০৪:৪৭ পি.এম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এবং বর্তমান সরকার এ প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয় নিয়ে বক্তব্যও দিয়েছেন। এমন অবস্থায় তিনি অভিযোগ করেছেন যে একটি দল শুধু ‘স্ট্যান্ডবাজির’ রাজনীতি করছে, কেবল কৃতিত্ব নেওয়ার জন্য।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় ‘পঞ্চগড় গেট’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, যারা এই মুহূর্তে স্ট্যান্ডবাজি করছে, তাদের এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করছেন না। তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম হয়েছে। বর্তমান বিএনপির চেয়ারম্যানও লন্ডন থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি যখন তিস্তা নিয়ে আন্দোলন শুরু করে, তখন যারা আজ এ বিষয়ে আলোচনা করছেন, তাদের কোনো ভূমিকা ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো পরিকল্পনা বা অবস্থানও ছিল না। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এবং এটি বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেট সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট পাস হওয়ার পর চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ বছর সেই পরিস্থিতি তৈরি হয়নি।
পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেছেন, জেলার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপত্রে এই গেট নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রবেশপথের দোসীমানা এলাকায় ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিডল্যান্ড কনস্ট্রাকশন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন