০৫:১১ পি.এম
লক্ষ্মীর রামগতিতে মাটি খননের সময় তিনটি রকেট বোমা সদৃশ ধাতব বস্তু উদ্ধার হয়েছে। এই বস্তুগুলো নিয়ে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিএনটি রোড এলাকা থেকে জিনিসগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার পানির সাপ্লাই লাইনের জন্য খননকাজ চলাকালে শ্রমিকরা মাটির প্রায় ৩ থেকে ৪ ফুট নিচে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি দেখে সন্দেহ হলে, তারা তাৎক্ষণিকভাবে খননকাজ বন্ধ করে দেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
খবর পেয়ে রামগতি থানার পুলিশ সেখানে গিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে এবং এলাকাটি ঘিরে রাখে। বস্তুগুলোর বোমা কিনা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে উদ্ধার করা বস্তুগুলো রকেট সদৃশ বোমা মনে হচ্ছে। কিন্তু এগুলো আসলেই বোমা, রকেট নাকি অন্য কোনো পুরোনো ধাতব বস্তু তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন