আরও একটি বিশেষ স্মৃতি যুক্ত করেছে।
আফ্রিকার এই দেশটি আর্জেন্টিনা অধিনায়ক মেসির হাতে তাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ভাস্কর্যের ক্ষুদ্র সংস্করণ উপহার দিয়েছে। তবে, এই উপহারটি মূলত মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর জন্য।
বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে টসের সময় মেসির সঙ্গে দেখা হয় বেনিন অধিনায়ক সেসি দ’আলমেইদার। সেখানেই মেসির হাতে একাধিক বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপহারগুলোর মধ্যে ছিল একটি ছোট ভাস্কর্য, গোলাপ, বেনিনের পেন্যান্ট এবং দলের খেলোয়াড়দের পক্ষ থেকে লেখা একটি চিঠি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভাস্কর্যটি। এটি বেনিনের কোটোনু শহরে অবস্থিত বিখ্যাত ‘আমাজন মনুমেন্ট’ এর ক্ষুদ্র সংস্করণ। এই স্মৃতিস্তম্ভটি দাহোমে রাজ্যের নারী যোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে।
উপহারটি দেওয়ার সময় দ’আলমেইদা স্প্যানিশ ভাষায় মেসিকে এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। তিনি জানান, এটি আন্তোনেলার জন্য এবং তাদের দেশে এটি নারীর শক্তির প্রতীক। মেসি মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং হাসিমুখে উপহার গ্রহণ করেন।
বেনিনের কাছে ভাস্কর্যটির গুরুত্বও কম নয়। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, কোটোনুতে অবস্থিত মূল ভাস্কর্যটির উচ্চতা ৩০ মিটার এবং ওজন প্রায় ১৫০ টন। ২০২২ সালে উদ্বোধন হওয়া এই স্মৃতিস্তম্ভটি দাহোমে রাজ্যের ‘আগোজিয়ে’ বা ‘মিনন’ নামে পরিচিত নারী যোদ্ধাদের স্মরণে নির্মিত। সাহস, দৃঢ়তা ও দেশরক্ষায় তাদের ভূমিকার কারণে এই যোদ্ধাদের বেনিনের জাতীয় গৌরবের অংশ হিসেবে দেখা হয়।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
মেসিকে এমন কিছু উপহার দেওয়ার পরিকল্পনা আগেই করে রেখেছিল বেনিন দল। ম্যাচের আগে দ’আলমেইদা জানিয়েছিলেন, তারা নিজেদের কাছে অত্যন্ত প্রতীকী এই আমাজন ভাস্কর্যের একটি প্রতিরূপ নিয়ে এসেছেন।
এরপর মাঠে বিদায়ের রাতটাও মেসি নিজের মতো করেই শেষ করেন। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের দুই গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন। বেনিনকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন