ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালের দুর্যোগে হুমায়ুন কবিরের শোক প্রকাশ


নেপালের দুর্যোগে হুমায়ুন কবিরের শোক প্রকাশ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ঘটে যাওয়া প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক ও সংহতি প্রদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। এই সময় তিনি গত ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যুর পাশাপাশি ব্যাপক সম্পদ ও অবকাঠামোর ক্ষতির জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

শোক বইয়ে হুমায়ুন কবির লিখেছেন, "গভীর শোকের এ সময়ে এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের জন্য বাংলাদেশ প্রার্থনা করছে।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি উল্লেখ করেন, বন্ধুরাষ্ট্র নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, নেপালের জনগণ এ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, নেপালের জনগণ তাদের দৃঢ়তা ও শক্তির মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন চলবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন চলবে

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করেছে সমাজসেবা অধিদপ্তর।

এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভাতা ও উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করা সম্ভব হবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে সোমবার (৩১ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত সংখ্যার বিপরীতে পর্যাপ্ত আবেদন জমা পড়েনি।

এ কারণে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রকৃত সুবিধাভোগীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে এ বছরের ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর লক্ষ্যমাত্রা অনুযায়ী আবেদন না পাওয়ায় নতুন করে সময়সীমা নির্ধারণ না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ঠিকানা dss.bhata.gov.bd/online-application। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য শর্তের ক্ষেত্রে আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চিঠিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর : হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর : হুমায়ুন কবির

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলে সফরটি অনুষ্ঠিত হবে। তবে, এই দ্বিপাক্ষিক সফরের জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, “এখনো কোনো ধরনের তারিখ নির্ধারণ করা হয়নি। তবে, উপযুক্ত সময় হলে সফরটি অবশ্যই হবে।”

হুমায়ুন কবির আরও বলেন, সফরের সময় নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) আগে সফরটি হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

তবে, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সফর নিয়ে আলোচনা থেমে গেছে এমন ধারণাকে তিনি নাকচ করে দেন। তিনি বলেন, “শুধু তারিখ নির্ধারণ করা হয়নি বলেই আলোচনা বন্ধ হয়ে গেছে, এমনটা নয়। আমরা এখনো তারিখ চূড়ান্ত করিনি, তবে আমাদের মধ্যে আলোচনা চলমান ছিল।”

হুমায়ুন কবির আরও জানান, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি থেকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত লেগেছে। এ বিষয়ে ঢাকা তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে।

তিনি বলেন, “এখন আবার আমাদের মধ্যে আলোচনা চলছে। দেখা যাক কী হয়। উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন।”

প্রতিমন্ত্রী বলেন, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বাংলাদেশ তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল।

তিনি আরও বলেন, ওই ঘটনায় বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত লেগেছে, যা দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

ভারত জানিয়েছিল যে, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছিল এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না।

এ পরিস্থিতিতে, কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সেমিনার বাতিল করা হয়। আয়োজকরা জানিয়েছিলেন, দিল্লি পুলিশ অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেয়নি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে, হুমায়ুন কবির এটিকে ভারতের একটি “ইতিবাচক পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের কেউই অন্য দেশে সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না, এমনটাই ঢাকা প্রত্যাশা করে।

তিনি বলেন, “ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আমরা যেমন ঢাকায় আশ্রয় দেব না। তেমনি আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে দিল্লি বা ভারতের সার্বভৌম ভূখণ্ডের অন্য কোথাও আশ্রয় দেওয়া হবে না।”

গত ২৯ আগস্টের অনুষ্ঠানটি বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব সৃষ্টিতে সহায়ক হতে পারে।

হুমায়ুন কবির বলেন, “আমরা আশা করি, এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে। স্বাভাবিকভাবেই, এ ধরনের পদক্ষেপ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব সৃষ্টিতে সহায়তা করে। সুতরাং, পরিস্থিতি কীভাবে এগোয়, তা দেখা যাক। তবে, এটি নিঃসন্দেহে ভারত সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ।”

প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর নিয়ে তাড়াহুড়ো না করার এবং শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে পর্যাপ্ত কূটনৈতিক প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে প্রতিমন্ত্রী ধারাবাহিকভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন।

বাসস-কে গত মাসে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি সম্মান, কূটনৈতিক সংলাপ এবং মর্যাদাপূর্ণ আমন্ত্রণের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে  বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


পিরোজপুরে  বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলায় বৈরি আবহাওয়া সত্ত্বেও হাজারো নেতা কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় আজ মঙ্গলবার ভোর ৬ টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

পরে বেলা ১১ টায় একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় পরিণত হয়।

‎

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ জেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের উপত্যকায় ধ্বংস হয়েছে অন্তত ২,৫০০ ভবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


নেপালের উপত্যকায় ধ্বংস হয়েছে অন্তত ২,৫০০ ভবন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নেপালের ত্রিশুলি উপত্যকায় হিমবাহসৃষ্ট বন্যার কারণে ২ হাজার ৫০০টিরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। এই মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ ২৬ আগস্ট তারিখে আঘাত হানে। এএফপি ইউরোপের কোপার্নিকাস পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান প্রদান করেছে।

কোপার্নিকাসের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার পর্যালোচনার ভিত্তিতে, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত তিনটি এলাকার মোট ভবনের প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোকে অন্তর্ভুক্ত করলে, ক্ষতিগ্রস্ত স্থাপনার হার ১০টির মধ্যে সাতটিরও বেশি হয়ে যায়। এই পরিস্থিতি বন্যার ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে। প্রবল স্রোত উপত্যকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

রাজধানী কাঠমান্ডুর উত্তরে অবস্থিত তিমুরে, স্যাব্রুবেশি ও বিদুর শহরের কিছু অংশ এই ক্ষতিগ্রস্ত এলাকার অন্তর্ভুক্ত। দুর্যোগের আগে, এসব এলাকায় প্রায় ৬ হাজার মানুষ বসবাস করতেন। নেপালের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর ভরতপুরের আশপাশের এলাকার ছবিগুলো সোমবার সকালে পরীক্ষা করা হচ্ছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমালয়ের একটি বিশাল হিমবাহ ধসে পড়ার কারণে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।

হিমবাহ থেকে প্রায় ২০ কিলোমিটার নিচে নেমে আসা পানির প্রবল স্রোত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তসংলগ্ন গিরং সীমান্ত চৌকি অতিক্রম করে নেপালে প্রবেশ করে। ছোট সীমান্ত শহর তিমুরে ও এর আশপাশের এলাকায় ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস হয়েছে।

দুর্যোগের ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্যাব্রুবেশি এলাকায় প্রায় তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়েছে। এই গ্রামটি বিখ্যাত লাংটাং ট্রেকের শুরুস্থান। হিন্দু তীর্থযাত্রীরাও নিয়মিতভাবে এই পথটি ব্যবহার করেন।

আরও ভাটিতে, নুওয়াকোট জেলার প্রশাসনিক কেন্দ্র ও উদ্ধারকারী দলের ঘাঁটি বিদুরের আশপাশের নদী তীরবর্তী এলাকায় ১ হাজার ৮০০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। অর্থাৎ, প্রতি পাঁচটি ভবনের মধ্যে তিনটি ধ্বংস হয়েছে। বন্যায় ঘরবাড়ির পাশাপাশি সড়ক ও সেতুও ধ্বংস হয়েছে। এই কারণে ত্রাণ পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান চালানো আরও কঠিন হয়ে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%