বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৭:১৯ পি.এম
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে ভোটার তালিকার। আগামী ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদddিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। ভোটার তালিকা হালনাগাদের জন্য লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন। সেপ্রেক্ষিতে, ভোটার তালিকা ডাটাবেইজে ২০০৮ সালের ৩১ জুলাই তারিখ বা তার পূর্বে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে আগামী ৩১ জুলাই (২০২৬) তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরত: চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তিকরত: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত বিস্তারিত সময়সূচী কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।'
সময়সূচি হল: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট লিংক প্রেরণের শেষ তারিখ আগামী ৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ আগস্ট।
দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট।
দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৮ আগস্ট হবে।
হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট।
চিঠিতে আরো বলা হয়েছে, ‘উক্ত কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিল করার আহবান জানিয়ে মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে ইমাম/পুরোহিতগণের মাধ্যমে নামাজ প্রার্থনার আগে বা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, পাশাপাশি ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে এক আওয়ামী লীগ নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসা অফিসকক্ষে।
বুধবার (৮ জুলাই) বিকাল ৫টায় উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসকক্ষ রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য নয়। মাদরাসার অফিসকক্ষে রাজনৈতিক কর্মসূচি পালন করা ঠিক হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন শিক্ষক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই। এর মধ্যে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিসকক্ষে এক দল থেকে অন্য দলে যোগদানের অনুষ্ঠানও একটি রাজনৈতিক কর্মসূচি। এছাড়া ঘটনার সময় মাদরাসার অধ্যক্ষ নিজেও উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুধবার (৮ জুলাই) হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিসকক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহর উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা মিলন জামায়াতের সদস্যপদের ফরম পূরণ করেন। পরে তিনি পূরণ করা ফরম জামায়াত নেতাদের হাতে তুলে দেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মিলন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করলেও একবারও নির্বাচিত হতে পারেননি।
ঘটনার সময় হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, বর্তমান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জামায়াতের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির এবং মাতাব্বরনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলী হোসাইন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, মিলন জামায়াতের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। জামায়াতে ইসলামী তাকে সাদরে গ্রহণ করেছে।
সদ্য জামায়াতে যোগ দেওয়া আক্তার হোসেন মিলন সাংবাদিকদের বলেন, এখন বয়স হয়েছে। বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই। এখানে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে সভাপতি পদ দেওয়া হয়েছিল। ওই পদের কোনো সুফল আমি নিইনি। এর কয়েক দিন পরই কাউন্সিলের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ভাই মোয়াজ্জেম হোসেনকে সভাপতি করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরান হরমুজ প্রণালীতে জাহাজে হামলা অব্যাহত রাখলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বোমা হামলা আরও ব্যাপক ও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের একটি স্থাপনায় কথিত বোমা হামলার একটি ছবি পোস্ট করে ট্রাম্প বলেন, ‘এটি ইরানের গতকালের জাহাজে বোমা হামলার প্রতিশোধ। যদি আবার এমনটি ঘটে, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হবে!’
পরে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে এয়ার ফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গেও একই ধরনের বক্তব্য দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হেনেছি। আমি বলব, তারা আমাদের একবার আঘাত করলে আমরা তাদের ২০ গুণ জবাব দেব।’
তিনি আরও বলেন, ‘গত রাতেও আমরা সেটাই করেছি। তারা আজ সামান্য কিছু করেছে, কিন্তু সেটিও মূলত গত রাতের হামলার প্রতিশোধ হিসেবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন (টিইএল)-এর দ্যা ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে ‘এ’ স্থান অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বিশ্বব্যাপী ১০০১-১৫০০ ব্যান্ডে অবস্থান লাভ করেছে।
একই সময়ে, মাভাবিপ্রবি বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। এবারের র্যাঙ্কিংয়ে বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি।
এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা)-তে মাভাবিপ্রবি ৩০১-৪০০ ব্যান্ডে স্থান পেয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় অবস্থান গ্রহণ করেছে।
এই সূচকের জন্য বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৩। এছাড়াও, এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) এবং এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো)-তে বিশ্ববিদ্যালয় যথাক্রমে ৬০১-৮০০ ব্যান্ডে এবং এসডিজি-১১ (টেকসই নগর ও জনপদ)-তে ৪০১-৬০০ ব্যান্ডে সাফল্য অর্জন করেছে।
র্যাঙ্কিংয়ে প্রকাশিত অন্যান্য তথ্য থেকে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৪১ শতাংশ নারী এবং ৫৯ শতাংশ পুরুষ। প্রতিটি শিক্ষকের অনুপাতে শিক্ষার্থীর সংখ্যা ১৭.১।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন উচ্চশিক্ষা র্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে মাভাবিপ্রবি।
দ্যা ওয়ার্ল্ড ইনভারসিটি র্যাঙ্কিংয়ে-২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি ১২০১-১৫০০ ব্যান্ডে অবস্থান লাভ করেছে এবং গবেষণার মান সূচকে বিশ্বে ৭৪৬ তম অবস্থান অর্জন করেছে।
কিউ এস এশিয়া র্যাঙ্কিং ২০২৫-এ ৮৫১-৯০০ ব্যান্ডে স্থান লাভের পাশাপাশি, সাইটেশন পেপার সূচকে ১৩৭ তম এবং প্রতিজন শিক্ষক পিছু গবেষণা পত্র সূচকে বাংলাদেশে দ্বিতীয় স্থান দখল করেছে।
অন্যদিকে, এসসিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং -২০২৬-এ বাংলাদেশের ৪৭টি তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, বিশ্বে ১৯৩০ তম এবং সামাজিক ক্রমবিন্যাস সূচকে ৯০৪ তম স্থান অর্জন করেছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বাসসকে বলেন, দ্যা ইম্প্যাক্ট র্যাঙ্কিং ২০২৬ ‘এ’ প্রথমবারের মতো স্থান অর্জন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার বিষয়।
এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গবেষক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আমাদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত।
তিনি জানান, ভবিষ্যতেও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রেখে মাভাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।
তিনি এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, প্রাক্তন শিক্ষার্থী, সহযোগী প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জেলায় আজ বিশাল ও আড়ম্বরপূর্ণ ভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। র্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা।
এছাড়া স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিল্প-উদ্যোক্তাগণ, পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভা শেষে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এবং তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ