০২:৫৮ এম
ময়মনসিংহ, ২৯ জুন, ২০২৬, : বিগত ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন সেক্টরের কারখানা ও প্রতিষ্ঠান থেকে মোট ১৯০ জন শিশুকে শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
এর মধ্যে বিশেষ করে ময়মনসিংহ জেলার কারখানা ও প্রতিষ্ঠান থেকে ১৩৩ জন শিশুকে শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে, এমন তথ্য তুলে ধরেছেন ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ।
তিনি আরও উল্লেখ করেছেন, মাঠপর্যায়ে শিশুর তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় যে, এসব শিশুর মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আজ সোমবার দুপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বিগত বছরের শিশুশ্রম নিরসনে দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি-এ প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সামাজিক দায়বদ্ধতা থেকে শিশু শ্রমিকদের জন্য মানবিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে আহমাদ মাসুদ আরও বলেন, সরকারের বিভিন্ন সুবিধার আওতায় এসব শিশুর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে এবং কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির আওতায় এসব শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
অন্যথায়, তারা পুনরায় কোন না কোনভাবে শ্রমে নিযুক্ত হবে। এ সময় তিনি শিশু শ্রমিকের পরিবারকে আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে জড়িত করে, শিশুকে পড়াশোনায় ফিরিয়ে এনে শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দিবসটি উপলক্ষে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. দেবজানি সান্নাল, ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, মুক্তাগাছা প্রগতি যুব উন্নয়ন সংঘের সভাপতি জনাব রেজুয়ান আল কাফি প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
