০২:০৬ এম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি খালের স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন খালের স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দধিভাঙ্গা বাজারের পাশের খালের স্লুইসগেটে একটি নারীর মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে কচুরিপানার মধ্যে আটকে থাকা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হননি।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন। মরদেহ উদ্ধারের সময় তার কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করার পর অল্প কিছু টাকা, চকোলেট, আচার, বিস্কুট, বাদাম এবং কয়েকটি ওষুধের প্যাকেট উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে সেই ধারণা করছে। বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য থানার হেফাজতেই রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন