০৮:১৯ পি.এম
মাদারীপুরে মানব পাচারের অভিযোগে করা মামলার প্রধান আসামি জুলহাস তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ জুলাই) দুপুরে, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে ঢাকার কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাকে ধরে আনা হয়।
গ্রেপ্তার হওয়া জুলহাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের একজন বাসিন্দা। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ইতালিসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সংশ্লিষ্ট সূত্রে তথ্য অনুযায়ী, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর উদ্দেশ্যে জুলহাস তালুকদারসহ ৯ জনের একটি চক্র ২৩ লাখ টাকা নেয়। কিন্তু পরে আরমানকে ইতালি পাঠানোর পরিবর্তে লিবিয়ায় আটক করে মাফিয়াদের কাছে তুলে দেওয়া হয়। সেখানে আরমানের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়। তাকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যরা কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হন। এরপরও চক্রটি অতিরিক্ত টাকা দাবি করে।
এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মানব পাচার আইনে দালাল চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে জুলহাস তালুকদারকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব-৮ ও ১০ এর মাধ্যমে।
দুপুরের পরে জুলহাস তালুকদারকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, মানব পাচার আইনে করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। এ ছাড়া জুলহাসের বিরুদ্ধে মানব পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৫টি মামলা রয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন