১২:৪৯ এম
আর্জেন্টিনা কি এবার আবারও বিশ্বকাপ জিতবে? অনেকের মনে এমন প্রশ্ন উঁকি দিয়েছে। তবে এর উত্তর জানতে বেশিদিন অপেক্ষা করতে হবে না। বাংলাদেশ সময় আগামী বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছেন মেসিরা। যদি ওই ম্যাচটি তারা জিততে সক্ষম হয়, তাহলে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। ফাইনাল জিতলেই আর্জেন্টিনার নাম উঠে যাবে ইতিহাসের পাতায়। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে তারা টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার সুযোগও পাবে।
পথটি যদিও কঠিন, তবে আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যান বোঝাচ্ছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল! কিন্তু সেটা কীভাবে সম্ভব? এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপ ইতিহাসের কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানে জয় খুব বেশি দেখা যায়নি। এই বৈশ্বিক টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে এর আগে এটাই ছিল মাত্র তৃতীয়বারের মতো দেখা এই স্কোরলাইন।
বিশ্বকাপের কোয়ার্টারের প্রথমবার এই স্কোরলাইনটি দেখা গিয়েছিল ১৯৩৮ সালের বিশ্বকাপে। সেবার ইতালি সেমিফাইনালে প্রবেশ করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। এরপর ১৯৬২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে ব্রাজিলও সেমিফাইনালে পৌঁছেছিল। আর চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেই তালিকায় নাম লেখায় আর্জেন্টিনা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মজার বিষয় হলো, আগের দুইবারের ঘটনাগুলোতে বিশ্বকাপ জিতেছিল কোয়ার্টারে ৩-১ ব্যবধানে জয়ী দল। এবার কি তাহলে আর্জেন্টিনার পালা? মিলের এখানেই শেষ নয়, কোয়ার্টারে ৩-১ ব্যবধানে জয়ী তিনটি দলই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ১৯৩৮ সালে ইতালি গিয়েছিল ১৯৩৪ সালের শিরোপা জিতে, ১৯৬২ সালে ব্রাজিল ছিল ১৯৫৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নেমেছে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দল হিসাবে।
এবার, তিন ম্যাচেই জয়ী দলটি প্রথমে গোল করেছে। ১৯৩৮ সালের ফ্রান্সের বিরুদ্ধে ইতালি ম্যাচের ৯ মিনিটের মধ্যে প্রথম গোল পায়। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল প্রথম গোল করেছিল কর্নার কিক থেকে। আর ২০২৬ সালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম গোলটিও এসেছে ৯ মিনিটের মধ্যে, সেটিও কর্নার থেকে।
আগের দুইবারের ঘটনায় শিরোপা জিতেছিল ইতালি ও ব্রাজিল। দুদলের কাছে সেই বিশ্বকাপ জয় ছিল 'ব্যাক টু ব্যাক' শিরোপা জয়। এবার আর্জেন্টিনার সামনে সেই একই সুযোগ রয়েছে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন