ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটি ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে


অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটি ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে

দেশের শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচল খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন তেল আমদানির জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর—এই চার মাসের বাড়তি চাহিদা মেটাতে এবং পর্যাপ্ত মজুত বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএ’র ২৯তম সভায় এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সম্পূর্ণ সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে এই ৬ লাখ ৯৫ হাজার টন ডিজেল ও জেট ফুয়েল দেশে আমদানি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত এই জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের নির্ধারিত মূল বরাদ্দের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বছরের শেষ চার মাসে পরিবহন, বিমান চলাচল ও শিল্প খাতে জ্বালানির ব্যবহার প্রতিবছরই বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে কৌশলগত মজুত বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্য সরকার আগেভাগে এই আমদানির উদ্যোগ গ্রহণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে এক টন বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


মধুপুরে এক টন বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই উদ্ধার, আটক ১

টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার করেছে প্রশাসন। এ সময় ভাঙারি ব্যবসায়ী ইব্রাহিমকে আটক করা হয়েছে। তিনি দুটি ভ্যানে করে বাড়ি থেকে বইগুলো অন্যত্র পাচার করার চেষ্টা করছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়। মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মতে, ইব্রাহীম হোসেন মাঝে মাঝে মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিনামূল্যের পাঠ্যবই কেজি দরে কিনে এনে বিক্রি করতেন। মঙ্গলবার তিনি কয়েক ভ্যান পাঠ্যবই ওই গুদাম থেকে কিনে আনেন। পরে বাড়িতে রেখে বুধবার অন্যত্র পাচারের চেষ্টা করেন। সন্দেহবশত গ্রামের কয়েকজন যুবক খোঁজ নিয়ে দেখতে পান, সবই নবম-দশম শ্রেণির বিনামূল্যের পাঠ্যবই। এরপর তারা স্থানীয় সংবাদকর্মী, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন ঘটনাস্থলে যান। তারা পাঠ্যবই জব্দ করেন এবং ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করে থানায় পাঠান।

ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেন জানান, তিনি মধুপুর শিক্ষা অফিসের অনুমোদন সাপেক্ষে নাইটগার্ড তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে এসব বই কেজি দরে কিনে এনেছেন। কাজেই তার কোনো দোষ নেই।

বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক অফিসার মো. মহিউদ্দীন জানান, তার অগোচরে নাইটগার্ড এ কুকর্ম করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যের এসব পাঠ্যবই কীভাবে, কোথা থেকে এলো, তা তদন্ত করে দেখা হবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ক্লাসে অসুস্থ হয়ে ২৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


জয়পুরহাটে ক্লাসে অসুস্থ হয়ে ২৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই ঘটনা বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন বেশ কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থতা অনুভব করতে শুরু করে। মুহূর্তের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা দিলে একে একে ২৫ জন শিক্ষার্থী পড়ে যায়। এতে বিদ্যালয়ের পুরো প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরম অথবা সাইকোলজিক্যাল (গণ-মনস্তাত্ত্বিক) কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। বর্তমানে অধিকাংশ রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের সামনে বৃষ্টি হোটেলের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। পুলিশ তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশের দাবি, জুলাই যোদ্ধা পরিচয় ব্যবহার করে তারা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়া বিভিন্ন সময় জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে তারা প্রশাসনকে চাপের মধ্যে রাখতেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে দুই জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গাবসারা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআর সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ১৭% থেকে কমিয়ে ১% করল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


এনবিআর সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ১৭% থেকে কমিয়ে ১% করল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা বৃদ্ধি করেছে। নতুন সুবিধার ফলে, এসব উপকরণের আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশে নেমে এসেছে।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) জানানো হয় যে, বৈশ্বিক জ্বালানি সংকট এবং বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্যে এই সুবিধা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস সৌর বিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর ফলে, এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।

এনবিআর জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে, এসব পণ্য আমদানিতে এখন মোট করভার হবে ১ শতাংশ। এই সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর আরও জানায়, পূর্বে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এই সুবিধা প্রযোজ্য ছিল না। বর্তমানে, শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এই সুবিধা পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, নতুন এই সুবিধার ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি, দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%