০৭:২৮ পি.এম
বরিশাল নগরীতে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ওই গৃহবধূর বাবার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিরিনের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কলি আক্তার বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বক্তারা অভিযোগ দায়ের করেন, বিয়ের পর থেকে শিরিনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা জানিয়েছেন।
তাদের দাবি, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, "আমার মেয়ের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
মা নাজমিন বেগম বলেন, "আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। যারা আমার মেয়ের জীবন নষ্ট করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।"
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ভাই জাহিদুল ইসলাম জানান, মৃত্যুর আগে শিরিন তাকে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিলেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ বিষয়ে উল্লেখ্য, গত ৭ জুলাই বরিশাল নগরের চাঁদমারী এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিরিনের বাবা শাহ আলম মোল্লা তার মেয়ের স্বামী এনামুল হক শাহিন, স্বামীর বোন খাদিজা ও তার নানি ফিরোজা বেগমের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন বলেন, আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ওই গৃহবধূর বাবা। এ বিষয়ে মেয়ের স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন