বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৭ পি.এম
দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে তথ্য চেয়ে আবেদন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান হুমকি প্রদান করেছেন।
এই হুমকি বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওই সাংবাদিককে মুঠোফোনে দেওয়া হয়।
তিনি বলেন, "আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন। এটা ফাজলামি ছাড়া অন্যকিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করতেছেন? এটা অফেন্সিভ মোড।"
এর আগে, আজ সকালে মাসুম মিয়া পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনের মধ্যে তিনি ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌর কর আদায় হয়েছে এবং কোন কোন খাতে তা ব্যয় হয়েছে, সাব রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত (ওয়ান পার্সেন্ট রাজস্ব) আয় ও ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় ও ব্যয়, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ কত টাকা আয় ও ব্যয়ের বিষয়টি জানতে চান।
এদিকে, আবেদনটি পাওয়ার পর ইউএনও ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান ক্ষুব্ধ হয়ে সাংবাদিক মাসুম মিয়াকে মোবাইলে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দেন। তিনি তথ্য চাওয়া ফাজলামি বলে মন্তব্য করেন।
সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া বলেন, "তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সংবাদকর্মীর নয়, সকল নাগরিকের। আমি সেই হিসেবে পৌরসভার কাজের তথ্য চেয়ে আবেদন করেছি। এতেই ক্ষুব্ধ হন ইউএনও।"
এ বিষয়ে জানতে ঘাটাইল ইউএনও মো. মাহমাদুল হাসানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এশিয়ান গেমস থেকে বাদ পড়েছেন। বাংলাদেশ দলে তার পরিবর্তে আলিস আল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে।
আলিস সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজে অংশগ্রহণ করেছেন। সেই সিরিজে তার পারফরম্যান্সের জন্যই তাকে এই সুযোগ দেওয়া হয়েছে।
১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় সাইফউদ্দিন ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। পরবর্তী সময়ে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানোর পর তার চোট নিশ্চিত হয়।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনকে সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে তিনি পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।
বিসিবির ফিজিও সাইফউদ্দিনের চোট সম্পর্কে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় তিনি ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে এবং সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাখি শিকার বন্ধের লক্ষ্যে শেরপুরের সদর ও নকলা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন।
এই অভিযানের অংশ হিসেবে নকলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের পাখি শিকারি মো. আব্দুর রাজ্জাক (৪৫) কে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি বক এবং বক শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এই সাজা প্রদান করেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে প্রায় ছয় ঘণ্টা ধরে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় আটটি শিকারের সরঞ্জাম (হালা) এবং ১২টি বক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বকগুলো পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
এছাড়া, পাখির সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় জনগণের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমানসহ স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সুমন সরকার জানান, পাখি শিকারি মো. আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে এসআরবি।
গ্রেপ্তার হওয়া হাসান মিয়া পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, হাসান মিয়া ভুক্তভোগী গৃহবধূর মামাশ্বশুর। বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ওই গৃহবধূ নিজ বাড়ির একটি ঘরে শুয়ে ছিলেন। এ সময় হাসান মিয়া ওই ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। তখন ওই নারী চিৎকার শুরু করলে হাসান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর হাসান মিয়া গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর অভিযুক্ত হাসান মিয়াকে গ্রেপ্তারে এসআরবি-১৩ রংপুরের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১ গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গাজীপুরে অভিযান চালায়।
অভিযানে বোর্ডবাজার এলাকা থেকে পীরগঞ্জ থানার ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
তিনি আরও জানিয়েছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত ভয়ংকর আকার ধারণ করছে। এডিস মশাবাহিত এই রোগটি প্রতিদিনই একাধিক প্রাণ কেড়ে নিচ্ছে। এর ধারাবাহিকতায়, আরও ৬ জনের মৃত্যু ঘটেছে ডেঙ্গুর কারণে। ফলে, চলতি বছরে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি ২০১ এ দাঁড়িয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন, চট্টগ্রামে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে সর্বাধিক (৪০৫ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, খুলনা বিভাগে ২৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭, বরিশাল বিভাগে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯, রাজশাহী বিভাগে ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩, ময়মনসিংহ বিভাগে ১০৩, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ