০৪:০২ পি.এম
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈধ স্থায়ী বাসিন্দার (মাইপিআর) আড়ালে অবৈধ অভিবাসী সরবরাহ ও মানবপাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির অভিবাসন বিভাগ।
বিবৃতিতে বলা হয়, গত বুধবার দুপুরে পুত্রজায়া ইমিগ্রেশনের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টানা এক মাস নজরদারি শেষে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এই অভিযানে মূলহোতার পাশাপাশি আরও চার বাংলাদেশি পুরুষ, একজন বাংলাদেশি নারী এবং একজন থাই নারীকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, গ্রেফতারদের মধ্যে ‘মূলহোতা’ বাংলাদেশির মালয়েশিয়ার স্থায়ী বসবাসের অনুমতি (মাইপিআর) রয়েছে। আটকদের অন্যদের মধ্যে একজন বাংলাদেশি ছাত্র ভিসা এবং থাই নারী রেস্তোরাঁ কর্মী হিসেবে সাময়িক কাজের পাস (পিএলকেএস) ব্যবহার করছিলেন। বাকিদের কাছে মালয়েশিয়ায় থাকার মতো কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি ছিল না। অভিযান চলাকালীন আইন প্রয়োগকারী সংস্থাটি ৩১টি বাংলাদেশি পাসপোর্ট, ১টি থাই পাসপোর্ট, ব্যবসায়ী নিবন্ধন নথির কপি এবং নগদ ৪৮ হাজার ৫২৪ রিঙ্গিত জব্দ করে।
ইমিগ্রেশন বিভাগের সূত্রে জানা যায়, চক্রটি মূলত ক্ল্যাং ভ্যালি এলাকার স্থানীয় নিয়োগকর্তাদের টার্গেট করে অবৈধভাবে বিদেশি কর্মী সরবরাহ করে আসছিল। আইনি চোখ ফাঁকি দিতে তারা একটি রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে এই সিন্ডিকেট চালাত এবং প্রতিটি কর্মীর ভিসা নবায়ন ও ব্যবস্থাপনার নামে ৪ হাজার রিঙ্গিত করে হাতিয়ে নিত। বর্তমানে আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।
এছাড়া তদন্তে সহায়তার জন্য আরও চার স্থানীয় নাগরিক এবং একজন বাংলাদেশিকে নোটিশ দেওয়া হয়েছে। মূল অভিযুক্তের বিরুদ্ধে পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন