মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২৭ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদা চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, সরকার এই সংকট কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আগে ঢাকাসহ বড় শহরগুলোকে নিরবচ্ছিন্ন রেখে গ্রামে অতিরিক্ত লোডশেডিং দেওয়ার যে বৈষম্যমূলক ব্যবস্থা ছিল, আমরা সেখান থেকে সরে এসেছি। সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে এখন সাময়িক কষ্টের বোঝা শহর ও গ্রামে সুষমভাবে বণ্টন করা হচ্ছে।’
দুই বছরের লক্ষ্যমাত্রা তুলে ধরে তিনি আরও বলেন, ‘নতুন এফএসআরইউ স্থাপনের জন্য দেড় থেকে দুই বছর সময় লাগবে, যার ফলে এলএনজি আমদানি বৃদ্ধি পাবে। পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প এবং বাপেক্সের ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে। এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক চালুকরণ প্রক্রিয়া শুরু হবে। আগামী বছর থেকে এটি পূর্ণ স্কেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এর ফলে আগামী দেড় থেকে দুই বছরে বিদ্যুৎ খাত আগের যেকোনো সময়ের চেয়ে অধিক নির্ভরযোগ্য ও আনইন্টারাপ্টেড (নিরবচ্ছিন্ন) অবস্থায় পৌঁছাবে।’
উপদেষ্টা জানান, সরকারের অব্যাহত কূটনৈতিক বার্গেইনিংয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকার সম্পূর্ণ বিনামূল্যে (বিমান ব্যয়সহ) ১০ হাজার নতুন কর্মী নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় গঠিত রিক্রুটিং সিন্ডিকেটের বাইরে এসে নতুন সিদ্ধান্তের মাধ্যমে পূর্বে অনুমোদিত ২৫টি প্রধান এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি সংস্থাকে অ্যাসোসিয়েট (সহযোগী) রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হয়েছে।
দেশে শিশু হারিয়ে যাওয়ার পরিসংখ্যান নিয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এটি রাতারাতি তৈরি হওয়া কোনো নতুন সংকট নয়। তথ্য উপাত্ত তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের জুন-ডিসেম্বর মেয়াদের ১৩ হাজার ৮৭৬টি জিডির বিপরীতে পরবর্তী সাত মাসে ১৫ হাজার ৭১৭টি জিডি নথিভুক্ত হয়েছে, যা প্রায় একই ধারার পরিসংখ্যান নির্দেশ করে। তবে প্রতিটি নিখোঁজের ঘটনাতেই সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে।
সারের ঘাটতি সংক্রান্ত গুঞ্জন নিরসন করে তিনি জানান, বর্তমানে দেশে ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ মোট ১২ লাখ ৮৬১ মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের (১২ লাখ মেট্রিক টন) চেয়েও বেশি। তিনি বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছাতে কাজ চলছে।
সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়ার পাশাপাশি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে একই ছাতার নিচে এনে সংবাদকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার দ্রুত আইনি পদক্ষেপ নেবে।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ব্যাটারিচালিত রিকশার মেকানিক্যাল স্পেসিফিকেশন ও রুট নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি জানান, পে-স্কেলে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের চিকিৎসার খরচ ও পরিচর্যার কথা বিবেচনা করে প্রতি মাসে ৩ হাজার টাকা হারে ভাতা রাখা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের সহায়তায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের বৈচিত্র্যময় অর্থনৈতিক গতিশীলতাকে বাড়িয়ে দেবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
এরপর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ওই সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
এ কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। এই অবস্থায় ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মেরামতকারী মোস্তাক আহমেদ বাসসকে জানান, আজ সকালে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত ওই অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে গতি স্বাভাবিক করা হবে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বাসসকে বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আজ থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছে।
আজ সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর, নেতা-কর্মীরা শহরের কারবালা কবরস্থানে দলের প্রয়াত নেতা-কর্মীদের কবর জিয়ারত করেন।
এরপর, দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য প্রয়াত নেতাদের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
কবর জিয়ারতে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা করা সংক্রান্ত মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, এমনটি জানিয়েছেন আদালত।
আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির না করানোর কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেছেন আগামী ২৪ সেপ্টেম্বর।
২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে মো. হোসেন নিহত হন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। এ মামলায় জামিনে রয়েছেন ১০ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়া, ১ সেপ্টেম্বর ২০২৬ : বর্ণাঢ্য আয়োজন, সামাজিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আজ সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে দলের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কে এম হুমায়ুন কবির বাসসকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার সাখারিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং সকাল ১১টায় একই এলাকার জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এছাড়া বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষি, বস্ত্র ও মৎস্য খাতে বিপ্লব ঘটিয়ে বিএনপিকে জনমানুষের দলে পরিণত করেছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে বর্তমান নেতৃত্ব কাজ করে যাচ্ছে।"
এছাড়া আজ বিকেলে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। বিকেল ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ খোকন পার্ক থেকে মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এবং বিকেল ৫টায় মাটিডালি বিমানবন্দর মোড়ে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ