রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৪৫ পি.এম
বাংলাদেশের অর্থনীতির পুনরুত্থান ও উন্নয়নের জন্য চীনের সঙ্গে কৌশলগত এবং অর্থনৈতিক বন্ধুত্বকে জোরদার করা বাংলাদেশের একটি প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য কমরেড ঝাও জুনমিন। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি, সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের যে পথচলা শুরু হয়েছিল, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে তা আরও সুদৃঢ় ও গতিশীল হয়েছে। বিশ্ব অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি চীনের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তির সুবিধা নিয়ে বাংলাদেশের তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতির পুনরুত্থান তরান্বিত করা সম্ভব।’
তিনি বাণিজ্য ঘাটতি কমানোর গুরুত্ব তুলে ধরে বলেন, চীন থেকে প্রতি বছর ২২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশে থেকে রপ্তানির পরিমাণ মাত্র ১ বিলিয়ন ডলারের নিচে। এই বিশাল বাণিজ্য ঘাটতি নিরসনে চীনা সরকার বাংলাদেশি পণ্যে প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি ইউনান প্রদেশের কুনমিং শহরে বিনামূল্যে একটি প্রদর্শন কেন্দ্র (ডিসপ্লে সেন্টার) ও ২ হাজার বর্গকিলোমিটার সুবিধার স্টোরেজ বরাদ্দ দিয়েছে।
তিনি আরও বলেন, কুনমিং থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম বন্দর ও সড়ক যোগাযোগের নতুন অর্থনৈতিক করিডোর উন্মোচিত হলে তা বাংলাদেশ ও চীন—উভয় দেশের অর্থনীতি ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কূটনৈতিক অবদানের প্রশংসা করে তিনি বলেন, আগামী ৩ অক্টোবর বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে বিদায় নিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীতে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে দোকানে পেট্রলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল বারীউল ইসলাম (৪০) পেশায় একজন মুদি দোকানি। তিনি ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড়ে এসে মাদক সেবন করে। পরে তারা টাকা ভাঙানোর জন্য আবদুল বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙিয়ে দিতে অপারগতা জানালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।
এর জের ধরে রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল আবদুল বারীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দোকানে আগুন দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বারীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে রোববার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সেপ্টেম্বরের ২৬ দিনে ১২৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৩ হাজার ৬৯৪ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ১ হাজার ৭৫৫ জন রোগী ছাড় পেয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন, যার সংখ্যা ৬৬৪ জন। খুলনা বিভাগে ৩২৯ জন, বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং রাজশাহীতে ১৭৬ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতে মেডিকেল ভিসায় যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলাম নামের একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গ্রেপ্তারটি ঘটেছে রোববার (২৭ সেপ্টেম্বর) ইমিগ্রেশন কার্যক্রম চলাকালীন।
নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলাম চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এ সময় তার পাসপোর্ট ও ভিসাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার সময় গোদাগাড়ী মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের ৬ ডিসেম্বর গোদাগাড়ী মডেল থানায় নাসিমুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অভিযোগও রয়েছে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম ইমিগ্রেশন চেকপোস্টে হাজির হয়েছিলেন। তার তথ্য যাচাইয়ের সময় আইনগত জটিলতার বিষয়টি সামনে আসে। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী যদি আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পান, তবে তাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যথাযথ যাচাই-বাছাই সম্পন্ন করার পর পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র বিতরণ করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়।
বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী যদি নিয়োগপত্র না পান, তবে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে তাদের নিয়োগপত্র পর্যায়ক্রমে পাঠানো হবে।
বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিংকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়।
এ কারণে নিয়োগপত্র পাওয়া বা ভেরিফিকেশন সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য বা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রচারিত অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করতে হবে।
শিক্ষামন্ত্রী বৈঠকে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ