বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৫১ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে। সফরের অংশ হিসেবে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিসিবি বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি প্রকাশ করে। বাংলাদেশ দল ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। এটি বাংলাদেশের নারী দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় অনুযায়ী, প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৫০ মিনিটে। সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নাহিদা আক্তার।
বাংলাদেশ নারী দলের সদস্যরা হলেন: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মোর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদে একটি স্কুল ফিডিং কার্যক্রমের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত তিন যুবক ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়েছেন। তবে, এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অভিযুক্তরা দুধগুলো ফেরত দেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তিন বন্ধু ৩০ প্যাকেট দুধের মধ্যে তিন প্যাকেট খেয়ে ফেলেছে। বাকি দুধ তারা ভাগ করে নিয়ে যায়। পরে খবরটি ছড়িয়ে পড়লে বুধবার সকালে সেই দুধ ফেরত দেয় তারা।
এদিকে, বিদ্যালয় থেকে দুধ চুরি হলেও বিষয়টি শিক্ষা অফিসকে অবগত না করায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শোকজে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ চুরির ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন স্থানীয় ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’ এর সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ ও তার দুই বন্ধু। অভিযুক্ত নাদিম দাবি করেছেন, তিনি ও তার বন্ধুরা মাত্র তিন প্যাকেট দুধ নিয়েছেন। তারা জানতেন না যে দুধগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ আশা বলেন, শুক্রবার বিদ্যালয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আসেন। তাদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে লাইব্রেরিতে রাখা শিশুদের স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
তার দাবি, নাদিমসহ স্থানীয় তিন যুবক ৩০ প্যাকেট দুধ নিয়ে যান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুধ চুরির বিষয়টি ধরা পড়ে। বুধবার খবরটি ছড়িয়ে পড়লে নাদিম ও তার সহযোগীরা ২৭ প্যাকেট দুধ ফেরত দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার বিন্নায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা বিদ্যালয়ে আসায় অতিথিদের বসার ব্যবস্থা করতে স্কুল খুলে দেওয়া হয়। শিক্ষকরা তাদের আপ্যায়নে ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান। এ সুযোগে লাইব্রেরিতে রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নাদিম ও তার দুই বন্ধু গোপনে নিয়ে যান।
তিনি আরও বলেন, বুধবার সকালে ২৭ প্যাকেট দুধ তারা ফেরত দিয়ে গেছে। মাঝখান থেকে আমাকে শোকজ খেতে হলো।
নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, ঘটনা ঘটেছে শুক্রবার। অথচ, এই কয়দিনে আমাদের অফিসে বিষয়টি জানানো হয়নি। এ কারণে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের দাম পুনর্নির্ধারণ করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহিত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বৃদ্ধি পেয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বার্তায় এই তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে।
বার্তায় উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বিপিসি এবং তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের বিইআরসির আদেশে বিপিসি সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের দাম, বিপিসির মজুতকরণ ও সরবরাহ চার্জ, তেল বিপণন কোম্পানিগুলোর বিপণন চার্জ এবং সমন্বিত পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই আদেশে প্রয়োজন অনুযায়ী প্রতি তিন মাস পর পর ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের সুযোগ রাখা হয়েছিল।
ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য বিইআরসি গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে আমদানিকৃত পরিশোধিত ফার্নেস অয়েলের প্লাটস রেট, সেপ্টেম্বর মাসের অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড) সিআইএফ মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, এসব বিষয় পর্যালোচনা করে অক্টোবর ২০২৬ মাসের জন্য ফার্নেস অয়েলের মূল্য প্রতি লিটার ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিপিসি সরবরাহকৃত ফার্নেস অয়েলের এই সমন্বয়কৃত মূল্যহার ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশেন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করেছে। এই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি।
তবে, দেশের এই দুটি বিশ্ববিদ্যালয়কে অতিক্রম করে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (মোট ৪টি) ৮০০ থেকে ১০০০-এর মধ্যে জায়গা করে নিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকায় বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো- অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
এছাড়া, ১০০০ থেকে ১২০০-এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র্যাঙ্কিং সম্পন্ন করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।
এবারের র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবং যৌথভাবে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
এছাড়া, মর্যাদাপূর্ণ এই র্যাঙ্কিং তালিকায় সেরা ১০০০ এর মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় ভারতের মধ্যে শীর্ষ হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান ২৫৪তম। আর পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কায়েদ এ আজম ইউনিভার্সিটির অবস্থান ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৭’-এ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ধরে রেখেছে। এবারের র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১ থেকে ১২০০-এর মধ্যে অবস্থান করছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
যবিপ্রবির বিভিন্ন সূচকের ফল বিশ্লেষণ করে দেখা যায়, শিক্ষাদানে বিশ্ববিদ্যালয়টির স্কোর ১৫.৬, গবেষণা পরিবেশে ১৩.৭, গবেষণার মানে ৭০.৬, শিল্প-সম্পৃক্ততায় ২১.২ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪৫.৯। গবেষণার মান সূচকে যবিপ্রবির স্কোর ৭০.৬। আগেরবারের তুলনায় শিক্ষাদান, গবেষণা পরিবেশ ও শিল্প-সম্পৃক্ততায় যবিপ্রবির স্কোর বৃদ্ধি পেয়েছে।
দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২০১ থেকে ১৪০০-এর মধ্যে অবস্থান করছে। ফলে এবারের তালিকায় যবিপ্রবি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে।
সামগ্রিকভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। ১০০১ থেকে ১২০০-এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যবিপ্রবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতবার ৮০১ থেকে ১০০০-এর মধ্যে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবার ১০০১ থেকে ১২০০-এর মধ্যে অবস্থান করছে।
এবারের র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্প-সম্পৃক্ততা এই পাঁচটি ক্ষেত্রে মোট ১৮টি সূচকের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা তথ্য, গবেষণা প্রকাশনা ও সাইটেশন, অ্যাকাডেমিক সুনাম, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ র্যাংকিং তৈরি করা হয়েছে। ২০২৭ সালের সংস্করণে আগের তুলনায় আরও বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান দেখাতে নতুন ও ছোট পরিসরের অবস্থান-ধাপও যুক্ত করেছে টিএইচই।
যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান মন্তব্য করেছেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি বলেন, "এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"
যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেছেন, এই অর্জন যবিপ্রবির অ্যাকাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি উল্লেখ করেন, "শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও অ্যাকাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য। ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবির অবস্থান শক্তিশালী করার জন্য কাজ করা হবে।"
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, "ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবিকে আরও ভালো অবস্থানে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ