১২:৩০ এম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের জেলে মো. মুসা (২৩)-এর নেতৃত্বে একদল জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। যখন জাল তোলার সময় বিশাল আকৃতির বাঘাইড়টি ধরা পড়ে। পরে মাছটি নদী থেকে ঘাটে নিয়ে এলে সেটি দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে।
জেলেরা জানান, পদ্মা নদীতে এ মৌসুমে বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। তবে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের বাঘাইড় খুব কমই দেখা যায়। তাদের ধারণা, নদীতে পানি বাড়তে শুরু করায় বড় মাছের আনাগোনা বেড়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
১২ নং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকারের মাছ ধরা পড়ে। এত বড় একটি বাঘাইড় ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
জেলেরা জানান, মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। পরে আড়তদার মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন।
মাছটি ঘাটে আনার পর একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন। বিশাল আকৃতির বাঘাইড়টির ওজন ও বিক্রয়মূল্য নিয়েও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে এত বড় বাঘাইড় ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন