ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভেজাল প্রতিরোধে অভিযান আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর


ভেজাল প্রতিরোধে অভিযান আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং সেসব প্রতিষ্ঠানগুলোকে আরো গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

তিনি কমিটিকে আগামী এক মাসের মধ্যেই প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘ মেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের এই কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সোমবার (৬ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কতৃপক্ষ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনসহ মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী সভা করেন। এ সময়, ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কতৃপর্তি এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নানাবিধ প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলাপর্যায়ে জনবল বাড়ানো, উন্নত মানের ল্যাবরেটরি স্থাপন, মাঠ পর্যায়ের কাজ করার জন্য আধুনিক ইকুইপমেন্ট এবং বিভিন্ন সিন্ডিকেট ও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে নিরাপত্তা ঝুকিতে পড়ার কথা উল্লেখ করে মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোর দাবি জানান তারা।

প্রধানমন্ত্রী তাদের সঙ্কটের কথাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "সমস্যা থাকবে। তারপরও সেই সমস্যার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটি অবশ্যই সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।"

প্রধানমন্ত্রী জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ দেন। তিনি আরও বলেন, "আমাদের অনেক লেকই আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব আবর্জনা সমাজের শিক্ষিত মানুষরাই ফেলছেন। যাদের সচেতন হওয়া উচিৎ, অনেক সময় তারাই সচেতন হন না। দেশকে পরিবর্তন করতে হলে সরকারের উদ্যোগের পাশাপাশিও নাগরিকদের সদিচ্ছা এবং দায়িত্বশীলতার প্রয়োজন। সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সভায় প্রধানমন্ত্রী, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজার শাসনকাজে নিয়োজিত নিজেদের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার (৬ জুলাই) গাজা উপত্যকা শাসনকারী এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গোষ্ঠীটি নিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামাস কমিটি ভেঙে দেওয়ার ফলে উপত্যকাটি পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো। এই পদক্ষেপটি সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে। ২০০৭ সালে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস গাজার শাসনকাজ পরিচালনা করে আসছিল।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্রায় দুই দশক ধরে গাজার শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।’ গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গোষ্ঠীটি বারবার বলছে যে, তারা দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। যদিও তাদের নিরস্ত্রীকরণের জটিল বিষয়টি এখনো অমীমাংসিত হয়ে রয়ে গেছে।

জনসমক্ষে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানানোর পর হামাসের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেইসাথে এই কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে; যিনি গাজার পরিচালনা করতে গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন কাজ করবেন।

হামাসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীটি ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। উপদলগুলো হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এটিকে গাজার শাসনভার গ্রহণের ক্ষেত্রে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি বড় এবং আন্তরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

হামাসের এই কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথে উন্মুক্ত হলো। গাজায় হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবারের দিকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে হামাস। যদিও এ বিষয়ে সংগঠনটি আর কিছু বিস্তারিত জানায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড পেল খাগড়াছড়ির যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড পেল খাগড়াছড়ির যুবক

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলায় আসামি মো. শাহিনকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

সোমবার (৬ জুলাই) খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে বিস্তারিত জানা গেছে, এই ট্রাইব্যুনাল গঠনের পর এটি প্রথম মামলার রায়। অত্যন্ত দ্রুতগতির সাথে ঘটনার ১১ মাস ১৪ দিনের মাথায় মামলার রায় এসেছে। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত এই ডিসিশন গ্রহণ করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটি রামগড়ের নাকাপা ইসলামিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঘটনার দিন দুপুরে মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের 'মিম হোটেল' নামক দোকানের সামনে পৌঁছালে আসামি মো. শাহিন তাকে ডেকে ভেতরে নিয়ে যান। আসামি পূর্ব পরিচিত এবং স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি শিশুটিকে সম্পর্কসূত্রে 'নাতিন' ডেকে প্রথমে দোকানে বসিয়ে বিস্কুট ও কেক খেতে দেন।

দোকান থেকে বের হতে দেরি হওয়ায় ভিকটিমের সহপাঠীরা তাকে রেখে চলে যায়। এর পর দোকানে কোনো ক্রেতা বা লোকজনের উপস্থিতি না থাকার সুযোগে, আসামি শাহিন ওই শিশুকে দোকানের পেছনের অংশে বেড়ার আড়ালে নিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ন্যাক্কারজনক ঘটনার পর রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

এদিকে, দ্রুততম সময়ে দেওয়া এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা।

অন্যদিকে, রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম অসন্তোষ প্রকাশ করে জানান, 'আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব মাদরাসার উদ্দেশে সরকারের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


সব মাদরাসার উদ্দেশে সরকারের জরুরি নির্দেশনা

দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা ওই নির্দেশনাতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর।

তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এই অবস্থায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের কর্তব্য হচ্ছে তাদের নিজ নিজ মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা।

নির্দেশনাতে আরো উল্লেখ করা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব মাদরাসায় কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে এই দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়িত্ব প্রদান করবেন। সেই সঙ্গে এসব শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শোকানুষ্ঠান ঘিরে সাময়িকভাবে বন্ধ তেহরানের আকাশসীমা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


খামেনির শোকানুষ্ঠান ঘিরে সাময়িকভাবে বন্ধ তেহরানের আকাশসীমা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরানে রাষ্ট্রীয় শোকমিছিল চলছে। এটি একটি ব্যাপক শোকযাত্রা, যা ১০ কিলোমিটার দীর্ঘ। শোকযাত্রা শেষ হওয়ার পর মরদেহ আজাদি স্কয়ারে রাখা হবে, যেখানে সেখানে আরেক দফা জানাজা আয়োজন করা হবে। এরই মধ্যে, নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে তেহরানের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর কারণে ইরান শোক, শ্রদ্ধা ও স্মৃতিচারণার মাধ্যমে শেষ বিদায় জানাচ্ছে। প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির রাষ্ট্রীয় শোক মিছিলে অংশ নিতে লাখো মানুষ কালো পোশাক পরিধান করে ভোর থেকেই রাজধানীর রাজপথে জড়ো হয়েছেন। এই কর্মসূচি প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাব্যাপী চলতে পারে।

১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রাটি ইমাম হোসেইন স্কয়ার থেকে শুরু হয়ে ইনকিলাব স্ট্রিট, ইনকিলাব স্কয়ার, আজাদি স্ট্রিট ও আজাদি স্কয়ার অতিক্রম করে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগারি মহাসড়ক পর্যন্ত যাবে। শোকযাত্রার সময় জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা বহন করতে দেখা গেছে অংশগ্রহণকারীদের।

মঙ্গলবার (৭ জুলাই) আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ কোম শহরে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার (৮ জুলাই) প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে, যেখানে প্রচুর মানুষ প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে নেয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় খামেনিকে দাফন করার খবর রয়েছে।

এর আগে, গত ২ দিন ধরে তেহরানের গ্র্যান্ড খামেনি মোসাল্লামে খামেনি ও তার পরিবারের কয়েক সদস্যের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছিল। সেখানে কোটি মানুষের উপস্থিতিতে প্রথম দফার জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে, শোকানুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এক দিনের জন্য তেহরানের আকাশসীমা বন্ধ রয়েছে। পাশাপাশি, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইটও স্থগিত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%