ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোবাইলে টফি অ্যাপে সিঙ্গাপুর-বাংলাদেশ খেলা দেখার উপায়


মোবাইলে টফি অ্যাপে সিঙ্গাপুর-বাংলাদেশ খেলা দেখার উপায়

বাংলাদেশ টুর্নামেন্টে হতাশাজনক শুরু করে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। এবার সিঙ্গাপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্যে মাঠে নামছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয়ী হওয়ার জন্য উভয় দলই মরিয়া। বাংলাদেশের সমর্থকরা টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেও সরাসরি ম্যাচটি দেখতে পারবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। মোবাইল ফোনে টফি অ্যাপের মাধ্যমে ম্যাচটি দেখার সুযোগও রয়েছে।

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরে যায়। অন্যদিকে, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ২–০ গোলে পরাজিত হয়ে আসর শুরু করেছে সিঙ্গাপুর। ফলে, দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্য উভয় দলের রয়েছে।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

সিঙ্গাপুরের কোচ গ্যাভিন লি আগের ম্যাচের ফল ভুলে প্রস্তুতি ও পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।

সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সুখকর অভিজ্ঞতা নেই। গত মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ১–০ গোলে পরাজিত হয়েছিল। হারহিস স্টুয়ার্টের একমাত্র গোলে জয় পেয়েছিল সিঙ্গাপুর।

ফিফা র‍্যাঙ্কিংয়ের দিক থেকেও দুই দলের মধ্যে ব্যবধান রয়েছে। বাংলাদেশ ১৮২তম স্থানে অবস্থান করছে, অন্যদিকে সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে। তবে র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধান ভুলে মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ।

দলের আক্রমণভাগে হামজা চৌধুরীকে ঘিরে বাড়তি প্রত্যাশা রয়েছে। পাশাপাশি রাকিব হোসেনের পরিশ্রম ও লড়াকু মানসিকতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

বাংলাদেশের কোচ থমাস ডুলিও সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্টের গুরুত্ব সম্পর্কে সচেতন। তিনি খেলোয়াড়দের মানসিকতা ও মাঠে লড়াই করার মানসিকতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে হামজা চৌধুরী ও রাকিব হোসেনের উদাহরণ তিনি সামনে এনেছেন।

মালয়েশিয়ার বিপক্ষে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে জয় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ। এই ম্যাচে পয়েন্ট হারালে টুর্নামেন্টে পরবর্তী পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে জামাল ভূঁইয়ার দল।

ম্যাচের তথ্য এক নজরে

ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

টুর্নামেন্ট: ফিফা আসিয়ান কাপ

সময়: বাংলাদেশ সময় বেলা ৩টা

ভেন্যু: গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

টিভি সম্প্রচার: টি স্পোর্টস

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন যুজবেন্দ্র চাহাল

মোবাইলে দেখার মাধ্যম: টফি (Toffee) অ্যাপ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে, চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তার অংশগ্রহণ এবং নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য।

বৈঠকের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন যে, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো পৌঁছাতে নতুন নির্দেশনা দিল সমাজসেবা অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো পৌঁছাতে নতুন নির্দেশনা দিল সমাজসেবা অধিদপ্তর

সমাজসেবা অধিদপ্তর ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত এবং সময়মতো ভাতার অর্থ পৌঁছানোর জন্য প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশনা প্রদান করেছে।

এই নির্দেশনা ২৭ সেপ্টেম্বর তারিখে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।

সঠিক এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো ভাতার অর্থ পৌঁছানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো আবশ্যক।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর পূর্বে উপকারভোগীদের মোবাইল এবং ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।

এছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী, কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা বা সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে এবং ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার জন্মদিনে চবিতে ছাত্রলীগের ব্যানার টানানোর দাবি, প্রক্টর বলছেন ‘এডিটেড’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


শেখ হাসিনার জন্মদিনে চবিতে ছাত্রলীগের ব্যানার টানানোর দাবি, প্রক্টর বলছেন ‘এডিটেড’

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রধান ফটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানোর দাবি উঠেছে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ছবিটি ‘এডিটেড’ হয়েছে। একই সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের মধ্যে ব্যানারটি নতুন করে টানানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ারের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রধান ফটকে পলাতক নেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ব্যানার টানানো হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান দাবি করেছেন যে, ব্যানারটি নতুন করে টানানো হয়নি। তিনি বলেন, "এর পূর্বেও আলাওল হলের সামনে এ ধরনের ব্যানার টানানো হয়েছিল। এগুলো আগেই তোলা ছবি। নিষিদ্ধ ছাত্রলীগ নতুন করে প্রচারণা চালানোর চেষ্টা করছে।"

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় আরটিভি নিউজকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেসব নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসর রয়েছে, তারাই এদেরকে পেট্রোনাইজ করার চেষ্টা করছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাই, তারা যেন অতি দ্রুত যারা এই নিষিদ্ধ আওয়ামী লীগকে পেছন থেকে পেট্রোনাইজ করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে।"

তিনি আরও বলেন, "ছাত্রলীগকে মোকাবিলায় কোনো দলীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একদম ৫ আগস্টের পর থেকে ব্যানার লাগানো, পোস্টার লাগানো এগুলো সব বিষয়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি।"

কিছুদিন আগে তাদের নিষিদ্ধ সংগঠনের এক নেতা ফেসবুকে লাইভে এসে প্রোগ্রাম করার ঘোষণা দেয় এবং খবর পাওয়া গেছে যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে তারা প্রোগ্রাম করেছে।

তিনি জানান, "এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। আমরা ছাত্রসংগঠন হিসেবে তাদেরকে মোকাবিলা করতে পারি না, আমরা প্রশাসনকে জানিয়েছি।"

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "তাদের মধ্যে এখন একটি আত্মবিশ্বাস চলে এসেছে যে তাদের নেত্রী ফিরবে, তারা আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অংশ তাদেরকে সহযোগিতা করছে, এতগুলো সিকিউরিটি গার্ড, পাহারাদার থাকা সত্ত্বেও কীভাবে তারা প্রোগ্রাম করে চলে যায়? এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। চাকসু জিএস ও শিবির নেতা সাইদ বিন হাবিবের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি একটি প্রোগ্রামে আছেন।

এ নিয়ে শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি হাবিবুল্লাহ খালেদ আর টিভি নিউজকে বলেন, "আলাওল হল সহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে নিষিদ্ধ সঙ্গে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম দেখা যায়।"

তিনি অভিযোগ করেন, "এটির অন্যতম কারণ হলো প্রশাসনিক কোন ব্যবস্থার গ্রহণ না করা।"

শিবির নেতা ও চাকসু যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, "যে ব্যানারটি টানানো হয়েছে, সেটি আসলেই রোববার (২৭ সেপ্টেম্বর) রাতের কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।"

এ ধরনের ঘটনা কেন বারবার ঘটছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা প্রতিবারই এ ধরনের ঘটনা ঘটানোর পর প্রশাসনকে জানাই।"

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, "যে ছবিটি ছড়িয়ে পড়েছে, সেটা এডিটেড।"

তিনি জানান, "আমরা রোববার রাতে বিশ্ববিদ্যালয়ে টহলে ছিলাম। এ ধরনের ঘটনা ঘটার কথা না। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।"

উল্লেখ্য যে এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর একই স্থানে রাতের আঁধারে ব্যানার লাগিয়েছিল নিষিদ্ধ সংগঠনটি। পরে সকালে শিক্ষার্থীদের চোখে পড়ার পরপরই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সুরক্ষা আইনকে নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


সাইবার সুরক্ষা আইনকে নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং সাংবাদিক বা গণমাধ্যম এর শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বদা সতর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, সমাজের বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ ও বিস্তৃত আলোচনার মাধ্যমে এই আইনটি চূড়ান্ত করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত কন্সালটেশন সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে গৃহীত সিদ্ধান্ত ও পর্যালোচনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্টের সংশোধন আনার লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়া বিলটি পূর্বে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল। মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে যে, সাইবার স্পেসে কর্মরত আইটি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে বিস্তৃত আলোচনা ও পরামর্শ করা হবে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় আইনটি যাতে নিপীড়নমূলক হাতিয়ারে পরিণত না হয়, সেজন্য খসড়া বিলটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী এবং সাইবার স্পেসের ব্যবহারকারীরা তাদের মূল্যবান মতামত পাঠিয়েছেন, যা সরকারের পক্ষ থেকে সংকলন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের উল্লেখযোগ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, বিভিন্ন সংবাদপত্রের সংগঠন এবং সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এটি সরকারের দ্বিতীয় বৈঠক। গত ১০ সেপ্টেম্বর সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল তারা পরবর্তী সভায় সুস্পষ্ট লিখিত মতামত প্রদান করবেন অথবা ওয়েবসাইটে পাঠাবেন। অনেকেই আজকের বক্তব্যে মতামতের সারসংক্ষেপ উপস্থাপন করেছেন এবং লিখিত মতামত হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে ডেইলি স্টারের সম্পাদক মাহবুব আনাম একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। তিনি প্রস্তাব করেন যে, মিডিয়া ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে আরও কিছু সময় নিয়ে নিবিড় আলোচনা করা প্রয়োজন, যাতে গণমাধ্যম কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা ভিকটিমাইজ না হয় এবং আইনের মধ্যে প্রয়োজনীয় ‘সেভিং ক্লজ’ বা সুরক্ষা অনুচ্ছেদ নিশ্চিত করা যায়। সরকার এই প্রস্তাবটি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, "আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি এবং চাই না। কোনো সাংবাদিক যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য।"

সংবাদপত্র, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপের বিষয়ে মন্ত্রী জানান, সভায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে যে- কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ বা গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হবে। সরকার এই প্রস্তাবটিকে অত্যন্ত উপযুক্ত ও যুক্তিযুক্ত মনে করেছে। আগামী ১৫ দিনের মধ্যে অংশীজনদের কাছ থেকে আনুষ্ঠানিক সুপারিশ আসার পর তা বিলে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, মামলা বা আপিল নিষ্পত্তির ক্ষেত্রে যাতে অনির্দিষ্টকাল ধরে কাউকে ঝুলে থাকতে না হয়, সেজন্য একটি নির্দিষ্ট সময়সীমা (Time Limit) নির্ধারণের বিধান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আইনের খসড়া চূড়ান্তকরণের জন্য পরবর্তী পদক্ষেপ হিসেবে বিশেষ সমন্বয় কাঠামো গঠনের ঘোষণা দেওয়া হয়। সার্বিক সমন্বয় ও পরামর্শ গ্রহণের সুবিধার্থে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও)-কে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইটি) মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ প্রক্রিয়ার সমন্বয় করবে। এই সমন্বিত কার্যক্রমে সম্পাদক পরিষদের প্রতিনিধি, ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আইটি মন্ত্রণালয়ের গঠিত সাইবার বিশেষজ্ঞদের একটি বিশেষ প্যানেল সক্রিয়ভাবে অংশ নেবেন। আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে তারা সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করবেন এবং ১৫ দিন পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যরা যৌথভাবে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার পর্যায়সমূহ বর্ণনা করতে গিয়ে বলেন, প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়াটি মন্ত্রিসভায় নিয়ে যাওয়ার আগে পুনরায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ ও অংশীজনেরা আবারও মতামত প্রদানের পূর্ণ স্বাধীনতা পান। প্রাপ্ত মতামত গ্রহণযোগ্য হলে তাও খসড়ায় যুক্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত পর্যালোচনার পর বিলটি কেবিনেটের অনুমোদনের জন্য পেশ করা হবে। কেবিনেট অনুমোদন দিলে তা জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হবে। তবে সংসদে নেওয়া হলেও তাড়াহুড়ো করে তা পাস করা হবে না; সংসদীয় আলোচনায় সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণের পাশাপাশি সংসদের বাইরে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর মূল উদ্দেশ্য বর্ণনা করে মন্ত্রী বলেন, সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ আইন তৈরি করতে চায়, যার মাধ্যমে দেশ, সমাজ এবং বিশেষ করে যুবসমাজকে সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ ও সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়া অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হবে। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি (Social and Religious Harmony) এবং পারিবারিক বন্ধন ও দেশীয় সংস্কৃতির সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের (International Standards) সঙ্গে সামঞ্জস্য রেখেই এই আইন প্রণয়ন করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%