০৫:০৪ পি.এম
কাউনিয়ার অদম্য কলি রানী পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক, রংপুর
কলি রানী পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
উল্লেখযোগ্য যে, জন্ম থেকেই তার দুই হাতের আঙুল নেই। হাতে কলম ধরার সামর্থ্য নেই। তৃতীয় শ্রেণির পড়ার সময় কলির বাবা মারা যান। কলি রানী তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হলেও শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবলকে সঙ্গে নিয়ে তিনি ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রংপুরের কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে পা দিয়ে খাতা লেখা অবস্থায় পরীক্ষা দেন তিনি। এর আগে, তিনি পায়ে লিখেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেড এবং এসএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। শুধু লেখাপড়াতেই নয়, গানেও তার অসাধারণ দক্ষতা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন।
কলি রানী গদাই গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের মেয়ে। কলির মা রুপালি রানী বলেন, তার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের উৎসাহ এবং শিক্ষকদের অনুপ্রেরণায় আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে কলি পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
কলি রানী বলেন, তিনি লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী হিসেবে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও কলি রানীর ইচ্ছার কারণে ৩০২ নং কক্ষে সবার সঙ্গে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বোর্ডের নিয়ম অনুযায়ী, তাকে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন