ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা


মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা

মেয়েকে দংশন করেছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া)। সাপটিকে মেরে ফেলার বা পালিয়ে যাওয়ার পরিবর্তে, বুদ্ধি করে সাপটিকে বোতলে বন্দী করে হাসপাতালে ছুটলেন বাবা। কোলে সাপে কাটা শিশু এবং এক হাতে প্লাস্টিকের বোতলে জ্যান্ত রাসেলস ভাইপার—এমন দৃশ্য দেখে উপস্থিত সবাই চমকে যান সরকারি জেনারেল হাসপাতালে।

এই ঘটনা ঘটে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে।

মরিয়ম, হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চল নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ষা মৌসুমে চাঁদপুরের মেঘনার চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় রাসেলস ভাইপারসহ বিভিন্ন ধরনের সাপের উপদ্রব বেড়ে গেছে। তবে আগের মতো ওঝা বা সাপুড়ের কাছে না গিয়ে, গ্রামের মানুষ এখন সচেতন হয়ে সরাসরি হাসপাতালে ছুটছেন।

মনির হোসেন জানান, বাড়ির সামনে খেলাধুলা শেষে ঘরে ফেরার পথে হঠাৎ একটি রাসেল ভাইপারের বাচ্চা মরিয়মের পায়ে ছোবল দেয়। এরপর তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে রাস্তার পাশের জঙ্গল থেকে সাপটিকে খুঁজে বের করে একটি বোতলে বন্দী করেন।

এরপর, এক হাতে মেয়ে ও অন্য হাতে বোতলবন্দি সাপ নিয়ে তিনি প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে শিশুটিকে নেওয়া হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে।

হাসপাতালে পৌঁছানোর পরপরই দায়িত্বরত চিকিৎসকেরা মরিয়মের চিকিৎসা শুরু করেন। তাকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, "সঠিক সময়ে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে এবং ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা হয়নি। এ কারণেই তার জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।" বর্তমানে মরিয়মকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর মৃত্যুতে শোকাহত মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


স্ত্রীর মৃত্যুতে শোকাহত মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও, স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় হুইলচেয়ারে বসে উপস্থিত ছিলেন এই শতবর্ষী প্রবীণ রাজনীতিক।

সিতি হাসমাহরের শেষকৃত্য উপলক্ষে মালয়েশিয়াজুড়ে শোকের আবহ নেমে আসে। তার মরদেহ পারিবারিক বাসভবন থেকে শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হলে, সেখানে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।

জানাজা ও শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে মাহাথিরের নাকে অক্সিজেনের নল ছিল। জীবনের দীর্ঘ পথচলার সঙ্গীর মরদেহের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই নেতাকে অত্যন্ত বিষণ্ন ও আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মরহুমার জানাজার নামাজে অংশ নেন।

পরবর্তীতে, সিতি হাসমাহরের মরদেহ দাফনের জন্য পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে নেওয়া হয়। সেখানে মোটরচালিত হুইলচেয়ারে বসে পরিবারের সদস্যদের সঙ্গে স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মাহাথির।

প্রসঙ্গত, তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ জনকে নিয়োগ, আবেদন এসএসসি পাসেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ জনকে নিয়োগ, আবেদন এসএসসি পাসেই

নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৮ পদে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় এবং চলবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি-

পদের বিবরণ

আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী

প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: নরসিংদী

বয়সের ক্ষেত্রে, প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১-৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার এলএনজি সরবরাহ স্থগিত করে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


কাতার এলএনজি সরবরাহ স্থগিত করে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো

হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে কাতার বাংলাদেশ এবং পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি ক্রেতা দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সংকটের সৃষ্টি হয়েছে কাতারএনার্জি কর্তৃক ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়ানোর ফলে।

এ তথ্য নিশ্চিত করেছে ইতালির শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি এডিসন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সূত্রে বার্তাসংস্থা রয়টার্স।

এডিসনের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের কারণে প্রথমবার এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ জারি করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় সেই নোটিশের মেয়াদ বাড়ানো হয়েছে। ইতালির প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের আগে তারা কাতার থেকে কোনো এলএনজি কার্গো পাচ্ছে না।

এদিকে, এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি এলএনজি আমদানিকারক দেশগুলোকে আগামী নভেম্বর পর্যন্ত কাতার থেকে এলএনজি না পাওয়ার বার্তা পাঠানো হয়েছে।

ইরান সংঘাতের সার্বিক প্রভাবের কারণে কাতার বর্তমানে তীব্র অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বাজার বিশ্লেষণকারী সংস্থা আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠাতে সক্ষম হয়েছিল, কিন্তু চলতি বছরের আগস্ট পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে পেরেছে। পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।

উল্লেখযোগ্য যে, শীত মৌসুমের প্রাক্কালে ইউরোপ ও এশিয়ার মধ্যে সীমিত মজুত নিয়ে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে।

এদিকে, ইতালির প্রতিষ্ঠান এডিসন জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও ৬টি চালান বাতিল করায় মোট সরবরাহ না পাওয়া চালানের সংখ্যা এখন ৩৫টিতে দাঁড়িয়েছে। সংকট মোকাবেলা করতে প্রতিষ্ঠানটি বিকল্প হিসেবে মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

কাতারএনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি রয়েছে, যার আওতায় প্রতিষ্ঠানটি বার্ষিক ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি

থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত পদ্ধতির পাশাপাশি নাগরিকরা এখন ঘরে বসে দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা গ্রহণ করতে পারছেন। অনলাইন জিডি ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল করা, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ করা এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহ করার সুযোগ রয়েছে। ফলে, এই ব্যবস্থা সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন ইউনিটে পর্যায়ক্রমে চালুর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায় অনলাইন জিডি সুবিধা সম্প্রসারিত করা হয়। বর্তমানে দেশের সবকটি থানায় এ সেবার পূর্ণাঙ্গ আওতা তৈরি হয়েছে।

অনলাইন জিডি ব্যবস্থার সুবিধা নিয়ে কথা বলেছেন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা মাহিরা নূর। তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ হারিয়ে যাওয়ার পর ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে জিডি সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। এতে তার কোনো ভোগান্তি বা বাড়তি যাতায়াত খরচের মুখে পড়তে হয়নি।

একই অভিজ্ঞতা ব্যক্ত করেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি বলেন, "আমার মানিব্যাগ হারিয়ে গেলে ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে জিডির দরকার পড়ে। অফিসে বসেই মাত্র কয়েক মিনিটে অনলাইন জিডি সম্পন্ন করতে পেরেছি এবং পরবর্তীতে অনলাইনে অগ্রগতি পর্যবেক্ষণ ও জিডির কপি সংগ্রহ করতে পেরেছি।"

অনলাইন জিডির সার্বিক বিষয়ে এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান বলেন, "অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় সরাসরি পুলিশের কাছে অভিযোগ পাঠাতে পারছেন। হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়সহ নানা ধরনের অভিযোগ এতে সহজে দাখিল করা যাচ্ছে। এর মাধ্যমে সময় ও যাতায়াত উভয় সাশ্রয়ের পাশাপাশি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো সম্ভব হয়েছে।"

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, "ডিএমপির ৫০টি থানায় সরাসরি জিডি গ্রহণের পাশাপাশি অনলাইনেও সমানভাবে জিডি নেওয়া হচ্ছে। মানুষের কর্মব্যস্ততা ও যাতায়াত ভোগান্তির কথা বিবেচনা করে সরকার বাসা, অফিস বা সুবিধাজনক স্থান থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে এ সেবা সুনিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।"

যেভাবে মিলবে অনলাইন জিডি সেবা

অনলাইনে জিডি করতে সেবাগ্রহীতার জাতীয় পরিচয়পত্র নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং লাইভ ছবির প্রয়োজন হয়। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপটি ডাউনলোড করে প্রথমবার নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে পরে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়েই লগইন করা যায়। পরিচয় নিশ্চিত করতে মোবাইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করতে হবে।

অ্যাপে ঢুকে অভিযোগের ধরন, সংশ্লিষ্ট জেলা ও থানা বাছাই করতে হবে। এরপর ঘটনার স্থান, সময় ও বিস্তারিত বিবরণ দিতে হবে। প্রয়োজনে অভিযোগের স্বপক্ষে ছবি বা প্রাসঙ্গিক ডকুমেন্টের স্ক্যান কপি যুক্ত করে সাবমিট করা যাবে।

আবেদন সাবমিটের পর নিজ অ্যাকাউন্ট থেকেই যেকোনো সময় জিডির সর্বশেষ অবস্থা ট্র্যাক করা যাবে এবং তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখা যাবে। প্রক্রিয়াটি শেষ হলে ডিজিটাল কপি ডাউনলোড করে সংরক্ষণ ও ব্যবহার করা যাবে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%