ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গবেষণার সমৃদ্ধিতে প্রযুক্তির সঠিক ব্যবহার জরুরি: বাকৃবি উপাচার্য


গবেষণার সমৃদ্ধিতে প্রযুক্তির সঠিক ব্যবহার জরুরি: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার উল্লেখ করেন, কর্মপরিবেশে প্রযুক্তি এবং নতুন গবেষণার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির সঠিক ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পারস্পরিক প্রশিক্ষণ এবং সফরের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্যবান তথ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। বাকৃবিতে দক্ষ গবেষক এবং বিজ্ঞানীদের একটি শক্তিশালী ভিত্তি বিদ্যমান। তাদের যৌথ যোগাযোগ এবং সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগ থেকে আরও ভালো ফলাফল আসবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। ‘জলবায়ু সহনশীলতার জন্য কৃষি ও কৃষিব্যবসা শিক্ষার ভবিষ্যৎ গঠন’ শীর্ষক সেমিনারে কৃষি এবং কৃষিভিত্তিক ব্যবসায় জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি শিক্ষার আধুনিকায়ন এবং জলবায়ু-সহনশীল কৃষি ও কৃষিব্যবসা খাত গড়ে তুলতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক প্রকল্প ‘এলগনিং’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে কৃষি শিক্ষাকে সময়োপযোগী করা।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগমও উপস্থিত ছিলেন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের। পরে এলগনিং প্রকল্পের পরিচিতি এবং কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক ও কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এশিয়ায় কৃষি উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসাকে আরও টেকসই এবং জলবায়ু সহনশীল করার লক্ষ্যই এলগনিং প্রকল্পের মূল উদ্দেশ্য। এর আওতায় বাংলাদেশ এবং কম্বোডিয়ার পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে উদ্ভাবনী ক্লাস্টার গড়ে তোলা হবে। গ্রিন ডিল, ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটের পলিমারে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


পাটের পলিমারে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা

ঢাকায় তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর নভোথিয়েটারে শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই মেলা চলবে সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘Innovate to Market’ বা ‘উদ্ভাবন থেকে বাজার’।

‎

মেলায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘Shaping the Future with Jute Fiber: Development and Commercialization of Innovative Materials’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।

প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে পাট ও পাটজাত অবশিষ্টাংশকে আধুনিক প্রযুক্তির সাহায্যে উচ্চমূল্যের এবং পরিবেশবান্ধব উপাদানে রূপান্তর করা। এর অংশ হিসেবে পাটকাঠিকে পাইরোলাইসিস প্রক্রিয়ায় বায়োচার ও অ্যাক্টিভেটেড কার্বনে রূপান্তরের প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। এই অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করে ইলেকট্রোড উপাদান ও সুপারক্যাপাসিটর তৈরির সম্ভাবনাও তুলে ধরা হয়েছে।

‎

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও Jute Polymer Nanotechnology Research Group-এর প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার মন্তব্য করেন, পাটের মধ্যে থাকা মূল্যবান পলিমার আহরণ করে উচ্চপ্রযুক্তির বিভিন্ন উপাদান তৈরি করা সম্ভব। পাটে ৬৫ থেকে ৭০ শতাংশ সেলুলোজ এবং ১৫ থেকে ১৭ শতাংশ লিগনিন বিদ্যমান। এসব উপাদান ব্যবহার করে নতুন ধরনের মূল্য সংযোজিত পণ্য তৈরি করা যেতে পারে।

‎

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে পাট থেকে ন্যানো সেলুলোজ তৈরি করেছি এবং তা বাণিজ্যিকভাবে উৎপাদনের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পাটের লিগনিন আহরণ ও প্রক্রিয়াকরণের কাজও চলছে। পাটকাঠি থেকে উচ্চ শোষণক্ষমতাসম্পন্ন কার্বন তৈরি করেছি, যা শক্তি সংরক্ষণ ও গ্রিন এনার্জির গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে।’

‎

অধ্যাপক বাশার উল্লেখ করেন, পাটের সেলুলোজ থেকে চিকিৎসা খাতেও বিভিন্ন ধরনের পলিমার তৈরি করা সম্ভব। পাটভিত্তিক এসব উপাদানের বাণিজ্যিকীকরণের মাধ্যমে নতুন শিল্প গড়ে তোলা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

‎

প্রকল্প টিমের সদস্যদের মধ্যে রয়েছেন প্রভাষক মো. শাহাবুল হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম এবং মো. আব্দুর রহমান। সংশ্লিষ্টরা আশাবাদী যে, কৃষিজ অবশিষ্ট পাটকাঠিকে শক্তি সংরক্ষণে ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তরের এই উদ্যোগ দেশের সবুজ ও টেকসই প্রযুক্তিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে অন্ধকার-দুর্দিন ফিরে না আসার আহবান রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


দেশে অন্ধকার-দুর্দিন ফিরে না আসার আহবান রিজভীর

দেশবাসীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যেন দেশে আর অন্ধকার-দুর্দিন ফিরে না আসে।

তিনি উল্লেখ করেন, এক সময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে জীবন কাটাতে হয়েছে। ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী মতের লোকজনের বিরুদ্ধে রক্তের হলি খেলেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

ফরহাদ নগর ইউনিয়নের জগৎ জীবনপুর গ্রামের পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহারের বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান এবং স্মরণসভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম খুনের শিকার বিএনপির হাজারো নেতাকর্মীর পরিবারে এখনও অপেক্ষার শেষ নেই।

বিএনপি গণতন্ত্র এবং অসহায় মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।

রিজভী আরও বলেন, দুর্শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছে মানুষ। পুলিশের গুলিতে নিহত হারুনরা মেট্রোরেল, পদ্মাসেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করেনি। তাদের স্বপ্ন ছিলো একটি সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এরপর থেকে হারুনের পরিবারের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ এপ্রিল আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সংগঠনের আয়োজনে বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল। মাথা গোঁজার ঠাঁই পেয়ে নিহত হারুনের স্ত্রী জোহরা বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার পরিবারে দু:খ ঘুচেছে।

হারুনের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। ২০১৭ সালে বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ খরচে হারুনের বড় মেয়েকে বিয়ে দেন। আরেক মেয়েও বিয়ের উপযুক্ত। তাকেও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খরচে বিয়ে দেয়া হবে বলে জানান বিএনপি নেতারা। হারুনের নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলের সব খরচও বহন করছে আমরা বিএনপি পরিবার।

ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান ও স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের এমপি মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

অনুষ্ঠান শেষে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর হারুনের পরিবারকে দেয়া নতুন ঘর উদ্বোধন করেন এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এছাড়া বিকেলে পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো এক অসহায় পরিবারকেও নতুন বাড়ির চাবি তুলে দিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে অসহায় ওই পরিবারটিকে এ ঘর উপহার দেয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের মেয়েরা চীনে জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


বাংলাদেশের মেয়েরা চীনে জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন

চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়েছে জমকালো সমাপনী অনুষ্ঠানে।

বাংলাদেশ পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। দলীয় সাফল্যের পাশাপাশি, ব্যক্তিগত অর্জনেও বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন উজ্জ্বল।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে যৌথভাবে টপ স্কোরার অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন। গোল করার দক্ষতায় তিনি দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

চ্যালেঞ্জার গ্রুপে এই ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ হকি দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের আঘাতে মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

স্বজনদের তথ্য অনুযায়ী, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। শিকলবাহা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মুন্নাও অন্তর্ভুক্ত আছেন। দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%