১১:০৭ এম
রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে।
প্রবল বর্ষণের কারণে বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ অবস্থায় রোববার (১২ জুলাই) থেকে অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
এদিকে দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ফলে ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরপানি জমে যাওয়ায় সড়কের ওপর বহু যানবাহন বিকল হয়ে পড়তে দেখা গেছে। সকালের দিকে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় অফিসগামীদের দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
গণপরিবহন সংকটের সুযোগ নিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। কারওয়ান বাজারে বাসের জন্য অপেক্ষমাণ তুষার মিয়া নামের এক যাত্রী জানান, গ্রিন রোড ও কলাবাগানের অনেক রাস্তা পানির নিচে চলে গেছে। অনেক কষ্টে তিনি কারওয়ান বাজার এসে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু মতিঝিলগামী গাড়ি খুব একটা পাওয়া যাচ্ছে না। রিকশাচালকেরা সিএনজির সমান ভাড়া চাচ্ছেন, আবার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাও তেমন একটা নেই।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাতব্যাপী ভারী বৃষ্টিপাতের জন্য রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম।
ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তা ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলের আজকের ক্লাস ও পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি জুলাই মাসে এই প্রথম এক রাতে এত বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের অধিকাংশ এলাকায় আজ দিনভর দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন