০৮:৩৮ পি.এম
জামালপুরের মেলান্দহ উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন। রবিবার দুপুরে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারি এবং একই উপজেলার আগপয়লা এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, দুপুর আড়াইটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরে আসার সময় মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলি গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুই নারীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে মনোয়ারা বেগম নামে একজনের পরিচয় পাওয়া গেছে, তবে অপর নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। একই সময়ে দুর্ঘটনায় আহত দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান, জীবন মিয়া, শফিকুল ইসলাম ও এনজিও কর্মী ফাতেমা নার্গিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কিছু দিন আগে শিশু নাজমিন নাহার মায়ের সাথে নানাবাড়ি মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামে বেড়াতে এসেছিল। রবিবার দুপুরে বাড়ির কাছে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটি নাজমিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাজমিনের মৃত্যু হয়। নিহত শিশুর নাম নাজমিন নাহার এবং সে মেলান্দহ উপজেলার রোকনাইপাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। শিশুটি স্থানীয় রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন