ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাঞ্ছারামপুরে অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাঞ্ছারামপুরে অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদ সহ একটি পাজেরো জিপে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়েছে পুলিশ দ্বারা। আটককৃত ব্যক্তি মাইনউদ্দিন প্রকাশ দুলাল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৮), যিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা যায়, নবীনগর এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে রাসেল মিয়া দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেন। মঙ্গলবার সকাল বেলায় একপর্যায়ে তিনি বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাট এলাকায় পৌঁছালে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটকের পরে পাজারো জিপে তল্লাশি চালিয়ে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপত্তিকর মন্তব্য ঘিরে চিত্রগ্রাহকের বিরুদ্ধে ক্ষুব্ধ জেরিন খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


আপত্তিকর মন্তব্য ঘিরে চিত্রগ্রাহকের বিরুদ্ধে ক্ষুব্ধ জেরিন খান

মুম্বাইয়ে একটি পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে চিত্রগ্রাহকদের (পাপারাজ্জি) ওপর বেজায় চটে গেলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। এক চিত্রগ্রাহকের আপত্তিকর মন্তব্যের জেরে অনুষ্ঠানেই নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি তিনি। 

সেখানে যখন তিনি একটি ডেনিম জ্যাকেট এবং পোশাক প্রদর্শন করছিলেন, তখন আচমকাই এক চিত্রগ্রাহক তাকে পোশাকটি ‘পরে দেখার’ (ট্রাই করার) অনুরোধ করেন। এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে জেরিন সঙ্গে সঙ্গেই কড়া ভাষায় সেই চিত্রগ্রাহককে নিজের সীমার মধ্যে থাকার কড়া হুঁশিয়ারি দেন।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, চিত্রগ্রাহকের এমন কথায় চরম বিরক্ত হয়ে জেরিন বলেন, ‘আপনাদের সবার সামনে? এটা কোনোভাবেই সম্ভব নয়।’ এরপর আরও ক্ষুব্ধ কণ্ঠে তিনি যোগ করেন, আমার সঙ্গে এই ধরনের ফালতু কথাবার্তা বলবেন না। আমি এই ধরনের নোংরামি একদমই সহ্য করব না। সবাই নিজেদের সীমার মধ্যে থাকুন।

অন্যায় বা অশোভন আচরণের বিরুদ্ধে জেরিন খানের রুখে দাঁড়ানোর ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে তাকে ট্রল ও কুরুচিপূর্ণ মন্তব্যের কড়া জবাব দিতে দেখা গেছে। গত বছর অক্টোবর মাসে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করার পরপরই অশালীন মন্তব্য ও আপত্তিকর ইমোজির বন্যা বয়ে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সেই সময় একটি ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছিলেন, এসব মন্তব্য কি আসলেই কোনো বাস্তব মানুষ করছে নাকি কোনো বটের কাজ। জেরিন হতাশা প্রকাশ করে বলেছিলেন যে, তিনি যাই পোস্ট করেন না কেন, কিছু মানুষ সেখানে অত্যন্ত নোংরা মন্তব্য করার পথ খুঁজে নেয়। তার সেই পোস্টে সাধারণ ভক্তরাও সংহতি জানিয়ে মন্তব্য করেছিলেন যে, ইন্টারনেটে মানুষ ন্যূনতম সৌজন্যবোধ হারিয়ে ফেলেছে।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’ এবং হরর ঘরানার ছবি ‘১৯২১’-এ অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। সালমান খানের জনপ্রিয় ছবি ‘রেডি’-র একটি গানেও বিশেষ পারফর্ম করতে দেখা গেছে তাকে। হিন্দি সিনেমার পাশাপাশি ‘জাট জেমস বন্ড’ এবং ‘ডাকা’-র মতো পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা, নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ চারজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা, নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ চারজন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল স্থানে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় ঘটে একটি বিস্ফোরণ। এই ভয়াবহ দুর্ঘটনায় চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে।

দগ্ধ শ্রমিকদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামের একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি রংপুরের কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। অপরদিকে, অন্যান্য তিন শ্রমিক সামান্য আহত হয়েছেন এবং তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সড়ক কেটে যখন গ্যাস পাইপে সংযোগ দেওয়ার কাজ করা হচ্ছিল, তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় চার জন শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে আরিফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের ৬৫% দগ্ধ হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ জুলাই থেকে স্বাভাবিক হচ্ছে বান্দরবানের পর্যটন, খুলছে সব কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


১৬ জুলাই থেকে স্বাভাবিক হচ্ছে বান্দরবানের পর্যটন, খুলছে সব কেন্দ্র

আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বন্যা সংক্রান্ত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এ তথ্য জানান।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ায় ১৫ জুলাইয়ের পর পর্যটন বন্ধের নিষেধাজ্ঞা আর বর্ধিত করা হবে না। এর ফলে আগামী ১৬ জুলাই হতে পর্যটন কেন্দ্রগুলো পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে গত ৮ জুলাই বন্যা ও পাহাড় ধসের ঝুঁকির কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। তবে সোমবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হয় এবং আবহাওয়া ভালো থাকায় ১৫ জুলাইয়ের পর এর মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে গত ৮ জুলাই থেকে বান্দরবানে বন্যা দেখা দিয়েছে। এই দুর্যোগে পাহাড় ধসে ৫ জনের প্রাণহানিও ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন সুন্দরবনের ২৭ জলদস্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন সুন্দরবনের ২৭ জলদস্যু

সুন্দরবনের অপরাধ জগতের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলো আরও একটি দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ সদস্য আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মেজবাউল ইসলামের কাছে তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে দস্যুতা পরিত্যাগের চূড়ান্ত ঘোষণা দেন।

এর মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত এবং সুন্দরবন নিরাপদ করার সরকারি প্রত্যয় আরও একটি ধাপ এগিয়ে গেল। এসময় জেলা প্রশাসকের প্রতিনিধি, কোস্টগার্ড, র‌্যাব, বিজিবি, পুলিশ, এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকালে জলদস্যুরা তাদের ব্যবহৃত মোট ২৭টি দেশি-বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কোস্ট গার্ড জোনাল কমান্ডারের হাতে জমা দেন। এর পাশাপাশি তারা ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেন। জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর বিশাল বহরে দীর্ঘদিন ধরে এই বিপুল পরিমাণ মরণাস্ত্র দিয়ে তারা সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাউয়ালি, মাওয়ালিদের জিম্মি করে মুক্তিপন আদায় করে আসছিল। যাদের মধ্যে যারা মুক্তিপন দিতে অসিকার করতো, তাদের ওপর মারধর ও অমানবিক নির্যাতন চালানো হতো। পায়ে শিকল বেঁধে দিনের পর দিন আটকে রাখা হতো। চাহিদা অনুযায়ী মুক্তিপণ পেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হতো বলেও অভিযোগ ছিল দস্যুদের বিরুদ্ধে। এছাড়া অনেক জেলেকে আটক রেখে জোরপূর্বক দস্যুতাও করানো হতো বলে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

জলদস্যুদের আত্মসমর্পণের বিষয় নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক অভূতপূর্ব সমন্বয় দেখা যায়। এ সময় মঞ্চে ও অনুষ্ঠানস্থলে বাগেরহাট জেলা প্রশাসকের প্রতিনিধি, কোস্ট গার্ডের শীর্ষ কর্মকর্তা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।

অনুষ্ঠানে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা আত্মসমর্পণকারী ২৭ দস্যুকে স্বাগত জানান এবং ভুল পথ ছেড়ে আলোর পথে আসার সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

কোস্টগার্ড কর্মকর্তারা তাদের বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সুন্দরবনকে জলদস্যু, বনদস্যু ও চোরাকারবারী মুক্ত রাখতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বলবৎ থাকবে। তারা জানান, বনের ভেতরে আর কোনো নতুন বাহিনীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তবে যারা নিজেদের ভুল বুঝতে পেরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চাইবেন, তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি ও মানবিক সহযোগিতা করা হবে।

আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), ও হেলাল (৩৮) খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা থানার বাসিন্দা। এছাড়া আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১) উল্লেখযোগ্য।

বনজীবী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছোট জাহাঙ্গীর বাহিনীর এই আত্মসমর্পণের ফলে সুন্দরবনের পশুর নদী ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার জেলেদের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং তারা নির্ভয়ে জীবিকা নির্বাহ করার সুযোগ পাবেন। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ কার্যব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল ইসলাম জানিয়েছেন, সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আত্মসমর্পণকারীদের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে, যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে অভিযান চলমান রয়েছে। চলতি বছরের ২১ মে সুমন বাহিনী ও ৯ জুলাই জাহাঙ্গীর বাহিনীর দুই দফায় ১০ জন জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%