রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২৯ পি.এম
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি, যা নিয়ে পৌরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজের ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে এসব কাজের মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পরেও এটি চালু না হওয়ায়, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাটি পড়ে থাকলেও পৌরবাসী এর সুফল পাচ্ছেন না।
তারা বলেন, পানি শোধনাগার নির্মাণের পরও সুপেয় পানি সরবরাহ না হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে পৌরবাসীর ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দিতে হবে।
এ সময় বক্তারা পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নকাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার বাসিন্দা এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সড়কের পাশে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে, দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশপিয়া তাসরিন এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশে অবৈধভাবে সরকারি গাছ কাটার কাজ চলছিল। এ বিষয়ে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশপিয়া তাসরিন জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় সরকারি গাছ অবৈধভাবে কর্তনের জন্য তাদের তিন দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে বোরবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন রোগী।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জন মারা গেছেন। এছাড়া, সেপ্টেম্বর মাসের প্রথম ১২ দিনে ৫২ জন, জুলাই মাসে ৩৬ জন, জুন মাসে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৬১ জন ভর্তি হয়েছেন। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন ৫১ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৭ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহী ১০৪, ময়মনসিংহে ৯৩, সিলেটে ৬ এবং রংপুরে ৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২২ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে এই সময়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করে এবং জান্নাতের টিকিট বিক্রি করছে। কিন্তু তারা এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছে। ইসলামের প্রকৃত উদ্দেশ্য মানবতার সেবা করা হলেও তাদের সেই লক্ষ্য নেই। তারা শুধুমাত্র রাজনৈতিক লাভের পিছনে ছুটছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তদের দ্বারা আগুনে পুড়ে যাওয়া বিএনপি নেতা মিলনের পরিবারের জন্য নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে। বর্তমানে তারা ত্রাসের রাজনীতি এবং সন্ত্রাসের রাজনীতি করছে।
তিনি বলেন, বিএনপি পরিবারের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য এই ঘরটি উপহার দেওয়া হয়েছে। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে।
অনুষ্ঠানে মাসকরা গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত মিলন পরিবারের পাঁচ সদস্যের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারটিকে একটি ছাগলও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ