০২:১৯ পি.এম
কুয়েতের কর্তৃপক্ষ বিভিন্ন দেশের প্রবাসীদের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরিয়ে নিয়েছে। এটি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) রাতে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে দূতাবাসের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দূতাবাসের কাউন্সেলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সেলর শোয়াইব-উল-ইসলাম তরফদার। তারা প্রবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় কুয়েতি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন।
কুয়েতি কর্মকর্তারা প্রতিনিধি দলকে জানান, এই অভিযান পরিচালনা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের সঙ্গে অসামঞ্জস্য করে থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একই ধরনের অভিযান দেশটির অন্যান্য এলাকায়ও চলানোর প্রস্তুতি রয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের যাচাই-বাছাই শেষে আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে। কিন্তু অবৈধভাবে অবস্থানরতদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়া, সাময়িক আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র দেখিয়ে সেখানে অবস্থান করতে পারবেন, তবে কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণ দেখিয়ে বাইরে বের হতে পারবেন না। বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আবাসনসংক্রান্ত সকল বৈধ কাগজপত্র হালনাগাদ রাখার এবং বাইরে চলাচলের সময় অবশ্যই সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন