ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নদীর ওপরে মাছ ধরার ভান করে নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা


নদীর ওপরে মাছ ধরার ভান করে নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা

কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবা পাচারের জন্য কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ারকে বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে টেনে আনা হতো। এই ক্যারিয়ার একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহনে সক্ষম ছিল এবং পাচারের সময় চক্রের সদস্যরা মাছ ধরার ভান করতেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান। বিজিবি জানায়, গত ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার আঞ্জুমানপাড়ার মনিরের ঘেরে একটি মাচাংঘরের পাশে চার থেকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পালংখালী বিওপির টহল দল। তাদের চ্যালেঞ্জ করার পর পালানোর চেষ্টা করেন তারা। এ সময় বালুখালীর বাসিন্দা বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম (২৬) নামে দুজনকে আটক করা হয়।

ঘটনাস্থল ও ঘেরের একটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন। এছাড়া উদ্ধার করা হয় নয়টি কপিকল, কাঠের তৈরি একটি ডুবন্ত ক্যারিয়ার, ক্যারিয়ার টানার জন্য প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন সরঞ্জাম।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, এই ক্যারিয়ার ব্যবহার করে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে পালংখালীর ফাইস্যা খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা আনা হতো। বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সমন্বয়ে পানির নিচ দিয়ে ক্যারিয়ারটি টেনে আনা সম্ভব ছিল।

তিনি জানান, খালটি আঁকাবাঁকা হওয়ায় পাচারকারীরা কৌশলে একাধিক অংশে ভাগ করে ক্যারিয়ারটি এগিয়ে নিত। কপিকল ও স্টিলের তার ব্যবহার করে খালের প্রতিটি বাঁক অতিক্রমের সময় ছোট কপিকলগুলো বড় স্থায়ী কপিকল থেকে খুলে দেওয়া হতো। এভাবে ক্যারিয়ারের গতিপথ নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে নেওয়া হতো।

বিজিবির দাবি, ক্যারিয়ারটির সঙ্গে একজন ব্যক্তি পানিতে হাত দিয়ে মাছ ধরার ভান করে এগিয়ে আসতেন। এই কৌশলে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত ইয়াবা নিয়ে আসতে সক্ষম হয়েছে চক্রটি। কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ারটিতে আনুমানিক ৩০ লাখ ইয়াবা পরিবহনের সক্ষমতা রয়েছে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর টেকনাফের হোয়াইক্যং এলাকায় নৌকার মাধ্যমে রশি ব্যবহার করে একই ধরনের কাঠের ক্যারিয়ারে আনা ১৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছিল বলে জানান বিজিবির অধিনায়ক।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে, ১৩ অক্টোবর রাত ৩টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বিএসপি পোস্টসংলগ্ন সোহেলের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে মো. রকি আহমেদ (২৬) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন আরও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, চলতি বছর উখিয়া ব্যাটালিয়ন মাদকবিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসব অভিযানে আটক করা হয়েছে ২২৮ জনকে।

তিনি বলেন, বিজিবির তৎপরতা ও প্রযুক্তিগত সরঞ্জামের ব্যবহার বাড়ায় চোরাকারবারিরা প্রচলিত পদ্ধতি ছেড়ে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


জার্মানিতে রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত

জার্মানির কোলন শহরে একটি কিশোরীকে রোবটের মাধ্যমে যৌন হয়রানি করার অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জার্মান পুলিশের সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পশ্চিম জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরী তার দুই বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিল। এ সময় একটি প্রায় ১ দশমিক ২ মিটার উচ্চতার রোবট তার কাছে এসে উপস্থিত হয়।

পুলিশের অভিযোগ অনুযায়ী, লাল ও সোনালি রঙের রোবটটি কিশোরীর নিতম্বে স্পর্শ করে এবং যৌন হয়রানিমূলক ভঙ্গিতে নড়াচড়া করতে থাকে। কিশোরী তখন চিৎকার করে সরে যেতে দেখা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রোবটটির মালিক হিসেবে সন্দেহ করা হচ্ছে ১৬ বছর বয়সী এক কিশোরকে। তার সঙ্গে থাকা ১৯ বছর বয়সী আরেক তরুণের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা দুজন মিলে ঘটনার ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করেন।

টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মানুষের মতো দেখতে লাল ও সোনালি রঙের রোবটটি দুই তরুণের সঙ্গে রয়েছে। একপর্যায়ে রোবটটি এক কিশোরীর শরীরের সঙ্গে ঘেঁষে যায়।

ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে একটি গাড়ির পেছনের মালপত্র রাখার জায়গা থেকে রোবটটি উদ্ধার করে। পুলিশের ধারণা, রোবটটির মালিক সেটি সেখানে লুকিয়ে রেখেছিল।

এ ঘটনায় রোবটটি এবং দুই সন্দেহভাজনের ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। অভিযোগের বিষয়ে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত চলছে।

তবে, তদন্ত এখনো চলমান রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

সূত্র: এএফপি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’

আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, এই কর্মকাণ্ডের পেছনে জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় কাজ করছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানান। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন।

আসিফ মাহমুদ মন্তব্য করেন, হুইলচেয়ারে থাকা একজন ব্যক্তিকে ঘিরে ধরে তার চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং আক্রমণাত্মক স্লোগান দেওয়া রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের এই ধরনের আচরণ তাদের দীর্ঘদিনের অসহিষ্ণু ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির প্রকাশ।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে-বিদেশে জুলাইয়ের নেতৃত্ব ও শক্তিকে হেনস্তা এবং অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে। জেনেভা, লন্ডন ও নিউইয়র্কে জুলাইয়ের নেতৃবৃন্দের ওপর হামলা ও হেনস্তার ঘটনা একই ধারাবাহিকতার ইঙ্গিত বহন করছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, ‘জুলাই গণহত্যা ও দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অপরাধের বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকে তারা প্রবাসে বসেও বিভ্রান্তি, অপপ্রচার, উসকানিমূলক ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।’

তিনি বলেন, এসব অপতৎপরতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।

নিউইয়র্কের ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি ঘটনার তথ্যপ্রমাণ উপস্থাপন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চাওয়ার কথাও বলেন।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ জুলাই গণহত্যার মামলায় অভিযুক্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা, আইনি সহযোগিতা ও প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদারের আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, সরকার কেবল বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করতে পারে না। এ ক্ষেত্রে দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা ও কার্যকর আইনি পদক্ষেপ নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র ও জবাবদিহির আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তা বাস্তবায়নে রাষ্ট্রকে দৃঢ় ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং জুলাই গণহত্যার দায়ীদের শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে রেলপথ মন্ত্রণালয়। এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ৮৩ হাজার ৯০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান।

রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে উপদেষ্টা বলেন, ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রেলপথ মন্ত্রণালয়। ৮১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ পুরোপুরি এলিভেটেড হবে।

তিনি উল্লেখ করেন, ‘এতে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার, ফলে ঢাকা থেকে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা হ্রাস পাবে। পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের পর প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে চার বছর।’

এলপিজির সরবরাহ ও বাজার তদারকিতে ডিসিদের নির্দেশনা

এলপিজির দামের ক্ষেত্রে কিছু এলাকায় অস্থিরতা রয়েছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার ও জ্বালানি মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসকদের সঙ্গে জ্বালানি বিভাগের একটি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কয়েকটি পদক্ষেপ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

‘প্রত্যেক জেলা প্রশাসককে তার অধিক্ষেত্রে কর্মরত সব এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট অপারেটরের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ও মাস্টার ডিস্ট্রিবিউটর কত পরিমাণ এলপিজি পেয়েছেন, সেই তথ্য পরিমাণসহ সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্যে সংশ্লিষ্টদের বিস্তারিত পরিচয়ও থাকতে হবে।’

জেলা প্রশাসকদের অবিলম্বে জেলার বিদ্যমান এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারদের সঙ্গে সভা করে সরবরাহ, বিতরণ ও বাজারজাতকরণের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।

এলপিজি সরবরাহের পুরো চ্যানেল অনুসরণ করে তথ্য সংগ্রহ করতে হবে, যাতে সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের শনাক্ত ও যাচাই করা যায়। কোনো অপারেটর, ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটরের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের ডিলারের পাওয়া তথ্যের উল্লেখযোগ্য অসামঞ্জস্য দেখা গেলে তা পৃথকভাবে চিহ্নিত করতে হবে।

এলপিজি সরবরাহে অস্বাভাবিক ঘাটতি, সরবরাহ চ্যানেলে বিচ্যুতি অথবা অপারেটর থেকে ডিলার পর্যায় পর্যন্ত সরবরাহ করা পরিমাণে উল্লেখযোগ্য অসামঞ্জস্য পাওয়া গেলে জেলা প্রশাসককে বিষয়টি জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হলে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে বলেও জানান জাহেদ উর রহমান।

উপদেষ্টা বলেন, ‘আমরা আশাকরি, জ্বালানি নিয়ে কিছুটা অস্থিরতা যেটা আছে, এলপিজি নিয়ে বিশেষ করে যেটা মানুষের খুব বেসিক একটা নিড, হাউজহোল্ড একটা প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল জিনিস আমরা এভাবে বলব, সে সংকট কেটে যাবে।’

২০৩০ সালের মধ্যে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার উদ্যোগ

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের খাদ্য সংরক্ষণ বা মজুতের সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ সক্ষমতা ২৪ লাখ টনের কিছু বেশি।

বর্তমান সক্ষমতার মধ্যে প্রায় ৯২ হাজার টন বিভিন্ন কারণে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এর মধ্যে পুরোনো অবকাঠামো ও নদীভাঙনের মতো বিষয় রয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলেন, বর্তমানে খাদ্য মজুতের সক্ষমতা ২৪ লাখ টনের কিছু বেশি। ২০৩০ সালের মধ্যে তা ৩৪ লাখ টনে উন্নীত করা হবে।

৬০টি ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ৬০টি ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২১টি ডে কেয়ার সেন্টারের কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, নারীরা এখন ক্রমবর্ধমান হারে কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছেন। কর্মজীবী নারীদের সন্তানদের দেখাশোনা করা একটি বড় সংকট। বেসরকারি পর্যায়ে যেসব ডে কেয়ার সেন্টার রয়েছে, সেগুলোর মধ্যে ভালোমানের প্রতিষ্ঠানগুলো বেশ ব্যয়বহুল। ফলে কম আয়ের অনেক নারী ও মা এসব সেবা নিতে পারেন না।

সরকারি উদ্যোগে ডে কেয়ার সেন্টার চালু হলে তা মায়েদের জন্য বড় সহায়তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ক্রিটিক্যালিটি অর্জন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে জাহেদ উর রহমান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছে। ২০২৬ সালের ১১ অক্টোবর বিকেল ৩টা ৩৪ মিনিটে ইউনিটটির রিঅ্যাক্টরে সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জিত হয়।

তথ্য উপদেষ্টা বলেন, ‘এর মাধ্যমে রিঅ্যাক্টরের কোরে স্বয়ংসম্পূর্ণ ও টেকসই নিউক্লিয়ার ফিশন চেইন রিঅ্যাকশন শুরু হয়েছে। ক্রিটিক্যালিটি অর্জনের পর চুল্লিপাত্রের গুরুত্বপূর্ণ সব মাপকাঠি নির্ধারিত সীমার মধ্যে রয়েছে এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া চালু হয়েছে।’

তিনি বলেন, খুব দ্রুতই প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ করা হবে। শুরুতে অল্প পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে, পরে তা পর্যায়ক্রমে বাড়ানো হবে। বাংলাদেশের বিদ্যুৎ সংকটের সময়ে এটি নিশ্চয়ই একটি ভালো খবর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দ্বারা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য প্রকাশ করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বহিষ্কৃত শিক্ষার্থী সৈকত হালদার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) ছাত্র। তার ক্লাস রোল ১১৮৬ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২২২০৫৫৭৯২। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচিত।

আদেশে আরও বলা হয়েছে, ওই শিক্ষার্থীর মন্তব্যের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের তদন্তের জন্য সুপারিশসহ প্রতিবেদন দিতে একই অধ্যাদেশের ২(গ) ধারা অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো. আলমগীর কবির। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ।

অফিস আদেশে তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%