০৩:৫৭ পি.এম
বহিষ্কৃত জামায়াত নেতা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ডাকা হয়নি। তিনি ১০ সদস্যবিশিষ্ট সংসদীয় এই স্থায়ী কমিটির সদস্য।
মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরু হওয়ার আগে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানরা তাদের নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন।
সংসদীয় কমিটির সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলামকে বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। তবে সংসদের ওয়েবসাইটে ওই কমিটির সদস্যদের তালিকায় গাজী নজরুল ইসলামের নাম রয়েছে। তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়নি বলেও জানানো হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
কমিটির সভাপতি ও বিএনপিদলীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানা গেছে, ওই সদস্য তাদের দলে নেই। যেহেতু জামায়াত চায়নি, তাই স্পিকারের অনুমতিক্রমে গাজী নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান এবং রোকেয়া বেগম অংশগ্রহণ করেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর এবং সংস্থাগুলোর প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরদিন জামায়াত বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানায়। চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন