বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:১৩ পি.এম
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস এবং অজ্ঞাত কনটেইনারবাহী লরির মধ্যে সংঘর্ষের ফলে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ সংলগ্ন এলাকায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লরির সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের সময় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। নিহত ব্যক্তি মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও লরির সংঘর্ষের ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের একটি বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যাট হাতে ছোট্ট অবদান রাখার পাশাপাশি বল হাতে বিধ্বংসী বোলিং করে তিনি লডারডেল লায়ন্সকে মাত্র ৬০ রানে গুটিয়ে দেন। ফলে আটলান্টা ফায়ার ৯৪ রানের বিশাল জয় পায়।
চার্চ স্ট্রিট পার্কে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে আটলান্টা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক স্টিফেন টেলর। তিনি ২৯ বলের ইনিংসে তিনটি চার ও তিনটি ছক্কা মারেন। পার্থ প্যাটেল ১৫ বলে ২৯ রান করেন।
সাকিবের ব্যাটিংয়ে অবদান ছিল ১৮ রান। তিনি ১৮ বল মোকাবিলা করে দুটি চার মারেন। তবে বল হাতে নেমেই ম্যাচের পরিস্থিতি পাল্টে দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
লডারডেলের ইনিংসের চতুর্থ ওভারে এসে সাকিব মেডেনসহ একটি উইকেট তুলে নেন। ষষ্ঠ ওভারে ফিরে এসে মাত্র ৪ রান দিয়ে আরও একটি উইকেট শিকার করেন তিনি।
১৩তম ওভারে নিজের শেষ স্পেলে ফেরার পর সাকিব সেই ওভারটিও মেডেন দিয়ে শেষ করেন। ওভারের শেষ বলে কুশারেকে বোল্ড করে তিনি তিন উইকেট পূর্ণ করেন।
৪ ওভারে মাত্র ৪ রান খরচ করে ৩ উইকেট নিয়ে সাকিবের বোলিং ফিগার ছিল ৪-২-৪-৩। অর্থাৎ তিনি চার ওভারের মধ্যে দুটি মেডেন আদায় করেছেন।
সাকিবের পাশাপাশি সানি প্যাটেলও বল হাতে আলো ছড়ান। তিন উইকেট নিয়ে লডারডেলের ব্যাটিং লাইনআপে ধস নামাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লডারডেল শুরু থেকেই চাপে পড়ে। অধিনায়ক রওনক শর্মার ২৭ রানই দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তাকে ছাড়া অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
শেষ পর্যন্ত ১৫.১ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়ে যায় লডারডেল লায়ন্স। এতে আটলান্টা ফায়ার ৯৪ রানের বড় জয় নিশ্চিত করে।
সাকিবের ১৮ রানের ব্যাটিং এবং বল হাতে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য আটলান্টার জয়ের অন্যতম প্রধান কারিগর হয়ে থাকলেন বাংলাদেশের এই তারকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার নতুন জাতীয় পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর প্রদান করেছে। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার বিপরীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীরা তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার ১৩ শতাংশ হবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি স্থিতির জন্য মুনাফার হার ১১ শতাংশ হবে।
একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদের ওপরও মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ প্রারম্ভিক স্থিতির ভিত্তিতে জমার ওপর ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে।
সিপিএফভুক্তদের ক্ষেত্রেও প্রযোজ্য
সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্যও মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করা যাবে।
এ ক্ষেত্রে প্রজ্ঞাপনে নির্ধারিত হার সর্বোচ্চ সীমা হিসেবে গণ্য হবে এবং প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে মুনাফার হার নির্ধারণ করতে হবে।
জিপিএফ হলো সাধারণ ভবিষ্য তহবিল, যেখানে সরকারি কর্মচারীরা নিয়মিতভাবে বেতন থেকে অর্থ জমা রাখেন। অপরদিকে সিপিএফ বা প্রদেয় ভবিষ্য তহবিল সাধারণত এমন প্রতিষ্ঠানে চালু থাকে, যেখানে প্রচলিত সরকারি পেনশনব্যবস্থা নেই।
অর্থ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট বিধিমালার আওতায় নির্ধারিত এ নতুন মুনাফার হার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কার্যকর থাকবে।
এর আগে সরকার নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করে। নতুন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।
পরবর্তী সময়ে, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন প্রদান করা হবে। নতুন পে-স্কেলের বাকি অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন। এপিএল কর্তৃপক্ষ এই তথ্য তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে।
এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নিতে এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত রয়েছেন।
এপিএলের খেলোয়াড় ড্রাফট আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেখানেই তাসকিন কোন দলের হয়ে খেলবেন, তা চূড়ান্ত হবে।
তাসকিনের নিবন্ধনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’
এপিএলের প্রথম আসরে তাসকিনের অংশগ্রহণ চূড়ান্ত হলে এটি হবে বাংলাদেশের এই পেসারের জন্য আরেকটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন, দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে পাঠদানের রুটিন সম্পর্কে। নির্ধারিত ফরম্যাটে রুটিন তৈরি করে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির কলেজ শাখা থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কলেজগুলোর পাঠদানের রুটিন পিডিএফ ও ওয়ার্ড দুই ফাইলেই তৈরি করতে হবে। এরপর নির্ধারিত ই-মেইল ঠিকানায় উভয় ফাইল পাঠাতে হবে।
রুটিন তৈরির সময় ফন্ট ব্যবহারের বিষয়েও নির্দেশনা প্রদান করেছে মাউশি। বাংলা লেখার জন্য ইউনিকোড ফন্ট Nikosh, Kalpurush ইত্যাদি এবং ইংরেজি লেখার জন্য Times New Roman ফন্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত করা রুটিনের পিডিএফ ও ওয়ার্ড ফাইল আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ‘[email protected]’ ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ