০৮:৩৬ পি.এম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এর মোবাইল কোর্টের মাধ্যমে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সোমবার, দিনব্যাপী এই অভিযানে উপজেলার বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে পাথরগুলো জব্দ করা হয়।
জানা গেছে, প্রায় ৬ বছর আগে থেকে উৎমা এলাকায় এই পাথরগুলো স্তুপ করে বিভিন্ন বাড়ি ঘরের পাশে রাখা হয়েছিল। উৎমা নদী ও কোয়ারি থেকে উত্তোলীত পাথরগুলো দীর্ঘদিন ধরে সেখানে স্তুপ আকারে ছিল। এর আগে এই পাথরগুলো বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছিল। তবে সেগুলো তখন নিলামে বিক্রি করা হয়নি।
সোমবার (১৩ জুলাই) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁও গ্রামের বিভিন্ন স্থান থেকে ৯৪৩৯০ ঘনফুট পাথর জব্দ করেন জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। পরে এই জব্দ করা পাথরগুলো স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, ‘উৎমা এলাকায় অবৈধভাবে উত্তোলিত এই পাথরগুলো জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। তিনি আরও জানান, পাথরগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন