ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৭ বছর বেতন পান না শিক্ষক-কর্মচারী, তবু চলছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল


৭ বছর বেতন পান না শিক্ষক-কর্মচারী, তবু চলছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১৭ সালে যাত্রা শুরু করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পাশে মনোরম পরিবেশে। প্রথমে ১৬ জন শিক্ষক ও তিনজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রথম বছরে ৬৭৫ শিক্ষার্থী ভর্তি হলেও কলেজ শাখা চালু হয়নি।

তবে ২০১৯ সালের পর থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে। ২০২০ সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়টি পাঠদানের অনুমোদন পায়। পরবর্তীতে বিদ্যালয়টি উপাচার্যের বাসভবনের পাশে স্থানান্তরিত হয়। এরপর থেকেই বিদ্যালয়টির অবকাঠামোগত সংকট দেখা দিতে শুরু করে।

বর্তমানে বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব রয়েছে। নিরাপদ খাবার পানি ও পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নেই। পরিবহন এবং খেলার মাঠের সংকটও রয়েছে। বৃষ্টির সময় শ্রেণিকক্ষের টিনের চাল দিয়ে পানি পড়ে। এসব সমস্যার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত মাত্র ১৬০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুকাইয়া খানম জানায়, সে প্লে শ্রেণি থেকে এই বিদ্যালয়ে পড়ছে। বিদ্যালয়ে ওয়াশরুম ও নিরাপদ খাবার পানির সমস্যা রয়েছে। সে আশা করে উপাচার্য এসব সমস্যা সমাধান করবেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফরিদুজ্জামান আহসাফ জানায়, ওয়াশরুমের পাশে ঝোপ-জঙ্গল রয়েছে, যেখানে সাপ থাকে। এ কারণে তারা ভয় পায়। বৃষ্টির সময় শ্রেণিকক্ষের টিনের চাল দিয়ে পানি পড়ে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়ান জানায়, প্রচণ্ড গরমে কষ্ট করে ক্লাস করতে হয়। বৃষ্টির সময় টিনের চাল দিয়ে পানি পড়ে ভিজে যেতে হয়। বিদ্যালয়ে খেলার মাঠ নেই এবং শ্রেণিকক্ষের অবস্থাও ভালো নয়। সে বিদ্যালয়ের জন্য খেলার মাঠ ও নতুন ভবন চায়।

প্রাক-প্রাথমিকের তাইবুল্লাহ রোহান ও প্লে শ্রেণির শিক্ষার্থী আশিকুল্লাহর মা তাসলিমা বেগম বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন এবং শিশুদের যত্ন নেন। শিক্ষকদের কারণে তিনি তার দুই ছেলেকে অন্য বিদ্যালয়ে ভর্তি করেননি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহিমের মা সায়লা জামান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপদ ও সুন্দর পরিবেশ শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করে। এ কারণে তিনি তার সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করেছেন। তবে বিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম নাহিদ বলেন, তিনি এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়ছেন। তার ভাষ্য, শিক্ষকরা বিদ্যালয়টিকে নিজের সন্তানের মতো করে গড়ে তুলেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। তিনি বিষয়টির দ্রুত সমাধান চান।

আরেক সাবেক শিক্ষার্থী ঈমান আলী বর্তমানে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যাংকিং বিভাগে পড়াশোনা করছেন। তিনি বলেন, তাদের সময় বিদ্যালয়ের অবস্থা ভালো ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় বর্তমানে বিদ্যালয়টি অস্তিত্ব সংকটে পড়েছে। বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করার দাবি জানান তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিম আহমেদ বলেন, ২০১৯ সালে উপাচার্য চলে যাওয়ার পর থেকেই তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। লাইব্রেরির পাশ থেকে বিদ্যালয়টি উপাচার্যের বাসভবনের পাশে স্থানান্তরের পর সংকট আরও বেড়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

সহকারী শিক্ষক আলেয়া বেগম বলেন, দীর্ঘ সাত বছর ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বেতন এবং শিক্ষকদের নিজেদের অর্থ দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। এতে পরিবার নিয়ে চলতে তাদের খুব কষ্ট হচ্ছে। খুলনা, কোটালীপাড়া ও বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েকজন শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন। তাদের ভোগান্তি আরও বেশি। সদ্য যোগ দেওয়া উপাচার্য বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আশা করেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, বিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামোর মধ্যে নেই। তবে সেখানে বিদ্যালয়, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিকে সাংগঠনিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। বিদ্যালয়ের বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির নতুন মালিকানায় ক্লাবের প্রথম জয়ের দেখা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


মেসির নতুন মালিকানায় ক্লাবের প্রথম জয়ের দেখা

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির আর্জেন্টাইন লিওনেল মেসি মাঠের খেলার পাশাপাশি ব্যবসায়ী এবং ক্লাব মালিক হিসেবেও তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাতালান ক্লাব বার্সেলোনার ঐতিহাসিক জার্সির বাইরে এবার মালিক হিসেবে স্পেনের মাটিতে প্রথম জয়ের স্বাদ লাভ করলেন এই ফুটবল জাদুকর।

সম্প্রতি মেসি স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা গ্রহণ করেন। শতবর্ষেরও বেশি পুরোনো আলিকান্তে অঞ্চলের এই ক্লাবটির জন্য এটি একটি নতুন এবং ঐতিহাসিক মোড় নিয়ে এসেছে। আনুষ্ঠানিকভাবে মালিকানা গ্রহণের পর মাত্র ২৪ ঘণ্টার মাথায় ক্লাবটির ম্যাচ উপভোগ করার একটি ছবি তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন।

নতুন মালিকের অধীনে এলদেন্স স্বপ্নের মতো সূচনা করেছে। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের অষ্টম রাউন্ডের খেলায় লা লিগা থেকে সদ্য অবনমিত হওয়া রিয়েল ওভিয়েদোকে ৪-১ গোলে বড় ব্যবধানে পরাজিত করেছে তারা। চলতি মৌসুমে এলদেন্সের এটি দ্বিতীয় জয়। ৮ ম্যাচে ২ জয়, ২ ড্র এবং ৪ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা টেবিলের ১৫তম স্থানে অবস্থান করছে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটিকে ঘিরে নতুন স্বপ্নের জাল বুনছেন সংশ্লিষ্টরা। এক সময়ের বার্সেলোনা মহাতারকার হাত ধরে এলদেন্সের মূল লক্ষ্য এখন লা লিগায় উন্নীত হওয়া। পয়েন্ট টেবিলে ১৯ ও ১৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে কাস্তেলন ও এইবার। তবুও, মেসির মতো মহাতারকার ছোঁয়ায় ক্লাবটি নিজেদের ভাগ্য বদলে লা লিগায় জায়গা করে নেওয়ার ঐতিহাসিক স্বপ্ন দেখছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের গির্জা থেকে চুরি হওয়া ৭০ কেজি পিতলের ঘণ্টা উদ্ধার, অভিযানে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


মোহাম্মদপুরের গির্জা থেকে চুরি হওয়া ৭০ কেজি পিতলের ঘণ্টা উদ্ধার, অভিযানে পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরের সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে ঘণ্টাটি উদ্ধার করা হয়। তবে, এই ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘণ্টাটি চুরি করে নিয়ে যায়।

পুলিশ ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

ওসি আব্দুল হালিম বলেন, পুলিশের অভিযান চলাকালে চোর বা চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। পরে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি জানান, আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা পিতলের ঘণ্টাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে। দূতাবাস সতর্ক করেছে যে, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে। সাক্ষাৎকারে অসত্য তথ্য প্রদান করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা সংক্রান্ত একটি সতর্কবার্তায় দূতাবাস এই তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন।

দূতাবাস জোর দিয়ে উল্লেখ করেছে যে, সাক্ষাৎকারের সময় কোনো বিষয় গোপন না করে অথবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। যদি কোনো আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথিপত্র উপস্থাপন করেন, তাহলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বয়ফ্রেন্ড দিবস, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


আজ বয়ফ্রেন্ড দিবস, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রেমের সম্পর্কের মধ্যে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা ও গুরুত্ব প্রকাশের জন্য বিভিন্ন বিশেষ দিন পালন করা হয়ে থাকে। এর মধ্যে একটি বিশেষ দিন হলো বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর ৩ অক্টোবর এই দিবসটি উদযাপন করা হয়। এই দিনটি মূলত প্রেমিকের (বয়ফ্রেন্ড) প্রতি তার গুরুত্ব, ভালোবাসা ও মূল্য বোঝানোর একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।

এই বিশেষ দিনে বয়ফ্রেন্ড বা প্রেমিকের সঙ্গে সময় কাটানো, তার পছন্দের কাজ করা কিংবা ছোট কোনো উপহার দিয়ে তাকে বিশেষ অনুভূতি প্রদান করা যায়। সম্পর্কটি নতুন হোক বা দীর্ঘদিনের—দুজনের মধ্যে ভালোবাসা ও বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে এই দিনটি।

কেন শুরু হলো বয়ফ্রেন্ড দিবস?

গার্লফ্রেন্ড দিবস ১ আগস্ট পালনের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পর প্রেমিকদের জন্যও একটি বিশেষ দিন থাকা স্বাভাবিক হয়ে উঠেছে। যদিও গার্লফ্রেন্ড দিবসের সূচনা মূলত নারী বন্ধুদের বন্ধুত্ব উদযাপনকে কেন্দ্র করে ছিল, সময়ের সাথে এটি প্রেমের সম্পর্ক উদযাপনের সঙ্গেও যুক্ত হয়ে গেছে।

অন্যদিকে, বয়ফ্রেন্ড দিবস শুরু থেকেই প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পালিত হয়ে আসছে। তবে এই দিনে পুরুষ বন্ধুদের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের গুরুত্ব প্রকাশের সুযোগও রয়েছে।

কীভাবে উদযাপন করবেন দিনটি?

প্রেমিককে খুশি করার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। তার পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়া, একসঙ্গে রাতের খাবার খাওয়া কিংবা সিনেমা দেখা হতে পারে দিনের আয়োজন। তার পছন্দের শখ অনুযায়ী মাছ ধরা, খেলাধুলা দেখা কিংবা অন্য কোনো কাজে সঙ্গী হওয়াও হতে পারে আনন্দের উপায়।

প্রেমিকের পছন্দের খাবার তৈরি করে দিতে পারেন। আবার দুজনের প্রথম দেখা বা প্রথম ঘোরার জায়গায় ফিরে গিয়ে পুরোনো স্মৃতি মনে করাও হতে পারে বিশেষ আয়োজন।

ছোট চমকেই হতে পারে বড় আনন্দ

প্রেমিককে চমকে দিতে তার জন্য ছোট কোনো উপহার দিতে পারেন। চাইলে বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে সেখানে পছন্দের কিছু দিয়ে চমকে দেওয়া যায়।

ঘরেই আয়োজন করতে চাইলে তার পছন্দের সিনেমা, খাবার ও আরামদায়ক পরিবেশ তৈরি করে একসঙ্গে সময় কাটাতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাকে বোঝানো যে তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

প্রথম দেখা বা প্রথম দিনের স্মৃতি ফিরিয়ে আনুন

বয়ফ্রেন্ড দিবস উদযাপনের আরেকটি সুন্দর উপায় হলো প্রথম দেখা বা প্রথম ঘোরার স্মৃতি ফিরিয়ে আনা। যেদিন প্রথম দেখা হয়েছিল, সম্ভব হলে সেই জায়গায় আবার যাওয়া কিংবা সেদিনের কোনো বিশেষ মুহূর্ত মনে করা সম্পর্কের পুরোনো স্মৃতি নতুন করে ফিরিয়ে আনতে পারে।

শুধু প্রেমিক নয়, বন্ধুত্বও হোক উদযাপিত

এই দিনটি শুধুমাত্র প্রেমের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরুষ বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবেও দিনটি পালন করা যেতে পারে।

দীর্ঘদিন কথা না হওয়া কোনো বন্ধুকে ফোন করে খোঁজ নেওয়া, বার্তা পাঠানো কিংবা একসঙ্গে সময় কাটানো—এসব ছোট উদ্যোগও বন্ধুত্বকে আরও গভীর করতে পারে। পুরুষদের মধ্যে বন্ধুত্ব ও পরস্পরের প্রতি যত্ন প্রকাশের সুযোগ থাকা গুরুত্বপূর্ণ।

বয়ফ্রেন্ড দিবসের শুরু কীভাবে?

বয়ফ্রেন্ড দিবসের সঠিক সূচনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না। দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা শুরুর ইতিহাসও স্পষ্ট নয়। তবে এর মূল উদ্দেশ্য হিসেবে প্রেমিকের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্পর্কের আনন্দ উদযাপন করাকেই গুরুত্ব দেওয়া হয়।

তাহলে ৩ অক্টোবর বড় কোনো আয়োজনের চেয়ে প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটানো, তার কথা শোনা এবং জীবনে তার গুরুত্ব বোঝানোই হতে পারে বয়ফ্রেন্ড দিবস পালনের একটি সুন্দর উপায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%