ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রেহেনা সৌদিতে নির্যাতনের ভিডিও পাঠালেন, সরকারের সহায়তা চাইলেন


রেহেনা সৌদিতে নির্যাতনের ভিডিও পাঠালেন, সরকারের সহায়তা চাইলেন

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের সুযোগ নিয়ে দালালের খপ্পরে পড়ে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন রেহেনা খাতুন নামের এক গৃহবধূ। তিনি বেতন-ভাতা না পাওয়া এবং অতিরিক্ত কাজের চাপের শিকার হয়েছেন বলে জানান। বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দার আলহাদা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে অবস্থান করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী রেহেনা খাতুন মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী মহল্লার বাসিন্দা। তিনি গোপনে একটি ভিডিওবার্তা পাঠিয়ে দেশে ফিরিয়ে আনতে সাংবাদিকদের মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

রেহেনার পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার পর থেকে তাকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে এবং নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। পরিবারের সদস্যদের সঙ্গেও তাকে ঠিকমতো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। দেশে ফিরতে চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি ৩ থেকে ৪ লাখ টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

শনিবার (৩ অক্টোবর) রেহেনা খাতুন গোপনে তার অবস্থানের ভিডিও ও লোকেশন সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, "আমি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছি। আমাকে নানামুখী চাপ ও কষ্ট দেওয়া হচ্ছে। আমি খুবই অসুস্থ মনে হয় বাঁচব না। বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। আমি সরকারের কাছে আকুতি জানাই, আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।"

রেহেনার স্বামী আলী আহমদ বলেন, "বাংলাদেশের সৌদি দূতাবাসের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।"

এদিকে রেহেনাকে সৌদি আরবে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট দালাল হিসেবে গিয়াস উদ্দিনের নাম উল্লেখ করেছে পরিবার। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোকন্দপুরের বামুটিয়া গ্রামে।

অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কিছু খরচাপাতি দিলে তাকে আনিয়ে দেব। সৌদি আরব গেলেই তো আসা যায় না।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ বিষয়ে ঢাকার ফকিরাপুলের সংশ্লিষ্ট ক্রিয়েটিং এজেন্সি জেনিয়া ওভারসিসের কর্মকর্তা হাসান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রেহেনার নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, "ওই নারী কোনো নির্যাতনের শিকার নন। দেশে ফিরতে হলে আমাদের খরচ দিতে হবে। শারীরিক অবস্থা খারাপ হলে আমাদের কিছু করার নেই।"

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রিক্রুটিং এজেন্সি জেনিয়া ওভারসিস একই গ্রামের জোসনা আক্তার নামে এক সৌদি নারীকর্মীর সঙ্গে অন্যায়ের অপরাধে তাদের লাইসেন্স বাতিল করেছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এদিকে রেহেনা খাতুনকে দেশে ফিরিয়ে আনা এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তার স্বামী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক মালেকা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যেহেতু আমাদের কাছে আবেদন এসেছে, আমরা সেটি বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে খোঁজখবর নিয়ে দেখব। উদ্ধারের জন্য প্রয়োজনীয় চেষ্টা করব।"

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবির অপপ্রচার নিয়ে প্রেস উইংয়ের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবির অপপ্রচার নিয়ে প্রেস উইংয়ের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত হওয়ার পর, ছবিটি এআই জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে প্রচারিত হতে শুরু করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই প্রচারণাকে নাকচ করে দিয়ে জানায়, ‘ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয় এবং পরে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। কিন্তু রিসেপশনের এই প্রকাশিত ছবির বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণ করার উদ্দেশ্যে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘এআই-জেনারেটেড ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করা হচ্ছে এবং ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।’

এছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী বিশ্বস্ত মিডিয়া প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই-বাছাই করে এটিকে সম্পূর্ণরূপে এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করা হয়েছিল।

সবশেষে বলা হয়, ‘যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের টিভিতে পর্তুগালের ম্যাচসহ খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


আজকের টিভিতে পর্তুগালের ম্যাচসহ খেলা

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। এরপর ঠিক করুন, কখন কোন খেলায় নজর দেবেন।

এখন জাতীয় ক্রিকেট লিগ চলছে। ফুটবলে আজ রাতে পর্তুগাল এবং জার্মানি আলাদা ম্যাচে অংশ নিতে যাচ্ছে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

ঢাকা–রংপুর

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

সিলেট–ময়মনসিংহ

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

খুলনা–বরিশাল

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম–রাজশাহী

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

উয়েফা নেশনস লিগ

আজারবাইজান-লিথুয়ানিয়া

সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ২

মাল্টা-অ্যান্ডোরা

রাত ১০টা, সনি স্পোর্টস ২

কসোভো-অস্ট্রিয়া

রাত ১০টা, সনি লিভ, ট্যাপম্যাড

পর্তুগাল-নরওয়ে

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

গ্রিস-জার্মানি

রাত ১২-৪৫ মি., সনি লিভ, ট্যাপম্যাড

নেদারল্যান্ডস-সার্বিয়া

রাত ১২-৪৫ মি., সনি লিভ, ট্যাপম্যাড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় ঘণ্টার মধ্যে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


দেড় ঘণ্টার মধ্যে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে দেড় ঘণ্টার মধ্যে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এই ভূমিকম্পগুলো সংঘটিত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প ঘটে।

এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। এই কম্পনেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

পরপর তিনটি ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


যবিপ্রবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। একই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ছয়টি দাবি তুলে ধরে প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে বিভাগের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং শহীদ মশিয়ুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামানের কাছে ছয় দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছয়টি দাবির মধ্যে রয়েছে অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তানভীর হকের ছাত্রত্ব বাতিল করা, তাকে হল থেকে বহিষ্কার করা, আহত জুয়েল আল ইমরানের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা বহন করা, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ফার্মেসি বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, শহীদ মশিয়ুর রহমান হলে গোসলের বিষয়কে কেন্দ্র করে জুয়েল আল ইমরানের সঙ্গে তানভীর হকের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বিকেলে ক্যাম্পাসের বাইরে জুয়েল ও তার কয়েকজন বন্ধু যান। সেখানে আলোচনার একপর্যায়ে অভিযোগ করা হয় যে, তানভীর হক জুয়েলকে থাপ্পড় মারেন। এতে জুয়েলের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজিন মাহমুদ খান কাব্য, অস্কারসহ আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে আহত অবস্থায় জুয়েলকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হয়।

ঘটনার পর জুয়েল আল ইমরান অভিযুক্ত তানভীর হকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, রোববার থেকে কমিটি তদন্ত কার্যক্রম শুরু করবে। পাশাপাশি আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%