১১:১২ পি.এম
বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির অন্তত ৪৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। বন্যার পানি নেমে গেলেও, চারদিকে এখন কেবলই ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। ধানি জমি, ঘরবাড়ি, হাট-বাজার, সড়ক ও কালভার্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
সবকিছু হারিয়ে চরম সংকটে পড়েছেন এই অঞ্চলের মানুষগুলো। পর্যাপ্ত সহায়তা না পাওয়ায়, ঘুরে দাঁড়াতেও পারছেন না তারা।
সরজমিনে দেখা গেছে, সম্প্রতি টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তত ৩০টি গ্রাম। অনেকের গবাদি পশুগুলোও মরে গেছে। স্বল্প আয়ের ছোট চায়ের দোকানও নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
একই অবস্থা অন্য উপজেলা বিলাইছড়িতেও লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এ উপজেলার ফারুয়া ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ। এখানের হাট-বাজার এখন তছনছ অবস্থায় রয়েছে। দোকানগুলো এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফারুয়া বাজারের হাট বসার অবস্থায় নেই। আগের মতো মানুষের আনাগোনাও নেই। বসতঘরে হাঁটু সমান কাদা জমে রয়েছে। সড়কে পলিমাটির স্তূপ জমে গেছে।
স্থানীয়দের বসতঘরেও কোনো সরঞ্জাম নেই। বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নের বিদ্যালাল তংঞ্চঙ্গ্যা বলেন, সরকারিভাবে মাত্র ১০ কেজি করে চাল পেলেও, তারা আর কিছুই পাননি। এত ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন ইউনিয়নের মানুষ, তা নিয়ে চিন্তার শেষ নেই। তার দাবি, পুরোপুরি ক্ষতিপূরণ দেওয়া না হলেও, আবারও যাতে ঘুরে দাঁড়াতে পারেন, সে ব্যবস্থা করা হোক। তা না হলে, এ এলাকার মানুষ ভয়ংকর দুর্দশায় পড়বেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন