বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৯:৫৫ পি.এম
চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের হালিশহর এক্সেস রোডে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসঙ্গতি এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার কারণে উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা আরোপ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ বৃহস্পতিবার সকালে উৎসব সুপার মার্কেটের আউটলেটে অভিযান পরিচালনা করে সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এই অভিযানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনও নেতৃত্ব দেন।
সিডিএ কর্মকর্তাদের মতে, পরিদর্শনের সময় বাণিজ্যিক ভবনটির অনুমোদিত নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং সুবিধা পাওয়া যায়নি। ভবন কর্তৃপক্ষ জানায় যে, তারা রাস্তার জায়গা ব্যবহার করে গাড়ি রাখছে, কিন্তু কর্তৃপক্ষ সেটিকে অনুমোদিত পার্কিং ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য মনে করেনি।
অভিযানের সময় ভবন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা প্রদর্শন করতে পারেনি। পরবর্তীতে ভবনটির বিভিন্ন অংশ পরিদর্শন করে নকশার সঙ্গে অসঙ্গতি শনাক্ত করা হয়।
এসব অনিয়মের কারণে সিডিএর ভ্রাম্যমাণ আদালত ৮ লাখ টাকা জরিমানা করে এবং জরিমানা পরিশোধ না করলে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়।
এছাড়া, নকশার ব্যত্যয় থাকা অংশগুলো সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং সুবিধা নিশ্চিত করতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। ভবন কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।
সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন জানান, ভবন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা অনুমোদিত নকশা অনুসারে ব্যত্যয় অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করবেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে সিডিএ। সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এদিকে, এলাকার একটি রেস্টুরেন্টেও অনুমোদন ও ব্যবহারবিধি যাচাই করতে অভিযান চালায় সিডিএ। কর্মকর্তারা সেখানে যান রেস্টুরেন্টটিতে পরিচালনার অনুমতি রয়েছে কি না এবং অনুমোদিত নকশার সঙ্গে কার্যক্রমের মিল আছে কি না, তা দেখতে।
তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও রেস্টুরেন্টের মালিক বা দায়িত্বশীল কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা সম্ভব না হওয়ায় রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় সিডিএ। বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ২৬ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে।
তথ্য অনুযায়ী, ২৫ ও ২৬ আগস্ট-এই দুই দিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
ফলে চলতি অর্থবছরের ২৬ আগস্ট পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মহীনতার সময় সহায়তা প্রদানের লক্ষ্যে বিজিএমইএ কমপ্লেক্সে ‘আনএমপ্লয়েড ওয়ার্কার্স প্রটেকশন প্রোগ্রাম’ (ইউডব্লিউপিপি) এবং ‘লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালাটি বিজিএমইএ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘টিএ-এসপিবিএস’ প্রকল্পের যৌথ উদ্যোগে আজ উত্তরায় আয়োজন করা হয়।
কর্মশালায় বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সেন্ট্রাল ফান্ডের পরিচালক তাহমিনা বেগম, ডিআইএফই’র সহকারী মহাপরিদর্শক আল আমিন, জিআইজেড এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, পাশাপাশি অর্ধশতাধিক কারখানার মানবসম্পদ কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা মন্তব্য করেন, পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের সময় শ্রমিকদের সহায়তায় সরকারের, বিজিএমইএ’র এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
কর্মশালায় জানানো হয়, ইউডব্লিউপিপি’র আওতায় কারখানা বন্ধ, দুর্ঘটনা বা মাতৃত্বকালীন ছুটির কারণে সাময়িকভাবে কর্মহীন শ্রমিকদের জন্য জি২পি পদ্ধতিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সর্বাধিক তিন মাস নগদ সহায়তা প্রদান করা হয়।
এ সময় শ্রমিকদের পে-রোল এবং এনআইডি তথ্য সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা থেকে বঞ্চিত না হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাদে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শেষ হবে।
আজ বৃহস্পতিবার, জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে।
বৈঠকে স্পিকারকে অধিবেশনের সময় ও কার্যদিবসের বিষয়ে প্রয়োজন হলে যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা দেওয়া হয়।
অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি, মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ৮১টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৪৯টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশও পাওয়া গেছে।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী এক বছরে সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য সময়কাল নিয়েও আলোচনা হয়।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, পুলিশের জনবল বৃদ্ধি সংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো— নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪ হাজার সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা।
আজ সংসদে রংপুর-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নুরুল আমীনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, এই পদসমূহ সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে।
তিনি জানান, পুলিশের যানবাহন প্রদান সংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: আগামী ৫ অর্থবছরে পর্যায়ক্রমে টিওএন্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা।
যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা হবে।
নবসৃষ্ট ইউনিট, জনবল এবং কাজের পরিধি বিবেচনায় টিওএন্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা হবে।
পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের ইউনিটসমূহে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ