ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন


করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

জাতীয় সংসদে ২০২৬ সালের অর্থবিল পাস হয়েছে। বিলে পাসের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা এবং ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাবটি প্রত্যাহার করা।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল-২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন। এর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপারিশ অনুযায়ী কয়েকটি সংশোধনী গ্রহণের পর বিলটি কণ্ঠভোটে পাস করা হয়।

পাস হওয়া অর্থবিল অনুযায়ী, আগামী অর্থবছর থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত সুবিধা পাবেন। প্রস্তাবিত বাজেটে এ আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এছাড়া, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতো টিআইএন ছাড়াই নতুন ব্যাংক হিসাব খোলা যাবে। একই সঙ্গে সিটি করপোরেশন ও পৌর এলাকায় জমি ও ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার বিধানও বাতিল করা হয়েছে।

অর্থবিলে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সেগুলো হলো:

জমি নিবন্ধনের বিতর্কিত বিধান প্রত্যাহার করা হয়েছে। জমির প্রকৃত মূল্য ও মৌজা মূল্যের পার্থক্য নিরসনে প্রস্তাবিত বিশেষ বিধানটি সমালোচনার মুখে অর্থবিল থেকে বাদ দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমানো হয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট কমানো হয়েছে, যেখানে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও সার্চ ইঞ্জিনে প্রচারিত বিজ্ঞাপনের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

স্বর্ণ ব্যবসায় নতুন ভ্যাট ও কর কাঠামো নির্ধারণ করা হয়েছে। স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম ও হীরার অলংকারের জন্য নতুন ভ্যাট কাঠামো নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এসব অলংকার কেনার ক্ষেত্রে উৎসে ৫০ পয়সা হারে কর কাটার বিধান যুক্ত করা হয়েছে।

মাছ ও টেলিযোগাযোগ খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। মাছ সরবরাহের জোগানদার পর্যায় এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার রাজস্ব ভাগের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

দেশীয় শিল্পে শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে। চিংড়ি, ওষুধ, বৈদ্যুতিক তার, পিভিসি ও পিইটি রেজিন, পরিশোধিত তামা এবং অগ্নিনিরাপত্তা সরঞ্জামসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে।

কম লভ্যাংশ বিতরণে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। তালিকাভুক্ত কোনো কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ বিতরণ করলে ঘাটতি অংশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে হবে। তবে এ বিধান ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত মূলধন বা বার্ষিক বিক্রয় সীমা অতিক্রমকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিসংঘের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, মার্চেন্ট হিসাব এবং প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে ভ্যাট আদায়ের দায়িত্ব ব্যাংক ও অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়েছে। প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা কোম্পানির জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যৌথ উন্নয়ন চুক্তির আওতায় জমির মালিক ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট, নগদ অর্থ বা অন্য সুবিধা পেলে তা মূলধনি প্রাপ্তি হিসেবে গণ্য করে কর আরোপের বিধান যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে

জানানো হয়েছে যে, খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেট কিনতে হচ্ছে ৮০ পয়সা বেশি দিয়ে। এ কথা বলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি জানান, অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না। এর ফলে বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বিষয়টি তুলে ধরেন। আমির হামজা বলেন, বাজেট কার্যকর হবে যদি এটি অর্থবহ হয়। তবে সরকার যে বাজেটে ৬ লাখ ৯৫ হাজার টাকা রাজস্ব উত্তোলনের কথা ঘোষণা করেছে, সেটি সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। এর কারণে, তিনি বলেছেন যে, ৬ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট ধরা হলে, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা আমাদের ওপরে আসতো না।

তিনি অর্থমন্ত্রীকে কিছু পণ্যের দাম বাড়ানো-কমানো নিয়ে প্রস্তাবনা দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে।’

এ সংসদ সদস্য কুষ্টিয়া-৩ আসনের প্রেক্ষাপটে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে সরকার বিষয়টি বিবেচনায় নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি কমলেও দুর্ভোগে তিস্তাপাড়ের বানভাসী জনতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


পানি কমলেও দুর্ভোগে তিস্তাপাড়ের বানভাসী জনতা

ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আগের তুলনায় তিস্তার নদীর পানি বেড়ে গিয়ে বিপৎসীমা অতিক্রম করেছিল। যদিও মঙ্গলবার সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে, কিন্তু বন্যায় আক্রান্ত তিস্তাপাড়ের নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন গবাদিপশু এবং প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর আশ্রয় গ্রহণ করেছেন। শুকনো খাবার যদিও মিলছে, তবে তারা বিশুদ্ধ পানি পানির সংকটের কথাও জানিয়েছেন। কৃষক গফুর মিয়া (৬৫) বলেছেন, এখনো চরে বানের পানি ফসলি জমিকে তলিয়ে রেখেছে। প্রতি বছর ভারত থেকে আসা ঢল এবং ভারি বর্ষণের কারণে তিস্তা নদীর বন্যা সৃষ্টি হচ্ছে, যা তীব্র নদী ভাঙনের সঙ্গেও যুক্ত রয়েছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানিয়েছেন, উজানের ঢল কম থাকায় মঙ্গলবার সকালে ছয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করার পরেও নদী পাড়ের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ এখনও পুরোপুরি কাটেনি, কারণ রাস্তাঘাট এবং ফসলি জমি এখনও পানির নিচে রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ‘উজানের পানির প্রবাহ কমে আসায় তিস্তার পানিও ধীরে ধীরে নিচে নামছে। ধীরে ধীরে নিম্নাঞ্চলের পানিবন্দিরাও মুক্তি পাচ্ছে।’

রোববার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছিল। রাতভর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এর ফলে নদীর তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছিল এবং টানা বৃষ্টির কারণে চরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি সৃষ্টি করেছে। সোমবার সকালে তিস্তার পানি বিপৎসীমার সমান নেমে আসে এবং সকাল ৯টায় আরও কমে যায়, এরপর মঙ্গলবার সকালে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে বন্যা পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস জানিয়েছেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেই ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর ত্রাণ সহায়তা দেওয়া হবে। পানির উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার জানিয়েছেন, সম্প্রতি দুই দফায় তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে মঙ্গলবার, তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ২২০ মেট্রিক টন চাল এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার ভূমিকম্প: বেড়ে ১,৭১৯ হলো নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ভেনেজুয়েলার ভূমিকম্প: বেড়ে ১,৭১৯ হলো নিহতের সংখ্যা

 

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরে ধ্বংসস্তূপে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে।

সোমবার (২৯ জুন) দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত অন্তত ২২ হাজার ৬১৯ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে আহত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। এছাড়া অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি পুরোপুরি ধসে পড়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর অন্যতম লা গুয়াইরা বন্দরের বাসিন্দারা তাদের স্বজন ও প্রতিবেশীদের খুঁজে বের করার জন্য শাবল, হাতুড়ি ও কোদাল ব্যবহার করছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

সোমবার ভোরে দেশটিতে একটি পরাঘাত অনুভূত হয়েছে। তবে এতে নতুন করে কোনও ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।

আন্তর্জাতিক সহায়তা আসলেও গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হওয়ার কারণে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সোমবার ভোরে ১০০ ঘণ্টারও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর ২১ বছর বয়সি একজন যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রায় ৮০০টি ভবন ধসে পড়ে। সর্বশেষ সোমবার কারাকাস ও লা গুয়িরায় ৪ দশমিক ৬ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর রাস্তায় ভেনেজুেলার পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গিয়েছে, তবে উদ্ধার অভিযানে তাদের তেমন দেখা যাচ্ছে না।

কারাকাসের পশ্চিমে অবস্থিত পাহাড়ি এলাকা এল জুনকুইতোর বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধার অভিযানে খুব কম সরকারি কর্মকর্তাকে দেখা গেছে। কৃষক ও অন্যান্য বাসিন্দাদের সরবরাহ করা নিত্যপ্রয়োজী সামগ্রীই দুর্গত মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

সোমবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ব্যক্ত করেছেন, ২৫ হাজারেরও বেশি জরুরি কর্মী, পুলিশ সদস্য এবং সেনাসদস্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন। এখন প্রতিটি জীবন বাঁচানোই আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন। এ কারণে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

তবে চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে কি না, নয়তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে—এ বিষয়ে সিদ্ধান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেছেন।

এবারে, হাইকোর্টের দেওয়া একটি রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। ওই রায়ে আসলাম চৌধুরীকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলে জানা যায়। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল করেন। আনোয়ার সিদ্দিকী অভিযোগ করেছেন, আসলাম চৌধুরী ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত ছিল না।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আপিল বিভাগের আগের নির্দেশ অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি।

আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, আজকের আপিল বিভাগের রায়ের ফলে ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে। তিনি আরও বলেন, এখন চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে নাকি আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে, তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পর জানা যাবে।

এর আগে ১৫ জুন আপিল বিভাগ এই মামলার রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

৩ ফেব্রুয়ারি আনোয়ার সিদ্দিকীর করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনকে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়। তবে আদালত নির্দেশ দিয়েছে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যাবে না।

এর পর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। কিন্তু আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখন পর্যন্ত স্থগিত রয়েছে।

আপিল শুনানির সময় আদালতের বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী আদালতে বক্তব্য উপস্থাপন করেন। জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। এছাড়াও ব্যাংক এশিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম ও যমুনা ব্যাংকের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%