ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশি কিশোরী নুসরাত যুক্তরাষ্ট্রে পেলেন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড


বাংলাদেশি কিশোরী নুসরাত যুক্তরাষ্ট্রে পেলেন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি কিশোরী সৈয়দা নুসরাত জাহান (স্নেহা)।

তিনি নিউইয়র্কের ‘নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি’ স্কুল থেকে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘ভেলেডিক্টোরিয়ান’ (সেরা শিক্ষার্থী) হওয়ার গৌরব অর্জন করেছেন।

একই সঙ্গে নুসরাত স্কুলের শিক্ষায়তনিক ও সার্বিক কার্যক্রমে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মার্কিন ‘প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। এছাড়া সিভিক অ্যাম্বাসেডর ও সিনেট অ্যাওয়ার্ডসহ মোট সাতটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এই কিশোরী।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সৈয়দা নুসরাত জাহানের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া খন্দকার বাড়িতে। তিনি নিউইয়র্কের পরিচিত কমিউনিটি অ্যাকটিভিস্ট, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ এবং জোবায়েদা জেসমিন সোহেলি দম্পতির ছোট মেয়ে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা নুসরাতের এই অসামান্য সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে মেধাবী এই শিক্ষার্থী বলেন, ‘আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই। শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য।’

মেয়ের এই অনন্য সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাবা সৈয়দ আজাদ। তিনি বলেন, ‘আমার বড় মেয়ে সৈয়দা নূর-ই জান্নাতও এর আগে অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে। মূলত বড় বোনের সাফল্য ও অনুপ্রেরণাই ছোট মেয়ের এই অর্জনের পথ সুগম করেছে।’ তিনি সন্তানদের সুন্দর মানবিক গুণাবলি নিয়ে বড় হতে সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি এখনো সংসদ সদস্য থাকার কথা স্মরণ করিয়ে দিলেন দীপেন দেওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


আমি এখনো সংসদ সদস্য থাকার কথা স্মরণ করিয়ে দিলেন দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের মাত্র এক মাস পর দীপেন দেওয়ান, যারা রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য (এমপি), তাঁর নির্বাচনী এলাকায় ফিরে এসে বলেছেন, আমি এখনও সংসদ সদস্য আছি, সেটি ভুলে যাবেন না।

বুধবার (১ জুলাই) বিকেলে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কথা বলেন। এক মাসের বিরতির পর প্রিয় নেতাকে আবার কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দীপেন দেওয়ান বলেন, 'আমরা পাহাড়ি-বাঙালি ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, যাতে আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে।'

এলাকার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, 'এখন থেকে আমি প্রতিটি উপজেলায় সফরে যাব। এমপি হিসেবে সরকারিভাবে যে বরাদ্দ পাব, সেটি দিয়েই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।'

রাজনীতিতে নিজের অবস্থান ও দলের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'বিএনপি আমার প্রথম ও শেষ ঠিকানা। তৃণমূলের নেতাকর্মীরা আজ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আমি সবসময় তৃণমূলের ভাইদের সাথেই থাকব।'

এদিন রাঙ্গামাটিতে প্রবেশের মুখেই দীপেন দেওয়ানকে রাজকীয় অভ্যর্থনা জানাতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন নেতাকর্মীরা। ঢাকা থেকে রাঙ্গামাটি আসার পথে বেতবুনিয়া ও ঘাগড়া এলাকায় শত শত নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান। এছাড়া রাঙ্গামাটি শহরের প্রবেশদ্বার মানিকছড়িতে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়ে তাঁকে বর্ণিল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের ১৫ বছরের নথি চেয়ে গভর্নরকে দ্বিতীয় দফা চিঠি দুদকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


বাংলাদেশ ব্যাংকের ১৫ বছরের নথি চেয়ে গভর্নরকে দ্বিতীয় দফা চিঠি দুদকের

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফের চিঠি দিয়েছে। অভিযোগটি আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল ও রিজার্ভ চুরি নিয়ে। এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সাবেক তিন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। দুর্নীতি দমন কমিশন বেশকিছু নথি ইতিমধ্যে সংগ্রহ করেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতির নানা ঘটনার কারণে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে পড়েছে। এসব জালিয়াতিতে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে দুদকের কাছে অভিযোগ রয়েছে।

দুদক ৫ আগস্টে এই অনুসন্ধানে নামে। একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধাসহ দুর্নীতির প্রাথমিক তথ্য তাদের হাতে আসে।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, এবার রিজার্ভ চুরির নথিসহ ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করা হয়েছে।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্ব পালন করা দুই ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্রও তলব করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সোয়া ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দেয়।

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি প্যাট্রোল বোট দেয়া হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করে। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা আশা করেন। প্রধানমন্ত্রীর জাপান সফরের আমন্ত্রণ জানায় প্রতিনিধি দল। সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২ জনের

ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুজন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (১ জুলাই) সকালে, জেলার ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন খোকন (৫৫) এবং অন্যজন সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে কবির হোসেন (৭২)।

পুলিশ সূত্র জানায়, সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় কৃষিজমি থেকে হঠাৎ সড়কে উঠাসহ একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে অটোরিকশায় থাকা সাহাব উদ্দিন খোকনের মৃত্যু হয়। একইসঙ্গে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদিন আনুমানিক সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কবির হোসেন। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ‘ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ভাগ্যবশত এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।’

ফাজিলপুর হাইওয়ে থানা ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%