ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেহেদী হাসান মীমের ঘটনায় কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠালেন আদালত


মেহেদী হাসান মীমের ঘটনায় কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠালেন আদালত

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

কিশোরের পক্ষে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন জামিনের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় আজান আলী শরীফ গাড়ির চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তাকে হর্ন বাজানো হলেও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জামিন আবেদনে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৯ লাখ টাকা নগদ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে আইনের সংঘাতে জড়িত শিশুকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আরিফীন ইসলাম।

আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেটকারের ডান পাশের চালকের আসনের দরজা খুলে আজান আলী শরীফকে বের হতে দেখা যায়। তদন্তে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক সত্যতাও পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এদিকে, মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলায় প্রাইভেটকারটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মামলার অভিযোগে বলা হয়, আকাশ মারক বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে মেহেদীকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। তবে, আগামী বিসিএসটি সাধারণ হবে নাকি বিশেষ—এ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ছিল, যা অবশেষে দূর হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে, যা দেশের চিকিৎসকদের নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি সূত্রে জানা যায়, দেশের সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট নিরসনে সরকার সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে পৌঁছেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, "চিঠি পাওয়ার পর কমিশন দ্রুততম সময়ে এর দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় বোর্ড মিটিংয়ের পর্যালোচনা শেষ করে। সাধারণ বিসিএসের প্রজ্ঞাপন তৈরির আগেই বিশেষ বিসিএসের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়ে যায়। ফলে নিয়ম অনুযায়ী এই বিশেষ বিসিএসকেই ‘৫১তম বিসিএস’ হিসেবে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।"

এই ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে এবং বাকি ৩০০ জন ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো ও চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। সেই লক্ষ্য অর্জনে বাজেটে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটের সেই নীতিগত নির্দেশনার আলোকে পিএসসি এবার চিকিৎসকদের এই বিশেষ বিসিএস দ্রুততার সঙ্গে চূড়ান্ত করেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, চিকিৎসকদের এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার কোনো দীর্ঘ ও জটিল প্রক্রিয়া থাকবে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে দ্রুত প্রার্থী বাছাই সম্পন্ন করা হবে। এর ফলে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার নতুন চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা সম্ভব হবে।

৫২তম সাধারণ বিসিএস কবে

বিশেষ বিসিএস ৫১তম হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ায় সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের দৃষ্টি এখন ৫২তম বিসিএসের দিকে। পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার বা রোডম্যাপ অনুযায়ী চলতি ২০২৬ সালের নভেম্বর মাসেই সাধারণ বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য মৌখিক পরীক্ষা (ভাইভা) চলছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণার পর অথবা এর সঙ্গে সামঞ্জস্য রেখে পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরেই নতুন সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে।

বিস্তারিত দেখুন এখানে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসকে ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই তথ্য বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো প্রকাশ করেছে। অভিযোগের পর রবিন দাসকে তার কাউন্টি দল এসেক্স কর্তৃক সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিকস্টনে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর গত ২৩ জুলাই তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।

অভিযোগ গঠনের মাত্র দুই দিন আগে, চলতি মৌসুমে ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে এসেক্সের হয়ে রবিন দাস তার প্রথম ও একমাত্র ম্যাচ খেলেছিলেন।

মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়ার্থাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের তদন্তে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ভুক্তভোগী নারীকে বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন বলেও জানানো হয়েছে।

এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব রবিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, "চুক্তিবদ্ধ একজন পুরুষ ক্রিকেটার ক্লাবের বাইরের একটি ঘটনার সূত্রে আদালতে হাজির হয়েছেন।" শুরু থেকেই এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে ক্লাবটি।

ক্লাবটি আরও জানায়, আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করা সম্ভব নয়। একই সঙ্গে তাদের সুরক্ষা ও মানবসম্পদ-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সব সদস্যকে পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে রবিন দাসের। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি আলোচনায় আসেন। একই মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওঠা এসেক্সের স্কোয়াডেও রবিন ছিলেন।

রবিন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। তার বাবা বাংলাদেশি, যিনি ইংল্যান্ডে স্থায়ী হওয়ার আগে সিলেট বিভাগের সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রবিন দাস খেলেছেন। ২০২৩ সালের আসরে তাকে দলে নিয়েছিল ঢাকা ডমিনেটর্স। তবে ওই আসরে দুটি ম্যাচ খেলে দুটিতেই শূন্য রানে আউট হন তিনি।

রবিন দাসের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে দোষী সাব্যস্ত নন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ শিশু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৮৩ জন। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৯৫১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৮০ জন শিশুর মৃত্যু ঘটেছে, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তি হওয়ার ২ ঘণ্টার মধ্যে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তি হওয়ার ২ ঘণ্টার মধ্যে তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু ঘটে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের পুত্র।

স্বজনদের কাছ থেকে জানা গেছে, সিয়াম প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। তবে তিনি কোনো চিকিৎসকের কাছে যাননি এবং বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে, বাবা আবদুস সোবাহান তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সিয়ামের শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত করা হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই রোগীর মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন বাবা আবদুস সোবাহান। তিনি বলেন, "আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%