ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভিক্ষা করে নির্বাচনী খরচে দিয়েছিলেন ৭০ টাকা, বদলে পেলেন নতুন ঘর


ভিক্ষা করে নির্বাচনী খরচে দিয়েছিলেন ৭০ টাকা, বদলে পেলেন নতুন ঘর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমরকে ভিক্ষা করে জমানো টাকা থেকে একজন রিনা স্নাল (৭১) নামে ৭০ টাকা নির্বাচনী খরচ দিয়েছিলেন। এমপি নির্বাচিত হয়ে প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে সালমান ওমর সেই নারীর জন্য নতুন ঘর করে দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরটি রিনা স্নালের কাছে হস্তান্তর করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু মারা যান কয়েক বছর আগে। জীবদ্দশায় তিনি বাঁশ ও বেতের কাজ করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ার কারণে পরে ভিক্ষাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রিনা স্নালের একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান। বর্তমানে তিনি সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করছেন। বৃদ্ধা রিনা স্নাল দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে।

স্থানীয়রা বলেন, রিনা স্নালের দেখভালের তেমন কেউ নেই। ভিক্ষা করে তার দৈনন্দিন জীবন চলত। নতুন ঘর পাওয়ায় তিনি নিরাপদে বসবাসের সুযোগ পেলেন।

সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, ভাবিনি জীবনের এই বয়সে নতুন ঘরে থাকতে পারব। যারা আমাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটু গ্রেফতার, বৃদ্ধের অন্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়ার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


লিটু গ্রেফতার, বৃদ্ধের অন্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়ার ঘটনা

বরিশালে বেসরকারি প্রতিষ্ঠান 'অগ্রণী হাউজিং লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর, অন্ডকোষ চেপে ধরা এবং জোরপূর্বক চেক ও স্টাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার (৫ জুলাই) বেলা আড়াইটার দিকে নগরীর সদর রোডের ‘টপ টেন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে এই গ্রেফতার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) প্রধান আশিক সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আজিজ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন, গত ২৭ জুন সন্ধ্যার পর সদর রোডে তার অগ্রণী হাউজিং অফিসে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, লিটু একসময় আবাসন ব্যবসার অংশীদার ছিলেন এবং লিটুর বিনিয়োগের বিপরীতে তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের কাছে কোনো টাকা পাওনা নেই বলে লিটু অঙ্গীকারনামাও দিয়েছিলেন। তবে এরপরও লিটু দীর্ঘদিন ধরে তার কাছ থেকে এক কোটি টাকা দাবি করে আসছিলেন।

আব্দুল আজিজ জানিয়েছেন, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর রোডের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর করে লিটু ও তার ক্যাডার বাহিনী। প্রথমে মারধরের পর একপর্যায়ে লিটু তার অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি ব্ল্যাংক (সাদা) চেক এবং দুটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়। ঘটনার পরপরই তিনি ব্যাংকে অভিযোগ করে রাখায় আসামিরা টাকা তুলতে পারেনি। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন, আদালত সেটি এফআইআরভুক্ত করতে কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

ঘটনার সত্যতা সবাইকে জানাতে শনিবার রাতে আব্দুল আজিজ নিজেই তার অফিসের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন, ফলে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু সরাসরি আজিজকে মারধর করছেন। একপর্যায়ে লিটু আজিজের অন্ডকোষ চেপে ধরে চেক ও স্টাম্পে স্বাক্ষর নেয়। মারধরের সময় আজিজ ‘বাচ্চু-বাচ্চু’ বলে চিৎকার করলে একজন ব্যক্তি কক্ষে ঢোকার চেষ্টা করেন, কিন্তু লিটুর সঙ্গীরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। স্বাক্ষর নেওয়ার পর চেক ও স্টাম্প হস্তান্তরের ছবিও তোলে তারা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত লিটু কাটপট্টি সড়কের বাসিন্দা এবং তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। নগরীতে লিটু যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে গুঞ্জন ছড়ালে রোববার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর যুবদল।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন স্পষ্ট জানান, লিটু যুবদলের জেলা, মহানগর বা ওয়ার্ড, কোনো কমিটির সদস্য নন। তিনি কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক ফায়দা লুটতে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে, সেজন্য তারা অবিলম্বে লিটুর গ্রেফতারের দাবি জানান। এই সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেরকের মাথায় পুলিশ লিটুকে গ্রেফতার করে।

অপরদিকে, ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত লিটু সময় সংবাদের কাছে দাবি করেন, ওইদিন যারা গিয়েছিলেন তারা সকলেই প্রতিষ্ঠানের পরিচালক। লিটু আরো জানান, আজিজ সকলের টাকা আত্মাসাত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক খুলছে পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


দুদক খুলছে পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলতে, দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে যে সময় লাগছে। সংস্থা জানিয়েছে, যদিও প্রাথমিক কিছু নথিপত্র পাওয়া গেছে, বিস্তর অভিযোগের সমাধান করতে তারা বেগ পেতে হচ্ছে।

এবার আলাদা তিনটি চিঠির মাধ্যমে পাপনের সময়কালের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ডপত্র তলব করেছে দুদক।

২০১২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত, টানা একযুগ বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন একচ্ছত্র ক্ষমতার ব্যবহার করেছেন। এই দীর্ঘ সময়ে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, কনসালট্যান্ট নিয়োগে জালিয়াতি, বিপিএল আয়োজন নিয়ে বিপুল লুটপাট এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক।

অভিযোগের সত্যতার খোঁজে গেল বছর বিসিবিতে অভিযানের পাশাপাশি তলব করা হয় ২৩ ধরণের নথিপত্র। তবে এক বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চললেও এই প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, বিশাল এই দুর্নীতির জাল ভাঙতে তথ্য উপাত্ত সংগ্রহে বাড়তি সময় লাগছে।

এদিকে, গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল বরাবর তিনটি পৃথক চিঠি পাঠায় দুদক। এই চিঠিগুলোতে নাজমুল হাসান পাপনের একযুগের শাসনামলের সব ধরণের আর্থিক লেনদেন ও প্রশাসনিক নথিপত্র তলব করা হয়েছে।

বিসিবি'র দুর্নীতির পাশাপাশি পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মামলার তদন্তও করছে দুদক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে দলিল জালিয়াতি, সাবেক সাব-রেজিস্ট্রারের কারাবাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


ফরিদপুরে দলিল জালিয়াতি, সাবেক সাব-রেজিস্ট্রারের কারাবাস

দলিল টেম্পারিংয়ের অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ফলে ফরিদপুর সদরের সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজা এ আদেশ দেন। এর পর তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জানা যায়, ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৭ সালের ১৫ মে থেকে ২০১৮ সালের ২৮ মে তারিখের মধ্যবর্তী সময়ে একটি মূল্যবান হেবা ঘোষণাপত্রের দলিলের পাতা ঘষামাজা এবং ফ্লুইড দিয়ে লেখা মুছে ফেলাসহ জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠে সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তের শেষে দুদক নিয়মিত মামলা দায়ের করে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখিত হয়েছে, আসামিরা পরস্পরের সহায়তায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জাল-জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অন্যায় লাভের লক্ষ্যে দলিলের মূল কপির ৬ নম্বর পাতায় একটি গুরুত্বপূর্ণ অংশ ঘষামাজা করে মুছে ফেলেন।

দুপুরে মামলার প্রধান আসামি সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী মিয়া (৬০) আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নে কাজ চলছে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নে কাজ চলছে: তথ্যমন্ত্রী

প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য মন্ত্রণালয়ের সব আইন সময়োপযোগী করা হবে, বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সময়োপযোগীকরণ এবং নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি গভীরভাবে যুক্ত হয়ে গেছে। প্রযুক্তি মানুষের জন্য একটি আশীর্বাদ হিসেবে কাজ করছে, কিন্তু এর সঙ্গে অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জও রয়েছে। এ সমস্ত চ্যালেঞ্জ চিহ্নিত করে একটি কার্যকর আইনি কাঠামোর মধ্যে আনতে হবে।

তিনি আরও বলেন, অতীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যপরিধি মূলত প্রিন্ট মিডিয়া ও সম্প্রচার মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ও ডিজিটাল পরিবেশের বিকাশের মাধ্যমে অসংখ্য নতুন মাধ্যম সৃষ্টি হয়েছে, যেগুলোর অনেকই প্রচলিত আইনের আওতার বাইরে অবস্থান করছে। তাই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যমান সব আইন, বিধি, প্রবিধান ও নীতিমালা পুনঃপর্যালোচনা করে তা সময়োপযোগী করে নিতে হবে।

জহির উদ্দিন স্বপন আরো জানান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন নতুন আইন প্রণয়ন করেছে এবং প্রযুক্তিনির্ভর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব দেশের আধুনিক আইন ও অভিজ্ঞতা অধ্যয়ন ও পর্যালোচনার দায়িত্ব সংশ্লিষ্টদের উপর বর্তিয়েছে, যাতে বাংলাদেশের নিজস্ব বাস্তবতার সঙ্গে উপযুক্ত একটি কার্যকর আইনি কাঠামো গড়ে তোলা সম্ভব হয়।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্য এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%