০৩:২৭ পি.এম
পটুয়াখালী, ২৬ জুলাই, ২০২৬ : রাঙ্গাবালী উপজেলার বিশেষ অভিযানে নিরাপদ প্রজনন ও ইলিশসহ অন্যান্য মাছের সংরক্ষণে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশ মিলে ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাংগুনি ও ফুলখালী এলাকায় এ অভিযান চালায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অভিযান চলাকালে নদী ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। এসব অবৈধ জালের ব্যবহারের ফলে মা মাছ ও পোনা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা স্থানীয় নদ-নদীর মৎস্যসম্পদের জন্য চরম হুমকি।
মৎস্যসম্পদ সুরক্ষা ও টেকসই উৎপাদনের স্বার্থে এ ধরনের অভিযানের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বাসস-কে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন